• ই-পেপার

প্রাথমিক-মাধ্যমিকে ১৩৩ বই পরিমার্জন, আসছে চার নতুন বই

১০০ স্কুলে চালু হচ্ছে খান একাডেমির গণিত শিক্ষা প্রকল্প

অনলাইন ডেস্ক
১০০ স্কুলে চালু হচ্ছে খান একাডেমির গণিত শিক্ষা প্রকল্প
সংগৃহীত ছবি

দেশের মাধ্যমিক বিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের গণিত শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষকদের দক্ষতা বাড়াতে প্রথম ধাপে ৭টি জেলার মোট ১০০টি মাধ্যমিক বিদ্যালয়ে ১ বছর মেয়াদে ‘খান একাডেমি বাংলাদেশ’র কার্যক্রম বাস্তবায়নের অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি।

সম্প্রতি মাউশির পরিকল্পনা ও উন্নয়ন উইং থেকে জারি করা এক স্মারকে এ তথ্য জানানো হয়। সাজেদা ফাউন্ডেশনের আর্থিক ও কারিগরি সহযোগিতায় এই প্রকল্প বাস্তবায়িত হবে। ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদী, চাঁদপুর, কুমিল্লা ও পঞ্চগড়—এই ৭টি জেলার নির্বাচিত মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত এই কার্যক্রম চলবে। সাজেদা ফাউন্ডেশনের আবেদনের পরিপ্রেক্ষিতে মাউশি এই কর্মসূচির নীতিগত অনুমোদন ও সম্মতি জ্ঞাপন করেছে।

তবে প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে মাউশি বেশ কিছু কঠোর শর্তারোপ করেছে। শর্তানুযায়ী, শিক্ষা প্রতিষ্ঠানে এই কার্যক্রম পরিচালনাকালে জাতীয় ও ধর্মীয় চেতনা পরিপন্থি কোনো কাজ করা যাবে না। শ্রেণি কার্যক্রমে বা সাধারণ ক্লাস চলায় কোনো ধরনের বিঘ্ন ঘটানো যাবে না। জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারদের সহায়তায় বিদ্যালয়গুলো নির্বাচন করতে হবে এবং চূড়ান্ত তালিকার জন্য মাউশির অনুমোদন নিতে হবে।

এছাড়া প্রতি তিন মাস পর পর এবং বার্ষিক অগ্রগতি প্রতিবেদন মাউশি অধিদপ্তরে জমা দিতে হবে। মাউশি কর্তৃপক্ষ চাইলে যেকোনো সময় এই কার্যক্রম বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে। একই সঙ্গে প্রকল্প চলাকালীন সরকারকে দেওয়া স্বাস্থ্য ও সুরক্ষা বিধিমালা যথাযথভাবে অনুসরণ করতেও বলা হয়েছে।

শেকৃবি সাংবাদিক সমিতির নেতৃত্বে ফাহিম-মাহিন

শেকৃবি প্রতিনিধি
শেকৃবি সাংবাদিক সমিতির নেতৃত্বে ফাহিম-মাহিন
মো. তাহিরুল হাসান ফাহিম (বাঁয়ে) ও শাহেদ মাহমুদ মাহিন। সংগৃহীত ছবি

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (শেকৃবিসাস) ২০২৬-২৭ সেশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে চ্যানেল ২৪-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. তাহিরুল হাসান ফাহিম ও সাধারণ সম্পাদক পদে দৈনিক আমাদের সময়ের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শাহেদ মাহমুদ মাহিন নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (১০ জুলাই) শেকৃবিসাস কার্যালয়ে সদস্যদের প্রত্যক্ষ ভোটে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন শেষে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন শেকৃবিসাসের সাবেক সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. নজরুল ইসলাম। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সমিতির সাবেক সভাপতি মীর তাওহীদ-উল-ইসলাম ও সাবেক সাধারণ সম্পাদক মুহা. তাহাজ্জত আলী।

নবনির্বাচিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন দৈনিক কালের কণ্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সিফাতুল্লাহ আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে বাংলাদেশ পোস্টের প্রতিনিধি শেখ শোয়াইবুর রহমান, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম (ইনকিলাব), কোষাধ্যক্ষ রবিউল ইসলাম রাকিব (দ্য ডেইলি ক্যাম্পাস), দপ্তর সম্পাদক সাইদ আহম্মদ (জাগোনিউজ২৪) এবং তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মাকতুম আল মুহিত (বিডিএন৭১)।

এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন দৈনিক সমকালের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. কামরুল ইসলাম সজল, বাংলাদেশ প্রতিদিনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি তাসনিম আহমেদ তানিম ও দৈনিক আমার দেশের প্রতিনিধি সিরাজুদ্দৌলা আরাফাত।

অনার্সের ফল দেখা হলো না ববি শিক্ষার্থী সুমাইয়ার

ববি প্রতিনিধি
অনার্সের ফল দেখা হলো না ববি শিক্ষার্থী সুমাইয়ার

সামনের সপ্তাহে অনার্স পরীক্ষার ফল প্রকাশ হওয়ার কথা রয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থী সুমাইয়ার। সেই ফলাফলে ৩.৫০-এর বেশি সিজিপিএ অর্জনের প্রত্যাশা ছিল তার। কিন্তু সেই আনন্দ আর দেখা হলো না বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান ও তথ্যবিজ্ঞান বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের (১০ম ব্যাচ) এ শিক্ষার্থীর। নিয়তির নির্মম পরিহাসে সাফল্যের দোরগোড়ায় দাঁড়িয়েই চিরবিদায় নিলেন হাস্যোজ্জ্বল এই তরুণী।

শুক্রবার (১০ জুলাই) দুপুর আড়াইটায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে কার্ডিয়াক অ্যারেস্টে (হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে) সুমাইয়া শেষনিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৪ বছর। তার গ্রামের বাড়ি পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলায়।

জানা গেছে, সুমাইয়া শুধু পড়াশোনাতেই নয়, বিভিন্ন একাডেমিক কার্যক্রমেও ছিলেন অনন্য। তার প্রজেক্ট সুপারভাইজার এবং পরিসংখ্যান ও তথ্যবিজ্ঞান বিভাগের শিক্ষক আহসানুল হক সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করে জানান, সুমাইয়া তার প্রজেক্টের শিক্ষার্থী ছিলেন। ব্যাচের প্রেজেন্টেশনগুলোতে তিনি সবসময় সেরা পারফর্মারদের একজন ছিলেন।

শিক্ষাজীবনের সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও নতুন অধ্যায় শুরু করেছিলেন সুমাইয়া। সংসার ও ক্যারিয়ার নিয়ে যখন তার একরাশ স্বপ্ন, ঠিক তখনই অকাল মৃত্যু সব স্বপ্ন থামিয়ে দিল।

সুমাইয়ার অকাল প্রয়াণে তার পরিবার, সহপাঠী ও শিক্ষকদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

সহপাঠীরা জানান, তিনি অত্যন্ত হাস্যোজ্জ্বল, মিশুক ও বন্ধুসুলভ একজন মানুষ ছিলেন। তার এই আকস্মিক মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না তারা।

পরিবার ও সহপাঠীরা সুমাইয়ার রুহের মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন। একই সঙ্গে, জীবদ্দশায় তার কোনো ভুলত্রুটি হয়ে থাকলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানিয়েছেন।

শনিবার (১১ জুলাই) সকাল ১০টায় পিরোজপুর জেলার মঠবাড়িয়ায় তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

হবিগঞ্জ ও মৌলভীবাজারে আকস্মিক বন্যা

স্থগিত হচ্ছে না সিলেট বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক, সিলেট
স্থগিত হচ্ছে না সিলেট বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা
সংগৃহীত ছবি

সিলেট শিক্ষা বোর্ডের শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা বন্যার কারণে স্থগিত হচ্ছে না। শুক্রবার (১০ জুলাই) রাতে সিলেট বিভাগের চার জেলা প্রশাসক ও কেন্দ্র সচিবদের বৈঠক শেষে এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক চৌধুরী মামুন আকবর।

কালের কণ্ঠকে তিনি বলেন, ‘শনিবারের পরীক্ষা নিয়ে জরুরি বৈঠক আহ্বান করা হয়। বৈঠকে জেলা প্রশাসক ও কেন্দ্র সচিবরা আশ্বস্ত করেছেন সিলেট অঞ্চলে এখনো পরীক্ষা স্থগিত করার মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি। সে জন্য আপাতত পরীক্ষা স্থগিত করার কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। আগামীকাল রুটিন অনুযায়ী যথাসময়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এর আগে বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। হবিগঞ্জ ও মৌলভীবাজারে আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ায় সিলেট বোর্ডের পরীক্ষা স্থগিত হচ্ছে, এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে। অবশ্য সিলেট শিক্ষা বোর্ডের আওতাধীন দুই জেলায় বন্যার কারণে বিষয়টি নিয়ে বৈঠকে বসে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ।