ইংল্যান্ড ৪-২ ক্রোয়েশিয়া
প্রতিশোধ!
বলতেই পারেন। ২০১৮ বিশ্বকাপের সেমিফাইনালে এই ক্রোয়েশিয়ার কাছে হেরেই বিদায় নিতে হয়েছিল ইংল্যান্ডকে। তবে আজ সেটার পুনরাবৃত্তি করতে পারল না ক্রোয়াটরা। লুকা মদরিচের দলের বিপক্ষে দাপট দেখাল ইংলিশরা। ডালাসে গোল উৎসবের ম্যাচে ৪-২ ব্যবধানে জিতল হ্যারি কেইনের দল।
গোটা ম্যাচেই ইংল্যান্ড নান্দনিক ফুটবল উপহার দিয়েছে। জোড়া গোল করেছেন কেইন। বিশ্বকাপে মোট ১০ গোল করে কিংবদন্তিদের পাশে নাম লিখিয়েছেন ইংলিশ অধিনায়ক।
ম্যাচের প্রথমার্ধ কেটেছে টানটান উত্তেজনায়। দুই দলই করেছে দুটি করে গোল। দুইবার এগিয়েও সমতা এনেছে ক্রোয়েশিয়া। তবে বিরতি থেকে ফিরেই দাপট দেখায় ইংলিশরা।
ম্যাচের ৮ মিনিটেই পেনাল্টি পায় ইংল্যান্ড। দ্বিতীয়বারের চেষ্টায় ক্রোয়েশিয়ার গোলকিপার লিভাকোভিচকে বোকা বানান কেইন।।তবে সমতায় ফিরতে বেশি সময় নেয়নি ক্রোয়াটরা। ৩৬ মিনিটেই বাতুরিনার গোলে সমতায় ফেরে তারা।
৪২ মিনিটে আবার হ্যারি কেইনের গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। কিন্তু প্রথমার্ধের যোগ করা সময়ে আবার সমতা। এবার ক্রোয়েশিয়াকে ম্যাচে ফেরান পিটার মুসা।
দ্বিতীয়ার্ধে নেমেই গোল করেন রিয়াল মাদ্রিদ তারকা জুড বেলিংহাম। এরপর চলতে থাকে ইংলিশ আক্রমণ। খেই হারিয়ে ফেলে ক্রোয়েশিয়া। বদলি হিসেবে নামা মার্কাস রাশফোর্ড ৮৫ মিনিটে গোল করে স্কোরশিট ৪-২ করে ফেলেন।
ম্যাচে দেয়াল হয়ে দাঁড়ান ক্রোয়েশিয়া গোলকিপার লিভাকোভিচ। নয়তো ইংল্যান্ড আরো বড় ব্যবধানে জিততে পারত।




