• ই-পেপার

বলাকইড় পদ্মবিল, হাতছানি দেয় ভ্রমণ পিপাসুদের

ধর্মমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিলের অনুদান পেল মুরাদনগরের ৪৭ ব্যক্তি-প্রতিষ্ঠান

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
ধর্মমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিলের অনুদান পেল মুরাদনগরের ৪৭ ব্যক্তি-প্রতিষ্ঠান
ছবি : কালের কণ্ঠ

কুমিল্লার মুরাদনগরে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইনের (কায়কোবাদ) স্বেচ্ছাধীন তহবিল থেকে ৪৭ ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে ১০ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। শনিবার (১১ জুলাই) উপজেলা প্রশাসনের আয়োজনে কবি নজরুল মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে অসচ্ছল ব্যক্তি, দুস্থ পরিবার এবং বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিদের এসব অনুদান দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম সারোয়ার রাব্বী। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী কাজী জুন্নুন বসরী।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা বরুণ চন্দ্র দে’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খান ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. সফিকুল ইসলাম।

এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন, সদস্যসচিব মোল্লা মজিবুল হক, উপজেলা যুবদলের সদস্য সচিব সৈয়দ হাসান আহমেদ, উপজেলা কৃষক দলের সভাপতি নায়েব আলী, উপজেলা যুবদলের সদস্য মাসুম মুন্সিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। ধর্মমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিলের এ সহায়তা অসহায় মানুষের জীবনে ইতিবাচক ভূমিকা রাখবে। 

বারহাট্টায় ১ হাজার ৯০০ কৃষকের মাঝে বিনা মূল্যে বীজ-সার বিতরণ

বারহাট্টা (নেত্রকোণা) প্রতিনিধি
বারহাট্টায় ১ হাজার ৯০০ কৃষকের মাঝে বিনা মূল্যে বীজ-সার বিতরণ
ছবি : কালের কণ্ঠ

নেত্রকোনার বারহাট্টায় ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-২ মৌসুমে উফশী রোপা আমন ধান ও শাক-সবজির আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১ হাজার ৯০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

শনিবার (১১ জুলাই) দুপুরে উপজেলা অফিসার্স ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে এ কর্মসূচির উদ্বোধন করেন নেত্রকোনা-২ (বারহাট্টা-নেত্রকোনা) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক।

এ উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিনা আক্তারের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শারমিন সুলতানা, বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম, জেলা কৃষকদলের সভাপতি সালাহ উদ্দিন মিলকি, উপজেলা বিএনপির সভাপতি মোস্তাক আহমেদ, সাধারণ সম্পাদক আশিক আহমেদ কমল, সিনিয়র সহসভাপতি আক্কাছ আলী, সদস্য বীর মুক্তিযোদ্ধা রহমত আলী তালুকদার, সদস্য মানিক আজাদ এবং বারহাট্টা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল হক ফারুক।

অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তি এবং কৃষকরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক বলেন, অতীতে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণে নানা অনিয়ম ছিল। এবার প্রকৃত কৃষকদের হাতে সরকারি সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। কৃষকদের উন্নয়নে সরকারের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শারমিন সুলতানা জানান, চলতি মৌসুমে প্রত্যেক কৃষককে ৫ কেজি উফশী আমন ধানের বীজ এবং ২০ কেজি বিভিন্ন ধরনের সার বিনামূল্যে দেওয়া হচ্ছে। পাশাপাশি চাষাবাদের পুরো সময়জুড়ে কৃষি বিভাগের কর্মকর্তারা প্রয়োজনীয় পরামর্শ ও কারিগরি সহায়তা প্রদান করবেন।

চট্টগ্রামে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার
ছবি : কালের কণ্ঠ

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি ৯ এমএম পিস্তল উদ্ধার করেছে পুলিশ। অস্ত্রটি ব্রাজিলের তৈরি বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

শনিবার (১১ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন।

পুলিশ জানায়, শুক্রবার (১০ জুলাই) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে কর্ণফুলী থানার চরলক্ষ্যা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সৈন্যারটেক পুল এলাকার চার রাস্তার মোড়সংলগ্ন একটি ঝোপে বিশেষ অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ৯ এমএম পিস্তল উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া অস্ত্রটির সঙ্গে কোনো ম্যাগাজিন পাওয়া যায়নি। পিস্তলটির বাট প্লাস্টিকের এবং বডি লোহার তৈরি। এ ছাড়া ট্রিগার ও ফায়ারিং পিন অক্ষত অবস্থায় রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, উদ্ধার হওয়া অস্ত্রটি ব্রাজিলের টরাস (Taurus) কম্পানির তৈরি ৯ এমএম ক্যালিবারের একটি আধা-স্বয়ংক্রিয় পিস্তল। প্রাথমিকভাবে এটি এ-৩ সিরিজের একটি মডেলের সঙ্গে সাদৃশ্যপূর্ণ বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশে বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতেও এ ধরনের পিস্তল ব্যবহার করা হয়।

কর্ণফুলী থানার ওসি মো. ইখতিয়ার উদ্দিন বলেন, অস্ত্রটি পূর্বে কোনো থানা থেকে লুট হওয়া কি না, কিংবা কোনো সরকারি সংস্থার বরাদ্দকৃত অস্ত্র কি না, তা নিশ্চিত হতে প্রযুক্তিগত পরীক্ষা ও তদন্ত চলছে। ব্যালিস্টিক পরীক্ষা ও তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

টেকনাফে পাহাড় থেকে পড়ে আহত বন্যহাতি

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
টেকনাফে পাহাড় থেকে পড়ে আহত বন্যহাতি
ছবি : কালের কণ্ঠ

কক্সবাজারের টেকনাফে পাহাড়ি ঢাল থেকে পিছলে পড়ে একটি বন্যহাতি গুরুতর আহত হয়েছে। বন বিভাগ ও উপজেলা প্রাণিসম্পদ বিভাগের সমন্বয়ে ঘটনাস্থলেই হাতিটির চিকিৎসা চলছে। উন্নত চিকিৎসার জন্য ডুলাহাজারা সাফারি পার্কের বিশেষজ্ঞ ভেটেরিনারি চিকিৎসকদেরও ডাকা হয়েছে।

শনিবার (১১ জুলাই) বিকেল ৩টার দিকে টেকনাফ পৌরসভার নাইট্যাংপাড়া এলাকার ১ নম্বর ওয়ার্ডের একটি পাহাড়ে এ ঘটনা ঘটে।

টেকনাফ রেঞ্জের বন বিভাগের কর্মকর্তা আবদুর রশিদ জানান, খবর পেয়ে বন বিভাগের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আহত হাতিটির চিকিৎসার ব্যবস্থা করে। প্রাণিসম্পদ বিভাগের ভেটেরিনারি চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিচ্ছেন। কয়েক দিন নিবিড় পর্যবেক্ষণ ও চিকিৎসা চালিয়ে যেতে পারলে হাতিটি সুস্থ হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

ঘটনাস্থল পরিদর্শন শেষে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. অনীক চৌধুরী বলেন, পাহাড় থেকে পড়ে হাতিটি গুরুতর আহত হয়েছে। বর্তমানে এটি মাটিতে শুয়ে রয়েছে এবং খুব সামান্য নড়াচড়া করতে পারছে। বিশেষ করে পেছনের দুই পায়ে গুরুতর আঘাত লাগায় সেগুলো নড়াতে পারছে না। এ ছাড়া পেটেও আঘাতের চিহ্ন রয়েছে।

তিনি আরো বলেন, দুর্গম পাহাড়ি এলাকায় থাকায় হাতিটিকে অন্য কোথাও সরিয়ে নেওয়া সম্ভব নয়। তাই ঘটনাস্থলেই চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কের অভিজ্ঞ ভেটেরিনারি চিকিৎসকদের একটি দল ঘটনাস্থলে আসছেন। হাতিটি সুস্থ হয়ে উঠলে বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী আবার বনে অবমুক্ত করা হবে।

বলাকইড় পদ্মবিল, হাতছানি দেয় ভ্রমণ পিপাসুদের | কালের কণ্ঠ