ক্রিশ্চিয়ানো রোনালদো ও বিপাশা বসুকে ঘিরে প্রায় দুই দশক ধরে চলে আসা একটি গুঞ্জন আবারও আলোচনায়। ২০০৭ সালে পর্তুগালের লিসবনে একটি আন্তর্জাতিক অনুষ্ঠানে একসঙ্গে দেখা গিয়েছিল বিশ্ব ফুটবলের তারকা রোনালদো এবং বলিউড অভিনেত্রী বিপাশা বসুকে।
সেই সময়ই দাবি ওঠে, দুজনকে নাকি অন্তরঙ্গ মুহূর্তে দেখা গেছে। এমনকি তাদের চুম্বনের খবরও ছড়িয়ে পড়ে বিভিন্ন মাধ্যমে। দীর্ঘদিন পর সেই বিতর্ক নিয়ে মুখ খুলেছেন বিপাশা নিজেই।
একটি পুরনো সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, অনুষ্ঠান শেষে সবাই মিলে একটি নাইটক্লাবে গিয়েছিলেন। সেখানকার পরিবেশ ছিল অত্যন্ত কোলাহলপূর্ণ।
বিপাশার ভাষ্য, ‘ক্লাবের ভেতর প্রচণ্ড জোরে গান বাজছিল। কান ফাটানো আওয়াজের কারণে কেউ কারো কথা স্বাভাবিকভাবে শুনতে পাচ্ছিলাম না।’
তিনি বলেন, রোনালদোর উচ্চতা তার চেয়ে অনেক বেশি হওয়ায় কথা বলার সময় ফুটবল তারকাকে বারবার নিচু হয়ে তার কানের কাছে মুখ এনে কথা বলতে হচ্ছিল। সেই মুহূর্তগুলোর ছবি ও ভিডিও থেকেই ভুল ব্যাখ্যার জন্ম হয়।
বিপাশার দাবি, সংবাদমাধ্যমের একটি অংশ সেই দৃশ্যগুলোকে অতিরঞ্জিতভাবে উপস্থাপন করেছিল, যার ফলে চুম্বনের গুঞ্জন ছড়িয়ে পড়ে।
বিতর্কের জবাব দিতে গিয়ে অভিনেত্রী প্রশ্নও তোলেন। তিনি বলেন, ‘যদি ক্রিশ্চিয়ানো সত্যিই আমাকে চুমু খেয়েই থাকত, তবে সেই স্পষ্ট ছবিটা কোথায়? বাজারে যে কটা ছবি ঘুরে বেড়াচ্ছে, তার একটাও তো চুম্বনের নয়। সব অন্য মুহূর্তের ছবি।’
উল্লেখ্য, এ বিতর্ক নিয়ে ক্রিশ্চিয়ানো রোনালদো কখনোই প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। তবে সেই সময় গুঞ্জন উঠেছিল, ঘটনাটির পর নাকি জন আব্রাহামের সঙ্গে বিপাশা বসুর দীর্ঘদিনের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়।




