উৎসবমুখর পরিবেশ আর স্মৃতিরোমন্থনের মধ্য দিয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ (জেএমসি) বিভাগ উদযাপন করল প্রতিষ্ঠার ২০ বছর। এ উপলক্ষে ‘আমাদের বছর কুড়ি’ নামে বিশেষ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শুক্রবার (১০ জুলাই) সাভারের বিরুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিভাগের ২০ বছর পূর্তি উদযাপন করা হয়। ‘বিশের বাঁশিতে সুদিন আসবে’ প্রতিপাদ্যকে ধারণ করে জেএমসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থী দুই দশকের অর্জন, স্মৃতি ও ভবিষ্যতের স্বপ্নকে উদযাপন করতে একত্রিত হন।
আরো পড়ুন
নিয়ম না মানার প্রবণতাই অপরিকল্পিত নগরায়ণের জন্য দায়ী : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিভাগের প্রতিষ্ঠাতা প্রধান অধ্যাপক ড. গোলাম রহমান বলেন, ‘একটি অ্যাকাডেমিক বিভাগের আসল সার্থকতা ফুটে ওঠে তার শিক্ষার্থীদের সাফল্যে। গত ২০ বছরে জেএমসি কেবল দক্ষ সাংবাদিক বা গণমাধ্যমকর্মী তৈরি করেনি, সমাজকে নেতৃত্ব দেওয়ার মতো দায়িত্বশীল নাগরিকও উপহার দিয়েছে।’
প্রধান অতিথির বক্তব্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান বলেন, ‘সাফল্যের কোনো নির্দিষ্ট ছক নেই। আমাদের সাবেক শিক্ষার্থীরা আজ দেশ-বিদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অবদান রাখছেন, যা বর্তমান শিক্ষার্থীদের জন্য বড় অনুপ্রেরণা। এই যোগাযোগকে আরো জোরদার করতে এবং কর্মসংস্থানের পথ সহজ করতে আমরা ‘অ্যালামনাই ৩৬০’ নামক একটি আধুনিক নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম চালু করছি, যা পুরো ডিআইইউ পরিবারকে এক সুতোয় বাঁধবে।’
আরো পড়ুন
পানিবন্দি তিন শতাধিক পরিবারের খাদ্য সহায়তা পৌঁছে দিলেন ইউএনও
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম ইকবাল, বর্তমান বিভাগীয় প্রধান ড. আফতাব হোসেন, অনুষ্ঠানের আহ্বায়ক ড. আব্দুল কাবিল খান, জেএমসি অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের সভাপতি প্রতীম সাহা ও সাধারণ সম্পাদক সাকিব মৃধা।
উদ্বোধনী পর্ব শেষে কেক কাটার মাধ্যমে বিভাগের ২০ বছর পূর্তি অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। এছাড়া বিভিন্ন ব্যাচের অ্যালামনাইরা তাদের কর্মজীবনের অভিজ্ঞতা তুলে ধরেন এবং বিভাগের স্মৃতিচারণ করেন।
আরো পড়ুন
ঢাকায় আসছে আইএমএফের প্রতিনিধিদল, পে স্কেলসহ আলোচনায় যেসব বিষয়
অনুষ্ঠানের আহ্বায়ক ড. কাবিল খান বলেন, ‘জেএমসি বিভাগের ২০ বছর পূর্তি আমাদের জন্য এক গর্বের মুহূর্ত। বিগত দুই দশক ধরে শুধু গ্র্যাজুয়েট তৈরি করিনি, বরং দেশের গণমাধ্যম ও যোগাযোগ খাতে দক্ষ, সৃজনশীল ও নেতৃত্বদানে সক্ষম মানবসম্পদ গড়ে তুলেছি। এই আয়োজনের মাধ্যমে প্রাক্তন শিক্ষার্থীদের এক সুতোয় গাঁথতে চাই, যা ভবিষ্যতে বিভাগকে আরো সমৃদ্ধ ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
বিভাগীয় প্রধান ড. আফতাব হোসেন বলেন, ‘যাত্রার শুরুতে এটি ছিল অল্পসংখ্যক শিক্ষার্থী নিয়ে গড়ে ওঠা একটি ছোট্ট বিভাগ। মাত্র ২০ বছরের পথচলায় আজ আমরা এক হাজারেরও বেশি প্রাক্তন শিক্ষার্থীর এক বৃহৎ পরিবার। আমাদের লক্ষ্য, দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা সাংবাদিকতা শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করা।’
আরো পড়ুন
আলোচনা চালিয়ে যেতে ইরানের অনুরোধে যুক্তরাষ্ট্র সম্মত : ট্রাম্প
অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সব সদস্যসহ জেএমসি বিভাগের শিক্ষক ও প্রায় ৪০ জন স্বেচ্ছাসেবকের অক্লান্ত পরিশ্রমে এবং প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের উচ্ছ্বসিত অংশগ্রহণের মধ্যে দিয়ে দিনব্যাপী অনুষ্ঠানটি শেষ হয়।
উল্লেখ্য, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার এক বছর পর ২০০৬ সালে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হয়। পরে বিভাগের নাম পরিবর্তন করে ‘সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ’ রাখা হয়। গত দুই দশকে বিভাগটি সাংবাদিকতা, টেলিভিশন, করপোরেট কমিউনিকেশন, জনসংযোগ, ডিজিটাল মিডিয়া এবং সৃজনশীল শিল্পে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।