লক্ষ্মীপুরের রায়পুরে নিখোঁজ অটোরিকশাচালকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। জেলার রামগঞ্জে চুরির ঘটনায় নৈশপ্রহরী নিহত। ময়মনসিংহের মুক্তাগাছায় স্কুলছাত্রকে পিটিয়ে হত্যা করা হয়েছে। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় হামলায় আহত কৃষকদল নেতা মারা গেছেন। ঢাকার কেরানীগঞ্জে সেছলের হাতে বাবা খুন। বরিশালের বানারীপাড়ায় জেলেকে হত্যার অভিযোগ। লক্ষ্মীপুরের কমলনগরে কলেজছাত্রীকে হত্যার অভিযোগ। পটুয়াখালীর কলাপাড়ায় নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। ঝালকাঠির রাজাপুরে পুলিশ সদস্যের অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ উদ্ধার। ফরিদপুরের ভাঙ্গায় বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর—

লক্ষ্মীপুরের রায়পুরে নিখোঁজের ১৫ ঘণ্টা পর রাজিব হোসেন (১৪) নামের এক অটোরিকশাচালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের দাবি, লাখ টাকা মুক্তিপণ না দেওয়ায় তাঁকে হত্যা করা হয়েছে।

রামগঞ্জে নৈশপ্রহরীর লাশ উদ্ধার : জেলার রামগঞ্জে গত শুক্রবার রাতে স্বর্ণের দোকানে চুরির ঘটনায় নৈশপ্রহরী ফরিদ (৪৪) নিহত হয়েছেন। চাঁদপুরের হাজীগঞ্জে রাস্তার পাশ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়দের ধারণা, ডাকাতির ঘটনা দেখে ফেলায় তাঁকে অপহরণ করে হত্যা করা হয়েছে।

ময়মনসিংহে স্কুলছাত্র খুন : ময়মনসিংহের মুক্তাগাছায় সিয়াম (১৫) নামের এক স্কুলছাত্রকে পিটিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে মেলায় বন্ধুদের মধ্যে বিরোধের জেরে এ ঘটনা ঘটে।

পাকুন্দিয়ায় হামলার শিকার কৃষকদল নেতার মৃত্যু : কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সন্ত্রাসী হামলায় আহত কৃষকদল নেতা মো. সাদ্দাম হোসেন (৩২) চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে মারা গেছেন। গত বছরের সেপ্টেম্বরে হামলার শিকার হন তিনি।

কেরানীগঞ্জে সেছলের হাতে বাবা খুন : ঢাকার কেরানীগঞ্জে শুক্রবার ভোরে সেছলের হাতে মো. শাহী ইসলাম (৭০) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। সেছলে আলামিনকে (২৬) আটক করেছে পুলিশ।

বানারীপাড়ায় জেলেকে হত্যা : বরিশালের বানারীপাড়ায় হাবিবুর রহমান মোল্লা (৫০) নামের এক জেলেকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাতের এ ঘটনায় তাঁর স্ত্রী ও ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কমলনগরে কলেজছাত্রী হত্যার অভিযোগ : লক্ষ্মীপুরের কমলনগরে নুসরাত জাহান সুমাইয়া (২১) নামের এক কলেজছাত্রীকে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। তাঁর স্বামী সজীব আহমেদ জয়কে আটক করা হয়েছে।

কলাপাড়ায় নারী পুলিশ সদস্যের মৃত্যু : পটুয়াখালীর কলাপাড়ায় মেহেরুন্নেছা উর্মী (২৮) নামের এক নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

ঝালকাঠিতে অন্তঃসত্ত্বা নারীর মরদেহ : ঝালকাঠির রাজাপুরে শুক্রবার রাতে পুলিশ সদস্যের অন্তঃসত্ত্বা স্ত্রী মনি আক্তারের (২৫) লাশ উদ্ধার করা হয়েছে।

ভাঙ্গায় বৃদ্ধের লাশ : ফরিদপুরের ভাঙ্গায় আড়িয়াল খাঁ নদ থেকে নির্মল মালো (৬০) নামের এক বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।