• ই-পেপার

পে স্কেলের পাশাপাশি রেশন চালুর উদ্যোগ, যারা পাবেন সুবিধা

প্রতিমন্ত্রী শাহে আলম

বাংলাদেশকে সিঙ্গাপুর-কানাডা নয়, পরিচ্ছন্ন-বাসযোগ্য করতে চাই

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশকে সিঙ্গাপুর-কানাডা নয়, পরিচ্ছন্ন-বাসযোগ্য করতে চাই

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, ‘আমরা বাংলাদেশকে সিঙ্গাপুর বা কানাডা নয়, বরং একটি পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য দেশে পরিণত করতে চাই। এ লক্ষ্য বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’

শনিবার (১১ জুলাই) প্রধানমন্ত্রীর নির্দেশনায় সাভারের আমিনবাজার এলাকায় মহাসড়কের দুই পাশে চলমান বর্জ্য অপসারণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং বৃক্ষরোপণ কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। এ সময় ঢাকার জেলা প্রশাসক ফরিদা খানম উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী জানান, আমিনবাজার থেকে হেমায়েতপুর পর্যন্ত মহাসড়কের দুই পাশ দীর্ঘদিন ধরে বর্জ্য ও অব্যবস্থাপনার কারণে অপরিচ্ছন্ন অবস্থায় ছিল। বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসার পর তার নির্দেশে ঢাকা জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রায় ১ দশমিক ২ কিলোমিটার এলাকায় বর্জ্য অপসারণ, পরিবেশ পরিচ্ছন্নকরণ এবং মহাসড়কের দুই পাশে নিমগাছের চারা রোপণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে প্রায় ২০ বছর পর প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকা-আরিচা মহাসড়কের এ অংশ দুর্গন্ধমুক্ত হবে।

তিনি আরো বলেন, ‘বৃষ্টির পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত রাস্তাগুলো সংস্কার করা হবে। একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে যেখানে-সেখানে বর্জ্য ফেলা থেকে বিরত থাকতে হবে।’

সাভার পৌরসভা এলাকার বাসিন্দা, ব্যবসায়ী এবং সংশ্লিষ্ট সবার প্রতি নির্ধারিত ভাগাড়ে বর্জ্য ফেলার আহ্বান জানিয়ে তিনি বলেন, পরিবেশ সংরক্ষণ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তোলার দায়িত্ব সরকার ও জনগণের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই সফল হবে।

জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, ‘প্রধানমন্ত্রীর পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলার যে সুদূরপ্রসারী উদ্যোগ, তা বাস্তবায়নে জেলা প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।’

তিনি আরো বলেন, এখানে আমিনবাজার ভাঙ্গা ব্রিজ এলাকার ১.২ কিলোমিটার রাস্তার বর্জ্য পরিষ্কার করে ১৫ ফিট বালু দিয়ে নেটিং করে ব্যারিকেড দিয়ে নিম গাছের চারা রোপণ করা হবে।

ঢাকার মার্কিন দূতাবাস

সরকারি সহায়তা বেশি নিচ্ছেন বাংলাদেশিরা, তাই যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসা স্থগিত

অনলাইন ডেস্ক
সরকারি সহায়তা বেশি নিচ্ছেন বাংলাদেশিরা, তাই যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসা স্থগিত

বাংলাদেশি নাগরিকদের জন্য অভিবাসী ভিসা (ইমিগ্র্যান্ট ভিসা) দেওয়া স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। চলতি বছরের ২১ জানুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। কারণ হিসেবে বলা হয়েছে, অভিবাসীরা যুক্তরাষ্ট্রের সরকারি সহায়তার ওপর বেশিমাত্রায় নির্ভরশীল হয়ে পড়েন।

শনিবার (১১ জুলাই) এক বিজ্ঞপ্তিতে ঢাকার মার্কিন দূতাবাস বলেছে, যুক্তরাষ্ট্রের করদাতাদের প্রতি আমাদের দায়িত্ব হলো অভিবাসীরা যাতে অবৈধভাবে সরকারি কল্যাণমূলক সুবিধা গ্রহণ না করেন বা যুক্তরাষ্ট্রের ওপর সরকারি সহায়তার বোঝা হয়ে না দাঁড়ান তা নিশ্চিত করা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্মরণ করিয়ে দেওয়া যাচ্ছে যে গত ২১ জানুয়ারি বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করা হয়েছে। কারণ বাংলাদেশের নাগরিকদের মধ্যে যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণমূলক সুবিধা ব্যবহারের হার বেশি।

এতে আরো বলা হয়, এই স্থগিতাদেশের ফলে আমাদের যাচাই ও বাছাই নীতিমালা ও প্রক্রিয়াগুলোর পূর্ণাঙ্গ পর্যালোচনা করার সময় মিলবে, যাতে সেগুলো আমেরিকানদের স্বার্থকে অগ্রাধিকার দেয়।

স্থানীয় নির্বাচন

ভোটগ্রহণের ২৫ দিন আগে চূড়ান্ত হবে ভোটকেন্দ্র

অনলাইন ডেস্ক
ভোটগ্রহণের ২৫ দিন আগে চূড়ান্ত হবে ভোটকেন্দ্র
সংগৃহীত ছবি

এখন থেকে সব স্থানীয় সরকার নির্বাচনে ভোটগ্রহণের ২৫ দিন আগে ভোটকেন্দ্র চূড়ান্ত করবে নির্বাচন কমিশন (ইসি)। ‘স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫’ সংশোধন করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইসি কর্মকর্তারা।

শনিবার (১১ জুলাই) ইসি কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন।

সংশোধনীতে বলা হয়েছে, আগে জেলা পরিষদ ও উপজেলা পরিষদ নির্বাচনের ভোটকেন্দ্রের তালিকা ভোটগ্রহণের ১৫ দিন আগে চূড়ান্ত করতে হতো। এখন তার পরিবর্তে ২৫ দিন আগে চূড়ান্ত হবে।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, সিটি করপোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে আগে থেকেই ২৫ দিনের বিষয়টি ছিল। তাই জেলা পরিষদ ও উপজেলা পরিষদেও একই রকম নীতিমালা করা হয়েছে।

এদিকে নীতিমালায় সব স্থানীয় সরকার নির্বাচনে প্রতি ৬০০ পুরুষের জন্য একটি এবং প্রতি ৫০০ নারীর জন্য একটি বুথ রাখার বিষয় আনা হয়েছে।

আগামী আগস্টের মাঝামাঝি তফসিল ঘোষণা করে অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে ইউপি ও পৌরসভা নির্বাচনের মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা করছে ইসি। ইতিমধ্যে স্থানীয় সরকারগুলোর সীমানা বিন্যাস দ্রুত সম্পন্ন করতে সরকারকে চিঠি দিয়েছে কমিশন। একইসঙ্গে কোনো প্রতিষ্ঠানের প্রথম সভা কবে হয়েছে তাও জানাতে বলেছে সংস্থাটি। বর্তমানে ইউপি ব্যতিত অধিকাংশ স্থানীয় সরকার চলছে প্রশাসক দিয়ে।

আদর্শ শিক্ষক ছাড়া আলোকিত সমাজ গড়া সম্ভব নয় : রিজভী

অনলাইন ডেস্ক
আদর্শ শিক্ষক ছাড়া আলোকিত সমাজ গড়া সম্ভব নয় : রিজভী

আদর্শ শিক্ষক ছাড়া আলোকিত সমাজ গড়া সম্ভব নয়, মানসম্মত শিক্ষার অভাবই নৈতিক অবক্ষয় ও মাদক বিস্তারের অন্যতম কারণ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী।

শনিবার (১১ জুলাই) রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজে আয়োজিত বার্ষিক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘একটি জাতির ভবিষ্যৎ নির্ভর করে তার শিক্ষাব্যবস্থার ওপর। কিন্তু দক্ষ, প্রশিক্ষিত ও নিবেদিতপ্রাণ শিক্ষকের অভাবে কাঙ্ক্ষিত শিক্ষার পরিবেশ গড়ে উঠছে না। এর নেতিবাচক প্রভাব সমাজের সর্বস্তরে পড়ছে।’

রিজভী বলেন, ‘শিক্ষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণের ঘাটতি এবং পেশার প্রতি আগের মতো দায়বদ্ধতা না থাকায় শিক্ষার মান ক্রমেই কমে যাচ্ছে। দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক ছাড়া কখনোই আলোকিত ও মানবিক শিক্ষার্থী তৈরি করা সম্ভব নয়।’

তিনি আরো বলেন, ‘বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নিলেও মাঠপর্যায়ে দায়িত্বহীনতা ও আমলাতান্ত্রিক জটিলতার কারণে অনেক কর্মসূচির সুফল সাধারণ শিক্ষার্থী পর্যন্ত পৌঁছাচ্ছে না।’ বিশেষ করে স্কুল ফিডিং কর্মসূচিতে নিম্নমানের খাবার সরবরাহকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘শিশুদের খাদ্য নিয়ে যারা অনিয়ম করে তারা মানবতার শত্রু।’

রিজভী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ঘুষের মাধ্যমে শিক্ষক নিয়োগের সংস্কৃতির সমালোচনা করে বলেন, ‘যোগ্য ও মেধাবী শিক্ষক নিয়োগ নিশ্চিত না হলে শিক্ষার প্রকৃত উন্নয়ন সম্ভব নয়।’ তিনি মানসম্মত শিক্ষা নিশ্চিত করা প্রতিষ্ঠানগুলোকে রাষ্ট্রীয়ভাবে পুরস্কৃত ও স্বীকৃতি দেওয়ারও দাবি জানান।