• ই-পেপার

আলোচনা চালিয়ে যেতে ইরানের অনুরোধে যুক্তরাষ্ট্র সম্মত : ট্রাম্প

তেলের বাজারে অস্থিরতা, পাকিস্তানে বাড়তে পারে পেট্রোল ও ডিজেলের দাম

অনলাইন ডেস্ক
তেলের বাজারে অস্থিরতা, পাকিস্তানে বাড়তে পারে পেট্রোল ও ডিজেলের দাম
ছবি : রয়টার্স

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়তে থাকায় পাকিস্তানে পেট্রোল ও ডিজেলের দাম বাড়ার সম্ভাবনা দেখা দিয়েছে। দেশটির সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ জানিয়েছে, পেট্রোলের দাম লিটারপ্রতি ১৩ রুপি এবং হাই-স্পিড ডিজেলের দাম ১৪ রুপি পর্যন্ত বাড়তে পারে।

প্রতিবেদনে বলা হয়েছে, নতুন জ্বালানি মূল্য নির্ধারণের পর প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ চূড়ান্ত অনুমোদন দিতে পারেন। এর আগে ২৮ জুন আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলেও পাকিস্তান সরকার পেট্রোল ও হাই-স্পিড ডিজেলের ওপর পেট্রোলিয়াম শুল্ক বাড়িয়েছিল। তবে সে সময় খুচরা জ্বালানির দাম অপরিবর্তিত রাখা হয়।

পাকিস্তানের পেট্রোলিয়াম বিভাগের তথ্য অনুযায়ী, হাই-স্পিড ডিজেলের ওপর শুল্ক লিটারপ্রতি ৬.৫৭ রুপি বাড়িয়ে ৭৯.৫৪ রুপি করা হয়েছে। একই সঙ্গে পেট্রোলের ওপর শুল্ক ৩৯ পয়সা বাড়িয়ে ৬৬.৬৪ রুপি নির্ধারণ করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়তে থাকলে পাকিস্তানে জ্বালানির দাম আরো বৃদ্ধি পেতে পারে, যা পরিবহন ব্যয় ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে প্রভাব ফেলতে পারে। পাকিস্তানে কেরোসিন তেলের ওপর পেট্রোলিয়াম শুল্ক লিটারপ্রতি ২০.৩৬ রুপি অপরিবর্তিত রাখা হয়েছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলেও সেই সুবিধা সাধারণ ভোক্তাদের কাছে পুরোপুরি পৌঁছায়নি।

সরকার আগামী সপ্তাহের জন্য পেট্রোল ও ডিজেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়ার পর শুল্ক কাঠামোতে এই পরিবর্তন আনা হয়। তবে কেরোসিন তেলের দামে কিছুটা স্বস্তি দিয়েছে সরকার। দেশটির তেল ও গ্যাস নিয়ন্ত্রক কর্তৃপক্ষ (ওজিআরএ) কেরোসিনের দাম লিটারপ্রতি ৬.৮৫ রুপি কমিয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, কেরোসিন তেলের দাম লিটারপ্রতি ২৩৩.৯০ রুপি থেকে কমে ২২৭.০৫ রুপিতে নির্ধারণ করা হয়েছে। পাকিস্তানের পেট্রোলিয়াম বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, পেট্রোলিয়াম শুল্ক বৃদ্ধি শুধু পেট্রোল ও হাই-স্পিড ডিজেলের ক্ষেত্রে প্রযোজ্য হয়েছে। কেরোসিন তেলের ওপর শুল্কে কোনো পরিবর্তন আনা হয়নি।

সর্বশেষ এই সিদ্ধান্তের ফলে ভোক্তাদের পেট্রোল ও ডিজেলের জন্য আগের মতোই খুচরা মূল্য পরিশোধ করতে হবে। তবে পেট্রোল ও ডিজেলের ওপর শুল্ক বাড়ানোয় এ খাত থেকে সরকারের রাজস্ব আয় বৃদ্ধি পাবে।
 

যুক্তরাষ্ট্রের ওপর আমাদের বিন্দুমাত্র আস্থা নেই : বাঘের গালিবাফ

অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের ওপর আমাদের বিন্দুমাত্র আস্থা নেই : বাঘের গালিবাফ
ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। ছবি : রয়টার্স

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, গত মাসে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া সমঝোতা চুক্তি যুক্তরাষ্ট্র ভঙ্গ করলে তেহরান নিজেদের রক্ষায় পূর্ণ প্রস্তুতি নিয়ে জবাব দেবে।

শুক্রবার ইন্দোনেশিয়ার গণপরামর্শক পরিষদের স্পিকার আহমদ মুজানির সঙ্গে বৈঠকের বিষয়ে প্রকাশিত এক বার্তায় গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্রের প্রতি ইরানের কোনো আস্থা নেই। তিনি আরো দাবি করেন, সাম্প্রতিক শান্তি আলোচনা চলাকালে তিনি এই অবস্থানের কথা মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকেও জানিয়েছিলেন।

গালিবাফ বলেন, ‘আলোচনার সময় আমি যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টকে স্পষ্টভাবে বলেছি, আমরা আপনাদের ওপর কোনো আস্থা রাখি না। আমার মতে, শুধু সেই দেশই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে পারে, যে যুদ্ধের জন্য প্রস্তুত থাকে। আমরা কখনোই আমাদের দেশের প্রতিরক্ষার প্রস্তুতি বন্ধ করিনি। যুক্তরাষ্ট্র যদি কোনো সমঝোতা ভঙ্গ করে, তাহলে আমরা পূর্ণমাত্রার প্রতিরক্ষার জন্য প্রস্তুত। আমরা দৃঢ়ভাবে তাদের মোকাবেলা করব এবং ইরানি জনগণের অধিকার রক্ষায় পদক্ষেপ নেব।’

এই বক্তব্য এমন এক সময়ে এসেছে, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তেহরানের অনুরোধে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে রাজি হয়েছে। তবে ওয়াশিংটনের মতে, দুই দেশের মধ্যে কার্যকর থাকা যুদ্ধবিরতি এখন শেষ হয়ে গেছে।

ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘ইসলামিক রিপাবলিক অব ইরান আমাদের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে চেয়েছে। আমরা এতে সম্মত হয়েছি। তবে যুক্তরাষ্ট্র তাদের স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে যুদ্ধবিরতি শেষ।’

ট্রাম্পের এই মন্তব্যের মধ্যেই কাতারের মধ্যস্থতাকারীরা ইরানে পৌঁছেছেন। তাদের লক্ষ্য হলো, সাম্প্রতিক উত্তেজনা কমানো এবং যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা আবার শুরু করার পথ তৈরি করা।

সিএনএনের এক প্রতিবেদনে, বিষয়টি সম্পর্কে অবগত এক কূটনীতিকের বরাত দিয়ে বলা হয়েছে, এই সফরটি যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করেই পরিকল্পনা করা হয়েছে। প্রতিনিধিদলের বৈঠকে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা কমানো এবং দুই দেশের সম্ভাব্য নতুন আলোচনা শুরুর উপায় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
 

থাইল্যান্ডে নতুন প্রজাতির ডাইনোসর শনাক্ত, ঘাড়ের দৈর্ঘ্য ক্রিকেট মাঠের সমান

অনলাইন ডেস্ক
থাইল্যান্ডে নতুন প্রজাতির ডাইনোসর শনাক্ত, ঘাড়ের দৈর্ঘ্য ক্রিকেট মাঠের সমান
ছবি: রয়টার্স

থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলের কালাসিন প্রদেশে পাওয়া জীবাশ্ম থেকে নতুন এক প্রজাতির ডাইনোসর শনাক্ত করেছেন দেশটির জীবাশ্মবিজ্ঞানীরা। উদ্ভিদখেকো এই ডাইনোসরের নাম দেওয়া হয়েছে ‘উরাগাসরাস কালাসিনেনসিস’।

গবেষকদের ধারণা, এই ডাইনোসর প্রায় ১৫ কোটি বছর আগে পৃথিবীতে বসবাস করত। এর সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল অস্বাভাবিক লম্বা ঘাড়। প্রাণীটির ঘাড়ের দৈর্ঘ্য প্রায় ২০ মিটার বা ৬৬ ফুট পর্যন্ত হতে পারত। যা প্রায় একটি ক্রিকেট মাঠের দৈর্ঘ্যের কাছাকাছি। গবেষণাটির প্রধান লেখক থাইল্যান্ডের মহাসারাখাম বিশ্ববিদ্যালয়ের ড. আপিরাত নিলফানাফান বিবিসি থাইকে বলেন, পাওয়া জীবাশ্মটি বড় একটি সংগ্রহের অংশ। ২০০৮ সালে প্রথম এই জীবাশ্মের স্থানটি শনাক্ত করা হয়। তিনি জানান, ওই সময় স্থানীয় এক ব্যক্তি সাপের আঁশের মতো দেখতে কিছু জীবাশ্মের অংশ খুঁজে পান। পরে গবেষকরা ওই এলাকায় অনুসন্ধান শুরু করেন।

যে এলাকায় এই আবিষ্কার হয়েছে, সেই 'ফু নই' অঞ্চলটি শেষ জুরাসিক যুগের বিভিন্ন জীবাশ্মের জন্য পরিচিত। ওই স্থান থেকে পাওয়া জীবাশ্মের ৯০ শতাংশের বেশি ছিল ডাইনোসরের বিভিন্ন অংশ। গবেষক দল সেখানে অনুসন্ধান চালিয়ে ডাইনোসরের দাঁত, হাড় এবং শরীরের বিভিন্ন অংশের জীবাশ্ম সংগ্রহ করে। তবে নতুন প্রজাতি শনাক্ত করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে একটি বিশেষ পৃষ্ঠদেশের কশেরুকা বা মেরুদণ্ডের হাড়। গবেষকদের মতে, ওই কশেরুকায় থাকা বিশেষ বৈশিষ্ট্যই প্রমাণ করে যে এটি আগে শনাক্ত হওয়া কোনো ডাইনোসরের নয়, বরং সম্পূর্ণ নতুন একটি প্রজাতি। 

সিটি স্ক্যান পরীক্ষার মাধ্যমে বিজ্ঞানীরা জানতে পারেন, উরাগাসরাস কালাসিনেনসিস ছিল ‘সৌরোপড’ দলের ডাইনোসর। এটি ‘মামেনচিসাউরিডি’ পরিবারের সদস্য। মামেনচিসাউরিডি পরিবারের ডাইনোসরগুলো তাদের অত্যন্ত লম্বা ঘাড়ের জন্য পরিচিত ছিল। গবেষকদের ধারণা, এই লম্বা ঘাড়ের কারণে তারা গাছের উঁচু অংশের পাতাও সহজে খেতে পারত। এই পরিবারের বেশির ভাগ ডাইনোসরের জীবাশ্ম চীনে পাওয়া গেছে। তবে থাইল্যান্ডে এ ধরনের ডাইনোসরের জীবাশ্ম আবিষ্কার এটিই প্রথম। গবেষণায় আরো দেখা গেছে, ডাইনোসরটির হাড়ের ভেতরের গঠনেও বিশেষ বৈশিষ্ট্য ছিল। এর মধ্যে ছিল লামিনা নামের সহায়ক হাড়ের ওয়াই-আকৃতির বিন্যাস। 

ড. নিলফানাফান বলেন, ডাইনোসরটির হাড়ের ভেতরের বায়ুকুঠুরির গঠন অন্য কোনো পরিচিত ডাইনোসরের মতো নয়। এই বৈশিষ্ট্যই এটিকে আলাদা করেছে। তিনি জানান, নতুন একটি প্রজাতি শনাক্ত করার বিষয়টি নিশ্চিত হওয়ার পর তিনি এতটাই উত্তেজিত হয়ে পড়েছিলেন যে নিজের কিবোর্ড ভেঙে ফেলেছিলেন। একই সঙ্গে তিনি তখন প্রচণ্ড আনন্দ ও স্বস্তি অনুভব করেছিলেন। গবেষণাটি চলতি সপ্তাহের শুরুতে আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী ‘নেচার’-এ প্রকাশিত হয়েছে। এর আগে চলতি বছরের মে মাসে থাইল্যান্ডে পাওয়া জীবাশ্ম থেকে আরেকটি লম্বা ঘাড়ের উদ্ভিদখেকো ডাইনোসরের সন্ধান পাওয়ার খবর প্রকাশিত হয়। ওই ডাইনোসরের নাম ‘নাগাটাইটান’। নাগাটাইটানকে দক্ষিণ-পূর্ব এশিয়ায় এখন পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে বড় ডাইনোসরগুলোর একটি হিসেবে বিবেচনা করা হয়। এর ওজন ছিল প্রায় ২৭ টন, যা নয়টি পূর্ণবয়স্ক এশীয় হাতির ওজনের সমান। এর দৈর্ঘ্য ছিল প্রায় ২৭ মিটার বা ৮৮ ফুট।

মাঝ আকাশে উড়োজাহাজের জানালা ভেঙে বের হয়ে গেল যাত্রীর মাথা

অনলাইন ডেস্ক
মাঝ আকাশে উড়োজাহাজের জানালা ভেঙে বের হয়ে গেল যাত্রীর মাথা
ছবি : রয়টার্স

গ্রিসের থেসালোনিকি থেকে জার্মানির মেমিঙ্গেনগামী রায়ানএয়ারের একটি বোয়িং ৭৩৭ বিমান শুক্রবার উড্ডয়নের কিছুক্ষণ পর বিপদের মুখে পড়ে। বিমানটির একটি জানালা খুলে গেলে এক যাত্রী আংশিকভাবে জানালার বাইরে চলে যান বলে বিমানবন্দরের দুটি সূত্র জানিয়েছে। ঘটনার পর বিমানটি জরুরি ভিত্তিতে থেসালোনিকি বিমানবন্দরে ফিরে এসে নিরাপদে অবতরণ করে।

সার্বিয়ান গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বিমানের অন্য যাত্রীরা দ্রুত তাকে ধরে ভেতরে টেনে আনেন। একজন যাত্রীর ভাষ্য অনুযায়ী, তাকে উদ্ধার করার আগে তার মাথা ও কাঁধ বিমানের বাইরে চলে গিয়েছিল।

রায়ানএয়ার জানিয়েছে, আকাশে উড়ন্ত অবস্থায় যাত্রীর আসনের পাশের একটি জানালা খুলে যাওয়ার কারণে বিমানটি ফিরে আসতে বাধ্য হয়। তবে জানালাটি কিভাবে খুলে গেল, তা এখনো জানা যায়নি।

জানালা দিয়ে আংশিকভাবে মাথা বাইরে বেরিয়ে যাওয়া সার্বিয়ার  ওই যাত্রীকে থেসালোনিকির এহেপা ইউনিভার্সিটি জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। সার্বিয়ান কনস্যুলেট জানিয়েছে, তিনি আহত হলেও তার জীবন ঝুঁকিতে নেই। চিকিৎসকেরা তার আঘাতের মাত্রা পরীক্ষা করে দেখছেন।

মার্কিন ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, বিমানটি ছিল বোয়িং ৭৩৭ এনজি মডেলের, যা বর্তমান ৭৩৭ ম্যাক্স সিরিজের আগের সংস্করণ।

এদিকে বোয়িং জানিয়েছে, তারা ঘটনাটির তদন্তে সহযোগিতা করছে। প্রতিষ্ঠানটি আরো বলেছে, তারা রায়ানএয়ারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং প্রয়োজনীয় সহায়তা দিয়ে যাচ্ছে। ঘটনার বিস্তারিত তথ্য এবং বিমান ও ইঞ্জিনের নির্মাতা সম্পর্কে জানতে চেয়ে পাঠানো ইমেইলের জবাবে রায়ানএয়ার তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

তবে এক বিবৃতিতে রায়ানএয়ার জানায়, বিমানটি নিরাপদে অবতরণ করেছে এবং সব যাত্রীকে টার্মিনালে ফিরিয়ে আনা হয়েছে। গ্রিসের স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, উড্ডয়নের পরপরই ইঞ্জিনের একটি অংশ বিচ্ছিন্ন হয়ে একটি জানালায় আঘাত করে। এতে জানালাটি ভেঙে যায় এবং কেবিনের ভেতরের চাপ কমে যায়। ঘটনাটি সম্পর্কে অবগত বিমানবন্দরের দুটি সূত্রও রয়টার্সকে একই তথ্য দিয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ক্ষতিগ্রস্ত বোয়িং ৭৩৭ বিমানের ইঞ্জিনে গুরুতর ত্রুটি দেখা দিয়েছে এবং কয়েকটি ফ্যান ব্লেড অনুপস্থিত ছিল। বিশেষজ্ঞদের মতে, এ ধরনের ঘটনা সাধারণত ইঞ্জিনের ভেতরের কোনো অংশ ভেঙে বাইরের আবরণ ভেদ করে বেরিয়ে এলে ঘটে, যা আশপাশে ধ্বংসাবশেষ ছড়িয়ে দিতে পারে।

ফ্লাইট ট্র্যাকিং সেবা ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, শুক্রবার সকালে মেমিঙ্গেনগামী বোয়িং ৭৩৭ এনজি বিমানটিকে থেসালোনিকি বিমানবন্দরে ফিরে আসতে দেখা গেছে।

ফ্লাইট সংক্রান্ত তথ্য ও একটি সূত্রের বরাত দিয়ে জানা গেছে, একই বিমানটি বৃহস্পতিবার সন্ধ্যায় সারায়েভোগামী একটি ফ্লাইটেও উড্ডয়নের কিছুক্ষণ পর থেসালোনিকিতে ফিরে এসেছিল। তবে সে সময় কেন বিমানটি ফিরে এসেছিল, তা স্পষ্ট নয়।

মার্কিন ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) নিশ্চিত করেছে, শুক্রবারের ফ্লাইটে একটি জানালা ভেঙে গিয়েছিল। সংস্থাটি জানিয়েছে, তারা এ ঘটনার তদন্তে সহায়তা করতে প্রস্তুত।

এদিকে সার্বিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ভিডিওতে বিমানের ভেতরের অংশ এবং ক্ষতিগ্রস্ত জানালাটি দেখা গেছে। রায়ানএয়ারের সব বোয়িং ৭৩৭ এনজি বিমানে সিএফএম ইন্টারন্যাশনালের তৈরি সিএফএম৫৬ ইঞ্জিন ব্যবহার করা হয়। তবে ইঞ্জিন প্রস্তুতকারী প্রতিষ্ঠানটি এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।