সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-ভারতের সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন বাঁথে। তাঁর মতে, এই অগ্রগতি ধরে রাখার জন্য জরুরি হলো পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়ার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নেওয়া। গতকাল শনিবার ঢাকার উত্তরায় গ্যালারি কায়াতে একটি প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। কায়াতে শিল্পী রণজিৎ দাসের ৬৫টি ছবি নিয়ে একক শিল্প প্রদর্শনী শুরু হয়েছে।

ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, দুই দেশের মধ্যে সীমান্ত সহযোগিতা, অবকাঠামো উন্নয়ন এবং আঞ্চলিক সংযোগ বৃদ্ধিতে যৌথ উদ্যোগ ফলপ্রসূ হয়েছে।

পবন বাঁথে বলেন, পারস্পরিক আস্থা, সহযোগিতা এবং নিয়মিত সংলাপের মাধ্যমেই দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাতে পারে। দুই দেশের জনগণের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি, সাংস্কৃতিক বিনিময় এবং তরুণ প্রজন্মের অংশগ্রহণ বাড়লে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো শক্তিশালী হবে। এ ক্ষেত্রে গণমাধ্যম, শিক্ষাপ্রতিষ্ঠান এবং বেসরকারি খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি বলেন, উভয় দেশের যৌথ উদ্যোগ দক্ষিণ এশিয়ায় স্থিতিশীলতা ও সমৃদ্ধি নিশ্চিত করতে সহায়ক হবে।

ভারপ্রাপ্ত হাইকমিশনার বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে আঞ্চলিক সহযোগিতা আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরো কার্যকর ও টেকসই করতে সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে।