দীর্ঘ আট বছর পর ঝালকাঠি জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সৈয়দ আলী হাসানকে আহ্বায়ক এবং সাইদুল ইসলাম রনিকে সদস্য সচিব করে সাত সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।

শনিবার (২ মে) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।

এক মাসের মধ্যে আহ্বায়ক কমিটিকে পূর্ণাঙ্গ কমিটি করে কেন্দ্রে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

কমিটির অন্যরা হলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহম্মেদ সালাহউদ্দীন, যুগ্ম আহ্বায়ক যুবায়ের তালুকদার মিসকাত, কেশব সুমন সরকার, তাওহিদ হোসেন ও মো. মুবিনুল ইসলাম সাদ্দাম।

২০১৮ সালের ৫ জুন মো. আরিফুর রহমানকে সভাপতি ও গিয়াস সরদার দিপুকে সাধারণ সম্পাদক করে ঝালকাঠি জেলা ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছিল। এ কমিটি দীর্ঘদিন সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন বলে বিএনপির জ্যেষ্ঠ নেতারা জানিয়েছেন।

নতুন আহ্বায়ক কমিটিকে অভিনন্দন জানিয়েছেন সদ্য বিদায়ি কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক। নতুন নেতৃত্ব সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে কাজ করে যাবে বলেও আশা ব্যক্ত করেন বিদায়ি কমিটির নেতারা।