চলতি বছর এখন পর্যন্ত সারা দেশে ৭২ জনের মৃত্যু হয়েছে বজ্রপাতে, যাঁদের অধিকাংশই মাঠে কর্মরত কৃষক। সর্বশেষ গত ২৬ এপ্রিল বজ্রপাতে ১৪ জনের প্রাণহানি ঘটে। গতকাল শনিবার এক বিবৃতিতে এসব তথ্য জানায় স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্য সোসাইটি অ্যান্ড থান্ডারস্টর্ম অ্যাওয়ারনেস ফোরাম (এসএসটিএফ)। বিবৃতিতে দেশে বজ্রপাতে মৃত্যুর ঝুঁকি থেকে কৃষকদের সুরক্ষায় তিনটি নির্দেশনা দেয় তারা।

নির্দেশনাগুলো হলো—খোলা আকাশের নিচে কাজ করার সময় আকাশে কালো মেঘ দেখলে দ্রুত নিরাপদ স্থানে আশ্রয় নেওয়া, বৃষ্টির সময় কোনো অবস্থাতেই গাছের নিচে আশ্রয় না নেওয়া এবং মাঠে কাজের সময় পায়ে জুতা ব্যবহার করা।

মহান মে দিবস উপলক্ষে গত শুক্রবার মুন্সীগঞ্জের আড়িয়াল বিল এলাকায় সরেজমিনে গিয়ে শতাধিক কৃষকের মাঝে বজ্রপাত বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে এসএসটিএফ। এ সময় কৃষকদের নিরাপদ থাকার বিভিন্ন কৌশলও শেখানো হয়।

সচেতনতামূলক কার্যক্রমে সংগঠনের সাধারণ সম্পাদক রাশিম মোল্লা, গবেষণা সেলের প্রধান আব্দুল আলীম এবং যুগ্ম সম্পাদক মোস্তাক আহমেদ উপস্থিত ছিলেন।