• ই-পেপার

খুলনায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ আজ

‘সংস্কারের প্রশ্নে সরকারকে ছাড় নয়’

বাগেরহাট প্রতিনিধি
‘সংস্কারের প্রশ্নে সরকারকে ছাড় নয়’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, বর্তমান সরকার রাষ্ট্র সংস্কার করছে না। এ জন্য আমরা মাঠে নেমেছি। সংস্কারের প্রশ্নে এই সরকারকে আমরা বিন্দুমাত্র ছাড় দেব না। বিএনপি সরকার যদি দেশের ৭৫ শতাংশ মানুষের মতামতকে প্রত্যাখ্যান করে, তাহলে তাদের পতন হতেও বেশি সময় লাগবে না। গতকাল শুক্রবার বাগেরহাটে খানজাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারতের আগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

 

খাল খনন পরিদর্শনে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

মুন্সীগঞ্জ প্রতিনিধি
খাল খনন পরিদর্শনে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

মুন্সীগঞ্জের মিরকাদিমের ঐতিহ্যবাহী নয়নের খাল খনন কার্যক্রম শুরু হয়েছে। গতকাল শুক্রবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলমের উপস্থিতিতে এই খাল খননের কাজ শুরু হয়। এ সময় প্রতিমন্ত্রী বলেন, মিরকাদিমের নয়নের খালটি প্রায় ২৫ বছর ধরে কোনো খনন কিংবা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়নি। আমরা উন্নয়নের অনেক বড় কথা শুনেছি। বড় গল্প শুনেছি। সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল ও নদী পুনঃখনন করা হবে, সেই তালিকায় এই খালটি অন্তর্ভুক্ত করা রয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে এই খালটি জরুরিভাবে খনন করা প্রয়োজন। এখানে অনেক ময়লা-আবর্জনা। একসময় এই খালে বড় বড় নৌযান চলাচল করত। মানুষ চাল, ডাল নিয়ে মিরকাদিম বন্দরে যাওয়া-আসা করত এই খালের ওপর দিয়ে।

আসিফ মাহমুদ

আওয়ামী লীগ দেশের রাজনীতিতে প্রাসঙ্গিক নয়

নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগ দেশের রাজনীতিতে প্রাসঙ্গিক নয়

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, দেশের রাজনীতিতে আওয়ামী লীগ এখন আর ততটা প্রাসঙ্গিক নয়। টুকটাক বিভিন্ন জায়গায় সন্ত্রাসী কার্যক্রম ও জঙ্গি কার্যক্রম হয়তো করার চেষ্টা করবে। আমি মনে করি, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী ও জনগণ সেটা প্রতিরোধ করবে। আলাদা করে কর্মসূচি দেওয়ার মতো গুরুত্বপূর্ণ নয়। গতকাল শুক্রবার পুরান ঢাকার হোসেনি দালানে পবিত্র আশুরা উপলক্ষে শিয়া মুসলিম সম্প্রদায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন আসিফ।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আশা ব্যক্ত করে বলেন, এবার আশুরার অনুষ্ঠানমালা ও কর্মসূচিগুলো সব নিরাপত্তা রক্ষা বাহিনীর সহযোগিতায় এবং ব্যবস্থাপনায় যাঁরা আছেন, তাঁদের পরিশ্রমের ফলে কোনো ধরনের দুর্ঘটনা বা খারাপ ঘটনা ছাড়াই খুব সুন্দরভাবে সম্পন্ন হবে।

এই ধরনের কর্মসূচির ক্ষেত্রে সরকারের আরো বড় পরিসরে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া উচিত। তিনি বলেন, যদি ভবিষ্যতে কোনো ধরনের সহযোগিতা প্রয়োজন হয়, জাতীয় নাগরিক পার্টি এবং আমরা সব সময় পাশে থাকব। তাদের যে অনুষ্ঠানগুলো আছে এবং তাদের যে বিশ্বাস আছে, সেটাকে আমরা যথেষ্ট সম্মান ও শ্রদ্ধার সঙ্গেই দেখতে চাই।

 

‘উন্নয়নের নামে আমরা প্রাণ প্রকৃতি হত্যা করেছি’

প্রাণ-প্রকৃতি-পরিবেশ-প্রতিবেশ রক্ষা জাতীয় কমিটির সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক
‘উন্নয়নের নামে আমরা প্রাণ প্রকৃতি হত্যা করেছি’

প্রাণ-প্রকৃতি-পরিবেশ-প্রতিবেশ রক্ষা জাতীয় কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট শফিকুর রহমান বলেছেন, প্রাণ-প্রকৃতি-পরিবেশ-প্রতিবেশ রক্ষায় গত ৫৫ বছরে আমরা চরমতম ব্যর্থতার পরিচয় দিয়েছি। উন্নয়নের নামে প্রাণ-প্রকৃতি-পরিবেশ-প্রতিবেশকে রীতিমতো হত্যা করে ফেলেছি। এই হত্যার উৎসবে বিচার বিভাগ থেকে রাজনীতিবিদ সবাই সংযুক্ত ছিলেন। পরিকল্পনাহীন উন্নয়ন আমাদের অনিশ্চিত অন্ধকারের দিকে প্রতিনিয়ত ধাবিত করছে।

গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে প্রাণ-প্রকৃতি-পরিবেশ-প্রতিবেশ রক্ষা জাতীয় কমিটির সংবাদ সম্মেলনে শফিকুর রহমান এসব কথা বলেন। তিনি বলেন, পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, দেশে ইটভাটার সংখ্যা সাত হাজার ৮৯৭। এর মধ্যে পরিবেশগত ছাড়পত্র নেই পাঁচ হাজার ৯২টির।

তিনি আরো বলেন, বাংলাদেশ নদীমাতৃক দেশ, তবে এ দেশে কতটি নদী আছে তা জানে না কেউই। বর্তমানে এক হিসাবে দেশে নদীর সংখ্যা দুই হাজার ৪১০। তবে সরকারি হিসাবে ৪০৫টি, বিগত অন্তর্বর্তী সরকারের সময় এই সংখ্যা এক হাজার ৪১৫ বললেও তা গেজেটভুক্ত হয়নি। ৫৫ বছর লেগে গেল শুধু নদীর সংজ্ঞা নির্ধারণে।

লেখক ও নদী গবেষক মাহবুব সিদ্দিকী বলেন, নদী নিয়ে জাতিসংঘের ১৯৯৭ সালের যে সনদটি আইনে পরিণত করা হয়েছে, তাতে আমরা অনুস্বাক্ষর না করলে পাশের দেশের সঙ্গে নদী আলোচনায় পিছিয়ে পড়ব। আমাদের পরিবেশ আইনটিও অসম্পূর্ণ। একে যুগোপযোগী করতে হবে।

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের ডিন ও বিভাগীয় প্রধান অধ্যাপক আহমদ কামরুজ্জামান মজুমদার বলেন, বায়ু ও শব্দদূষণ পৃথিবীর সবচেয়ে বেশি বাংলাদেশে। ফলে আমাদের গড় আয়ু কমছে। যে মাত্রায় শব্দদূষণ হচ্ছে তাতে নিকট ভবিষ্যতে আমাদের পরবর্তী প্রজন্মের একটা বড় অংশ শ্রবণপ্রতিবন্ধী হওয়ার আশঙ্কা রয়েছে।

স্বাস্থ্যবিষয়ক লেখক অধ্যাপক ছায়েদুল হক বলেন, বায়ু ও শব্দদূষণের ফলে দেশের শতভাগ মানুষ এখন পালস ও প্রেসারের রোগী। এ দুই দূষণের ফলে স্ট্রোক, হার্ট, ঘুমজনিত রোগ এবং ইনসুলিন রেজিস্ট্যান্সের রোগী দিন দিন বাড়ছে।

সংগঠনটির মুখপাত্র ইবনুল সাঈদ রানার সঞ্চালনায় আরো বক্তব্য দেন দেলোয়ার হোসেন, সহযোগী অধ্যাপক মোহাম্মদ আলী, অধ্যাপক সবুর আহমেদ, তাহমিনা রহমান ও অধ্যাপক আব্দুল জলিল। মূল প্রবন্ধ উপস্থাপন করেন আরিফুল ইসলাম।