নারায়ণগঞ্জের সোনারগাঁয় ঝোপের ভেতর থেকে একটি বিদেশি পিস্তল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে র্যাব-১১।
শুক্রবার (১০ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটে সোনারগাঁ উপজেলার বড় চেঙ্গাইন এলাকায় পিস্তলটি উদ্ধার করা হয়।
র্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-১১-এর সিপিএসসি কম্পানির একটি বিশেষ আভিযানিক দল বড় চেঙ্গাইন এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় মাদক বিক্রির একটি স্পটে অবস্থানরত কয়েকজন ব্যক্তি আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থলের আশপাশে তল্লাশি চালিয়ে ঝোপের ভেতর থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।
নারায়ণগঞ্জ র্যাব-১১ কম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. নাঈম উল হক বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত আলামত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে। অস্ত্র ও মাদকের বিরুদ্ধে র্যাব-১১ এর ধারাবাহিক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’







