রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অ্যাগ্রোনমি অ্যান্ড অ্যাগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগে অন্তঃবিভাগ ফুটবল ম্যাচকে কেন্দ্র করে সিনিয়র ও জুনিয়র শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হল মাঠে বিভাগের প্রথম বর্ষ ও দ্বিতীয় বর্ষ শিক্ষার্থীদের মধ্যকার ম্যাচ চলাকালে এ ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও সংশ্লিষ্ট বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, বিভাগের অভ্যন্তরীণ ফুটবল টুর্নামেন্ট ‘অ্যাগ্রোনমি প্রিমিয়ার লীগ’-এর একটি ম্যাচে প্রথম বর্ষের দল ২-০ গোলে এগিয়ে ছিল। খেলার শেষ দিকে দ্বিতীয় বর্ষের এক খেলোয়াড়ের ফাউলের পর রেফারির একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে দুই পক্ষের শিক্ষার্থীদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে উভয় পক্ষের কয়েকজন শিক্ষার্থীর মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
পরে মাঠে উপস্থিত শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
বিভাগের শিক্ষার্থী মুজাহিদুল ইসলাম সায়েদ বলেন, ‘ম্যাচের শেষ দিকে রেফারির একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরে কিছু শিক্ষার্থীর উত্তেজিত আচরণের কারণে পরিস্থিতি হাতাহাতিতে রূপ নেয়। এরপর বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা মিলে পরিস্থিতি শান্ত করেন।’
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক গিয়াস উদ্দিন আহমেদ বলেন, ‘ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন অবগত হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট বিভাগের সিনিয়র শিক্ষার্থীরা নিজেদের মধ্যে বসে বিষয়টি সমাধানের চেষ্টা করছেন। এ জন্য তারা কিছুটা সময় চেয়েছেন।’
তিনি আরো বলেন, ‘বিভাগীয় উদ্যোগে সমাধান না হলে প্রক্টরিয়াল বডি বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।’





