বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাই সনদ, সংবিধান সংশোধন এগুলো নিয়ে তর্ক-বিতর্ক হচ্ছে। তর্ক-বিতর্ক অবশ্যই ভালো, কিন্তু অপপ্রচার, মিথ্যা এবং রাজনৈতিক উদ্দেশ্যে এগুলো ব্যবহার করার চেষ্টা কখনোই ভালো হতে পারে না।

গতকাল শনিবার রাজধানীর শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে এক সভায় তিনি এসব কথা বলেন। জিয়া পরিষদের সাবেক চেয়ারম্যান, প্রখ্যাত চক্ষু চিকিৎসক অধ্যাপক মো. আব্দুল কুদ্দুসের স্মরণে সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, ‘সবচেয়ে বড় কথাটা হলো জুলাই সনদের প্রত্যেকটা জায়গায় আমরা ছিলাম। আমাদের যে স্বাক্ষর করেছেন, ‘আমি আর সালাহউদ্দিন (স্বরাষ্ট্রমন্ত্রী) সাহেব সব স্বাক্ষর করলাম। তার আগে জুলাই সনদ ঘোষণা করা হয়েছে, সেটাও আমরা একসঙ্গে ড্রাফট দিয়েছি। আমরা তো পরিষ্কার করে বলেছিলাম, আলোচনার মধ্যে যেগুলোতে আমরা একমত হব না, সেগুলোতে আমরা নোট অব ডিসেন্ট দেব। জুলাই সনদের মধ্যে তা আছে। তখনই কিন্তু আমরা প্রেস কনফারেন্স করে বলেছিলাম এ বিষয়ে। সে সময় সেখানে কতগুলো বিষয় থাকল যেগুলোতে আমরা একমত হইনি। কিন্তু তাঁরা বলে দিলেন এগুলো হবে আর এই নির্বাচনের পরই যাঁরা নির্বাচিত হবেন, তাঁরা সংবিধান সংস্কার পরিষদ গঠন করবেন। তিনি বলেন, ‘আমরা এটার (সংস্কার পরিষদ) সঙ্গে একেবারেই একমত হইনি। কারণ এটার কোনো নজির নেই। আমরা বলেছিলাম নির্বাচন হবে, নির্বাচিত সদস্যরা সংসদ গঠন করবেন, তাঁরাই সিদ্ধান্ত নেবেন। যা যা পরিবর্তন বা সংশোধন করার প্রয়োজন তাঁরাই সেটা করবেন। সেসব বিষয় নিয়ে এখন মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে।’