• ই-পেপার

অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন পদক্ষেপ নিচ্ছে কুসিক

মিরসরাইয়ের সব পাহাড়ি ঝরনায় পর্যটক প্রবেশ নিষিদ্ধ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
মিরসরাইয়ের সব পাহাড়ি ঝরনায় পর্যটক প্রবেশ নিষিদ্ধ
সংগৃহীত ছবি

টানা বৃষ্টিপাত ও বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারৈয়াঢালা ন্যাশনাল পার্কের আওতাধীন সব পাহাড়ি ঝরনায় পর্যটক প্রবেশ অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করেছে বন বিভাগ। জননিরাপত্তার স্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে বারৈয়াঢালা রেঞ্জ কর্মকর্তা আশরাফুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে ইজারাদার প্রতিষ্ঠানকে সব ধরনের টিকিট বিক্রি বন্ধ রাখার পাশাপাশি কোনো দর্শনার্থীকে ঝরনায় প্রবেশ করতে না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে গত ৭ জুলাই থেকে ১০ জুলাই পর্যন্ত তিন দিনের জন্য ঝরনাগুলোতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। তবে আবহাওয়ার উন্নতি না হওয়ায় সেই নিষেধাজ্ঞার মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানো হয়েছে।

চট্টগ্রাম উত্তর বন বিভাগের আওতাধীন বারৈয়াঢালা ন্যাশনাল পার্কে মোট ১১টি ঝরনা রয়েছে। এর মধ্যে বর্তমানে ৯টিতে পর্যটন কার্যক্রম পরিচালিত হয়। উল্লেখযোগ্য ঝরনাগুলোর মধ্যে রয়েছে খৈয়াছড়া, নাপিত্তাছড়া, রূপসী, বাওয়াছড়া, সহস্রধারা ও সোনাইছড়া। বর্ষা মৌসুমে এসব ঝরনায় পর্যটকের ভিড় সবচেয়ে বেশি হলেও একই সময়ে দুর্ঘটনার ঝুঁকিও বেড়ে যায়।

বন বিভাগ সূত্র জানায়, পাথুরে ঝিরিপথ, খাড়া পাহাড়ি পথ, আকস্মিক পাহাড়ি ঢল এবং ঝরনার প্রবল স্রোতের কারণে বর্ষাকালে এসব এলাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। মিরসরাই ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, গত ছয় বছরে উপজেলার বিভিন্ন ঝরনায় ৩৭টি ছোট-বড় দুর্ঘটনায় সাতজন পর্যটক নিহত এবং অন্তত ৫১ জন আহত হয়েছেন।

ঝরনাগুলোর ইজারাদার প্রতিষ্ঠান মেসার্স থ্রি বি এন্টারপ্রাইজের শেয়ারহোল্ডার গিয়াস উদ্দিন বলেন, সরকারি নির্দেশনা পাওয়ার পর থেকেই সব ঝরনায় পর্যটক প্রবেশ বন্ধ রাখা হয়েছে। নিষেধাজ্ঞা প্রত্যাহার না হওয়া পর্যন্ত টিকিট বিক্রি ও পর্যটক প্রবেশ—দুটিই বন্ধ থাকবে।

বারৈয়াঢালা রেঞ্জ কর্মকর্তা আশরাফুল আলম বলেন, পাহাড়ি এলাকায় এখনো ভারি বৃষ্টিপাত হচ্ছে। এতে আকস্মিক ঢল, ঝরনায় প্রবল স্রোত এবং পাহাড়ধসের ঝুঁকি রয়েছে। তাই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সব ঝরনায় পর্যটক প্রবেশ বন্ধ থাকবে।

কুমিল্লায় গোমতী নদীর দুই পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ

কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় গোমতী নদীর দুই পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ
ছবি : কালের কণ্ঠ

কুমিল্লার গোমতী নদীর দুই পাড়ে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। প্রথম দিনের অভিযানে ৬০টির বেশি অবৈধ স্থাপনা অপসারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কুমিল্লা আদর্শ সদর উপজেলার ঝাঁকুনিপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, গোমতী নদীর দুই পাড়ে মোট ১৪৯টি অবৈধ স্থাপনা চিহ্নিত করা হয়েছে। পর্যায়ক্রমে সব স্থাপনা উচ্ছেদের পরিকল্পনা রয়েছে। প্রথম দিনের অভিযানে তালিকাভুক্ত স্থাপনাগুলোর মধ্যে ৬০টির বেশি স্থাপনা ভেঙে অপসারণ করা হয়। এ সময় এক্সকাভেটরসহ প্রয়োজনীয় যন্ত্রপাতি ব্যবহার করা হয় এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করেন।

অভিযানে নেতৃত্ব দেন কুমিল্লা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাশিয়াত আক্তার এবং কুমিল্লা পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ আশরাফুজ্জামান খান।

তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে গোমতী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও তীরবর্তী এলাকায় অবৈধভাবে দোকান, ঘর ও বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হয়েছে। এসব স্থাপনার কারণে বাঁধের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার পাশাপাশি নদীর স্বাভাবিক প্রবাহ ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। এ কারণে পূর্বপ্রস্তুত তালিকা অনুযায়ী দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে।’

এই প্রকৌশলী আরো বলেন, ‘এটি একদিনের অভিযান নয়। গোমতী নদীর তীর ও বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সম্পূর্ণ দখলমুক্ত না হওয়া পর্যন্ত পর্যায়ক্রমে এ অভিযান অব্যাহত থাকবে।’

সিলেটের নতুন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন

অনলাইন ডেস্ক
সিলেটের নতুন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন

সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পেয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব আব্দুল্লাহ আল মামুন। বৃহস্পতিবার (৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে এক প্রজ্ঞাপনে তাকে সিলেটের ডিসি হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে।

সিনিয়র সহকারী সচিব গোলাম মোরশেদের সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনকে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে বদলি ও পদায়ন করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে গত ২১ জুন সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করে সরকার। সেই সঙ্গে ওইদিন তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়। এরপর ২৮ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে কুমিল্লার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত মুহাম্মদ রেজা হাসানকে সিলেটের জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ দিয়েছিল সরকার।

এছাড়াও একই দিন জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারি করা পৃথক একটি প্রজ্ঞাপনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব রোজী আকতারকে কুমিল্লার নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়।

কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল স্বেচ্ছাসেবীর

আঞ্চলিক প্রতিনিধি, কুড়িগ্রাম
কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল স্বেচ্ছাসেবীর
সংগৃহীত ছবি

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ক্যান্সারে আক্রান্ত এক রোগীর চিকিৎসার জন্য আর্থিক সহায়তা সংগ্রহ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবেদ আলী (৩৮) নামের এক স্বেচ্ছাসেবীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে পৌর শহরের বদিজামাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবেদ আলী পৌরশহরের বদিজামাপুর এলাকার মোস্তা রহমানের ছেলে। তিনি এলাকায় সমাজসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় একজন স্বেচ্ছাসেবী হিসেবে পরিচিত ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, এলাকার এক ক্যান্সার রোগীর চিকিৎসা ব্যয়ের জন্য আর্থিক সহায়তা সংগ্রহে কয়েকজনের সঙ্গে একটি বাড়িতে যান আবেদ আলী। সহায়তা সংগ্রহের সময় বাড়ির উঠানে চার্জে থাকা একটি ব্যাটারিচালিত অটোরিকশার গায়ে হেলান দিলে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্যা হিল জামান বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। প্রাথমিক সুরতহাল শেষে এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা রুজু করা হয়েছে।