<p>২০২৪ সালের ৫ আগস্ট থানা থেকে লুট হওয়া অস্ত্র ও সরঞ্জাম ব্যবহার করে ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে সংঘবদ্ধ চক্রের দুই সদ্যসকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত শুক্রবার সকাল থেকে ২৪ ঘণ্টায় রাজধানীর ডেমরা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। র‌্যাবের ভাষ্য, গ্রেপ্তার ব্যক্তিরা পুলিশের লুট হওয়া হাতকড়াসহ পিস্তল, র‌্যাবের পোশাক ও ওয়াকিটকি দিয়ে মানুষকে ভয়ভীতি দেখিয়ে ডাকাতির ঘটনায় জড়িত। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. আলামিন ওরফে মোটা আলামিন ও মো. রায়হান। গ্রেপ্তারের সময় তাঁদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি, একটি মাইক্রোবাস, দুটি ভুয়া নাম্বার প্লেট, ছয়টি র‌্যাবের জ্যাকেট, দুটি হাতকড়া, একটি ওয়াকিটকি সেট, ‘পুলিশ’ লেখা স্টিকার, লেজার লাইট, পুলিশ বাটন, ওয়াই-ফাই পকেট রাউটার, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর মাস্ক এবং দুটি স্মার্টফোন উদ্ধার করা হয়। গতকাল শনিবার কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।</p> <p> </p> <p> </p>