• ই-পেপার

শ্বশুরবাড়িতে যুবকের রহস্যজনক মৃত্যু, ডোবা থেকে মরদেহ উদ্ধার

কুমেকে দায়িত্ব, প্রাইভেট হাসপাতালে সময় কাটে চিকিৎসকের

অনলাইন ডেস্ক
কুমেকে দায়িত্ব, প্রাইভেট হাসপাতালে সময় কাটে চিকিৎসকের

কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে অফিস চলাকালীন সময়ে রোগীদের পরীক্ষা-নিরীক্ষা না করে প্রাইভেট হাসপাতালে সময় দেওয়ার অভিযোগ উঠেছে রেডিওলজিস্ট ডা. শিব্বির আহমেদের বিরুদ্ধে। এতে প্রতিদিন শত শত রোগী বঞ্চিত হচ্ছে চিকিৎসা সেবা থেকে। এনিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সেবাপ্রত্যাশীরা।

অভিযুক্ত চিকিৎসককে কুমেক পরিচালক ও বিভাগীয় প্রধানের পক্ষ থেকে একাধিকবার সতর্ক করা হলেও গত দেড় বছর ধরে তিনি অফিস ফাঁকি দিয়ে একাধিক প্রাইভেট হাসপাতালে সময় দিচ্ছেন।      

সরেজমিন কুমেক হাসপাতালে গিয়ে দেখা যায়, সকাল থেকে বিশেষজ্ঞ চিকিৎসা সেবা নিতে কুমিল্লা, ফেনী, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে হাজার হাজার রোগী আসেন এ চিকিৎসালয়ে। এদের অনেকে রোগ নির্ণয়ের জন্য আল্ট্রাসাউন্ড পরীক্ষা করাতে হয়। দুঃখের বিষয় হলো এ বিভাগে দৈনিক ২০ জন রোগীর বেশি আল্ট্রাসাউন্ড পরীক্ষার সিরিয়াল নেওয়া হয় না। পরে রোগীদের কৌশলে তালের মাধ্যমে কুমেকের বাইরে অবস্থিত নির্দিষ্ট দুটি ডায়াগনস্টিক সেন্টারে পাঠানো হয় এবং বলা হয় সেখানে গেলে ডা. শিব্বির আহমেদকে দিয়ে পরীক্ষা করানো যাবে। 

গত সোমবার বেলা সাড়ে ১১টায় কুমেকের রেডিওলজি বিভাগে গিয়ে অভিযুক্ত ডা. শিব্বির আহমেদকে পাওয়া যায়নি। গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ১২টার দিকে কুমেক হাসপাতালের বিপরীতে অবস্থিত ইউনিক ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে ডা. শিব্বিরের সন্ধান মেলে। সেখানে কয়েকজন রোগী দেখে, ঠিক আধা ঘণ্টা পর হেলথ ভিউ ডায়াগনস্টিক সেন্টারে আল্ট্রাসাউন্ড করতে দেখা যায় তাকে।

এ সময় তিনি এ প্রতিবেদকের উপস্থিতি টের পেয়ে দ্রুত ডায়াগনস্টিক সেন্টার ত্যাগ করে সরকারি হাসপাতালে প্রবেশ করেন। এক পর্যায়ে তিনি নিজের ভুল স্বীকার করে প্রতিবেদকের কাছে ক্ষমা প্রার্থনা করে সংবাদ প্রকাশ না করতে অনুরোধ জানান। পরে একাধিক বহিরাগত দিয়ে ফোন করে অর্থনৈতিক প্রস্তাব করেন।  

নাম প্রকাশ না করার শর্তে রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগে একাধিক ব্যক্তি জানান, ডা. শিব্বির আহমেদ বেশির ভাগ সময় সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টার মধ্যে হসপিটালে আসেন। এরপর হাজিরা দিয়েই তিনি প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টার গিয়ে আল্ট্রাসাউন্ড পরীক্ষা করেন। পুনরায় সাড়ে ১০টার হাসপাতালে প্রবেশ করে কয়েকজন রোগী দেখে আবারও প্রাইভেটে গিয়ে রোগী দেখেন। এভাবে গত দেড় বছর যাবত তিনি প্রতিদিন ৫ থেকে ৭ বার ডিউটি রেখে ডায়াগনস্টিক সেন্টারে যান। বিষয়টি হাসপাতালে এখন ওপেন সিক্রেট। তিনি কুমিল্লার স্থানীয় বাসিন্দা হওয়ায় হওয়ায় কেউ তার বিরুদ্ধে মুখ খুলতে ভয় পান।    

চাঁদপুর থেকে আসান নাঈমা জান্নাত নামে এক সেবাগ্রহীতা বলেন, সকাল সোয়া ১১টায় আল্ট্রাসাউন্ডের টিকিটের জন্য গেলে সেখান থেকে বলা হয় ২০ জন জন হয়ে গেছে আর আল্ট্রা করানো যাবে না। তবে ইউনিক ও হেলথ ভিউ ডায়াগনস্টিক সেন্টারে গেলে ডা. শিব্বির আহমেদকে দিয়ে আল্ট্রাসাউন্ড পরীক্ষা করা যাবে। পরে বাধ্য হয়ে হেলথ ভিউ ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে ডা. শিব্বিরের মাধ্যমে আল্ট্রাসাউন্ড পরীক্ষা করি।  

কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের বিভাগীয় প্রধান ডা. মো. সালাউদ্দিন পাটোয়ারী বলেন, ডা. শিব্বির আহমেদকে একাধিকবার সতর্ক করা হয়েছে তিনি যেন অফিস চলাকালীন সময়ে বাহিরে প্রাইভেটে প্র্যাকটিস না করেন। কারণ এটি সরকারি চাকরিবিধি ও নিয়মমালার  কাজ। তার নিয়মবহির্ভূত কর্মকাণ্ডের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানানো হয়েছে।

এ বিষয়ে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. মো. শাহজাহান বলেন, ‘কয়েকদিন আগে রেডিওলোজী বিভাগে দায়িত্ব প্রাপ্তদের অফিস টাইমে বাহিরে গিয়ে রোগী না দেখার জন্য সতর্ক করা হয়েছে। এরপরও যেহেতু ডা. শিব্বির আহমেদের বিরুদ্ধে বাহিরে গিয়ে রোগী দেখার অভিযোগ উঠেছে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ পেলে তার বিরুদ্ধে বিধিমোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।’

পটিয়ায় ছিনতাইচক্রের ‘মূল হোতা’ বাদশা গ্রেপ্তার

ছিনতাইকৃত ১১ স্মার্টফোন ও ছোরা উদ্ধার

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
পটিয়ায় ছিনতাইচক্রের ‘মূল হোতা’ বাদশা গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীতে বাসে উঠে যাত্রীদের ছোরা দেখিয়ে মোবাইল ফোন ছিনতাইকারী একটি সংঘবদ্ধ চক্রের মূল হোতা হিসেবে পটিয়ার চিহ্নিত ছিনতাইকারী সাইফুল ইসলাম প্রকাশ বাদশাকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ। অভিযানে তার কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত একটি ছোরা এবং বিভিন্ন সময়ে ছিনতাই করা ১১টি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ফোনগুলোর মধ্যে ভুক্তভোগীর মোবাইল ফোনটিও রয়েছে।

পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের এম্পুমিয়ার বাড়ির বাসিন্দা মো. সাইফুল ইসলাম প্রকাশ বাদশা (৩৬)। তিনি ওই এলাকার শামসুল আলমের ছেলে বলে জানিয়েছেন পুলিশ। 

কোতোয়ালি থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত ৬ জুলাই সকালে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানা এলাকায় যাত্রীবেশে একটি বাসে উঠে কয়েকজন ছিনতাইকারী ছোরা দেখিয়ে এক যাত্রীর মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে কোতোয়ালি থানায় মামলা করা হয়। মামলার পর কোতোয়ালি থানার একটি বিশেষ টিম তথ্য-প্রযুক্তির সহায়তায় ছিনতাই চক্রের সদস্যদের শনাক্ত করে অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতায় গত ৯ জুলাই বিকেলে পটিয়া উপজেলার কোলাগাঁও এলাকায় অভিযান চালিয়ে চক্রের মূল হোতা সাইফুল ইসলামকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ছিনতাইয়ে ব্যবহৃত একটি ছোরা এবং ১১টি স্মার্টফোন উদ্ধার করা হয়।

পুলিশের তথ্যমতে, গ্রেপ্তার সাইফুল ইসলামের বিরুদ্ধে অস্ত্র, মাদক, চুরি, ছিনতাই ও ডাকাতির প্রস্তুতিসহ বিভিন্ন অপরাধে ২১টি মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি সংঘবদ্ধ ছিনতাইচক্রের সক্রিয় সদস্য হিসেবে চট্টগ্রাম মহানগরীর নিউ মার্কেট, স্টেশন রোডসহ বিভিন্ন এলাকায় ব্যবসায়ী, পথচারী এবং বাসযাত্রীদের টার্গেট করে ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

এদিকে, পটিয়ার সাইফুল ইসলাম প্রকাশ বাদশা পুলিশের হাতে গ্রেপ্তারের পর সংঘবদ্ধ ছিনতাইচক্রের মূল হোতা হিসেবে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক মন্তব্য করছেন অনেকেই। 

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, গ্রেপ্তার চিহ্নিত ছিনতাইকারী বাদশার দেওয়া তথ্যের ভিত্তিতে চক্রের অন্য সদস্যদের শনাক্ত করার চেষ্টা চলছে। একই সঙ্গে উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের কাছে ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

কৃষকদের সঙ্গে তথ্য প্রতিমন্ত্রীর মতবিনিময়, হিমাগার ও বিপণন কেন্দ্রের আশ্বাস

ময়মনসিংহ প্রতিনিধি
কৃষকদের সঙ্গে তথ্য প্রতিমন্ত্রীর মতবিনিময়, হিমাগার ও বিপণন কেন্দ্রের আশ্বাস
ছবি : কালের কণ্ঠ

ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী কৃষকদের সঙ্গে মতবিনিময় করে হিমাগার (কোল্ড স্টোরেজ), আধুনিক বিপণনকেন্দ্র স্থাপন এবং গ্রামীণ সড়ক উন্নয়নের আশ্বাস দিয়েছেন।

শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কালিয়াপাড়া বাজারে স্থানীয় কৃষকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ আশ্বাস দেন।

সভায় প্রতিমন্ত্রী বলেন, নান্দাইলে উৎপাদিত শসা একটি গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল। এর উৎপাদন ও বাজারজাতকরণে প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলা হলে কৃষকরা আরো লাভবান হবেন। কৃষকদের ন্যায্য দাবি বাস্তবায়নে সরকার কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।

মতবিনিময় সভায় কৃষকরা জানান, উৎপাদিত শসা সংরক্ষণ ও ন্যায্যমূল্য নিশ্চিত করতে এলাকায় একটি হিমাগার ও আধুনিক বিপণন কেন্দ্র স্থাপন জরুরি। পাশাপাশি দেশের বিভিন্ন বাজারে দ্রুত কৃষিপণ্য পরিবহনের সুবিধার্থে গ্রামীণ সড়ক সংস্কারের দাবিও জানান তারা।

জবাবে প্রতিমন্ত্রী কালিয়াপাড়া বাজার এলাকায় হিমাগার ও বিপণনকেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়ার পাশাপাশি কৃষিপণ্য পরিবহনের সুবিধার্থে গ্রামীণ সড়ক টেকসইভাবে সংস্কারের আশ্বাস দেন।

এর আগে দুই দিনের সফরে নিজ নির্বাচনী এলাকায় এসে তিনি বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করেন এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়সভায় অংশ নেন।

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার : কৃষিমন্ত্রী

কুমিল্লা (উত্তর) প্রতিনিধি
বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার : কৃষিমন্ত্রী
সংগৃহীত ছবি

দেশের যেসব এলাকায় কৃষকরা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন সরকার তাদের প্রয়োজনীয় সহায়তা দেবে বলে জানিয়েছেন কৃষি ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। 

শনিবার (১১ জুলাই) সকাল ১০ টার দিকে কুমিল্লা টাউন হল মাঠে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়ম নিয়ে প্রধানমন্ত্রীর অসন্তোষ প্রসঙ্গে কৃষিমন্ত্রী বলেন, ‘দীর্ঘদিনের লুটপাটের অভ্যাস অনেকের এখনো যায়নি। তবে সবাইকে জেনে রাখতে হবে, সরকার বৃক্ষরোপণ কর্মসূচি ঘোষণা করার পর প্রধানমন্ত্রী নিজেই এর অগ্রগতি নিয়মিত তদারকি করছেন। তাই এ কর্মসূচিতে অনিয়মের কোনো সুযোগ নেই।’

কুমিল্লা সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রুহুল আমিন বলেছেন, ‘কুমিল্লার  পরিবেশ সংরক্ষণ রক্ষা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার এ কর্মসূচিতে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ জরুরি। আমরা আশা করছি, মেলার সর্বস্তরের মানুষ আসবেন এবং তাদের পছন্দের বৃক্ষ ক্রয় করবেন।

এর আগে তিনি মেলার উদ্বোধনী উপলক্ষে একটি  বর্ণাঢ্য র্যালিতে অংশ নেন এবং র্যালি শেষে বিভিন্ন মেলার বিভিন্ন ফলজ ও বনজ স্টল পরিদর্শন করেন।  

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, জেলা প্রশাসক রোজী আক্তার, জেলা পুলিশ সুপার আনিসুজ্জামানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সরকারি দপ্তরের কর্মকর্তারা।