<p>সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এসব কথা বলেছেন, সুস্থ সংস্কৃতি দিয়েই অপসংস্কৃতি দূর করতে হবে। বর্তমানে মাদকের ভয়াবহতা সারা দেশে ছড়িয়ে পড়েছে, যা স্কুল-কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে পুরো যুবসমাজকে গ্রাস করছে। এটি একটি সুপরিকল্পিত চক্রান্ত। এই অবস্থায় কারো নিশ্চিন্ত হয়ে থাকার সুযোগ নেই; কারণ লোকালয়ে আগুন লাগলে দেবালয়ও রক্ষা পায় না।</p> <p>গতকাল শনিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যশালা মিলনায়তনে সংগীত শিক্ষাপ্রতিষ্ঠান ‘সুরসপ্তক’ আয়োজিত ‘বর্ষবিদায় ১৪৩২ ও বর্ষবরণ ১৪৩৩’ উৎসবে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, ‘কেউ অস্ত্র দিয়ে আঘাত করলে তাঁকে প্রতিহত করতে পাল্টা অস্ত্র লাগে। অপসংস্কৃতির বিরুদ্ধে আমাদের সবচেয়ে শক্তিশালী অস্ত্র হলো আমাদের হাজার বছরের সমৃদ্ধ সুস্থ সংস্কৃতি। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় দেশব্যাপী ঐতিহ্যবাহী এই সংস্কৃতিচর্চাকে আরো জোরদার করবে এবং এর মাধ্যমেই আমরা সমাজ থেকে অপসংস্কৃতিকে নির্মূল করব।’</p> <p> </p>