• ই-পেপার

চাই কঠোর পদক্ষেপ

  • ওষুধ বাণিজ্যে নৈরাজ্য

প্রতিকারে উদ্যোগ নিন

বাড়ছে পুলিশ সদস্যদের আত্মহত্যা

প্রতিকারে উদ্যোগ নিন

সমাজে শান্তি-শৃঙ্খলা নিশ্চিত করা, আইনের শাসন প্রতিষ্ঠা করা, বন্ধুর মতো বিপদে-আপদে মানুষের পাশে দাঁড়ানোএমন আরো অনেক প্রত্যাশা থাকে পুলিশ বাহিনীর প্রতি। কিন্তু সেই পুলিশ সদস্যদেরই যদি জীবনের নিরাপত্তা না থাকে, স্বস্তি ও সুস্থতা না থাকে, তাহলে কী হবে? জানা যায়, অভাব-অনটনের পাশাপাশি অতিরিক্ত কাজের চাপ, বিপর্যস্ত আবাসন ব্যবস্থায় ঠিকমতো ঘুমাতে না পারাসহ নানা প্রতিকূল অবস্থা মোকাবেলা করতে হয় পুলিশ সদস্যদের। ফলে অনেকেই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন এবং এক পর্যায়ে আত্মহত্যার শিকার হন।

কালের কণ্ঠে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, সর্বশেষ গত শুক্রবার রাজধানীর ডেমরা পুলিশ লাইনসের একটি ভবনে সাইদুল ইসলাম (২১) নামের একজন কনস্টেবল আত্মহত্যা করেছেন। আত্মহত্যার আগে নিজের ফেসবুক আইডিতে দেওয়া একটি ভিডিও পোস্টে তিনি পারিবারিক জটিলতাসহ হতাশার নানা চিত্র তুলে ধরেন। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ৯ জন পুলিশ সদস্য আত্মহত্যা করেছেন। সরকারি তথ্য অনুযায়ী, ২০১৯ সাল থেকে এখন পর্যন্ত সাড়ে সাত বছরে পুলিশের ৭৯ জন সদস্য আত্মহত্যা করেছেন। অর্থাৎ বছরে গড়ে ১০ জনের বেশি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। তাঁদের বড় অংশই কনস্টেবল ও এএসআই পদমর্যাদার। বছরভিত্তিক হিসাব বলছে, ২০২০ সালে আত্মহত্যা করেন ১০ জন পুলিশ সদস্য। ২০২১ সালে ১১, ২০২২ সালে ছয়, ২০২৩ সালে ১৩, ২০২৪ সালে তিন এবং ২০২৫ সালে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৪। চলতি বছর এ পর্যন্ত অর্থাৎ সাড়ে ছয় মাসেই ৯ জনের আত্মহত্যার খবর পাওয়া গেছে।

জানা যায়, পুলিশ সদস্যদের ১২ ঘণ্টার ডিউটি প্রায়ই বিরতি ছাড়া ১৭ থেকে ১৮ ঘণ্টায় গিয়ে ঠেকে। অপ্রতুল বেতনে তাঁদের জীবনযাত্রার ব্যয় মেটানো কঠিন হয়ে পড়ে। ব্যারাকগুলো এতটাই জনাকীর্ণ যে একটি কক্ষে অনেককে গাদাগাদি করে থাকতে হয়। স্যানিটেশন ব্যবস্থাও অত্যন্ত নিম্নমানের। ঘুমের ব্যাঘাত হয়। বর্তমানে পুলিশে দুই লাখ ১৫ হাজারের বেশি সদস্য কর্মরত। ঢাকার রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে মানসিক স্বাস্থ্য বিভাগ থাকলেও স্থায়ী কোনো মনোরোগ বিশেষজ্ঞ নেই। আউটসোর্সিংয়ের মাধ্যমে একজন সাইকিয়াট্রিস্ট দিয়ে সেবা কার্যক্রম পরিচালিত হয়। ৫৯টি জেলায় পুলিশ সদস্যদের চিকিৎসা সুবিধা থাকলেও কোথাও পূর্ণাঙ্গ মানসিক স্বাস্থ্যসেবা নেই। এমন পরিস্থিতি কোনোভাবেই কাম্য নয়।

আধুনিক রাষ্ট্রব্যবস্থায় সুস্থ ও সর্বাঙ্গীণ পুলিশি ব্যবস্থার কোনো বিকল্প নেই। এই বিভাগের সদস্যরা যদি কর্মক্ষম না থাকেন, নিজেরাই ভঙ্গুর হয়ে পড়েন, তাহলে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতিও ভঙ্গুর হয়ে পড়বে। আমরা মনে করি, পুলিশ সদস্যদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। তাঁদের আর্থিক সচ্ছলতার পাশাপাশি কর্মস্থল ও আবাসন পরিবেশ মানসম্মত হতে হবে। আমরা আর কোনো পুলিশ সদস্যের এমন দুঃখজনক পরিণতি দেখতে চাই না।

কৃষককে রক্ষা করতে হবে

মানহীন কীটনাশকে ফসলের ক্ষতি

কৃষককে রক্ষা করতে হবে

কৃষক তাঁর শেষ সম্বল বিনিয়োগ করে জমিতে ফসল আবাদ করেন। মাথার ঘাম পায়ে ফেলে রোদে-বৃষ্টিতে সেই ফসলের পরিচর্যা করেন। কিন্তু প্রায়ই দেখা যায়, কৃষক তাঁর কাঙ্ক্ষিত ফলন পান না। কখনো প্রাকৃতিক কারণে ফসল ক্ষতিগ্রস্ত হয়। কখনো ভেজাল বীজ, সার বা মানহীন কীটনাশকের কারণে ফসল মার খায়। দরিদ্র কৃষক তাঁর সর্বস্ব হারান। গতকাল শুক্রবার কালের কণ্ঠে প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, বেসরকারি কোনো প্রতিষ্ঠান নয়, খোদ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পদ্মা অয়েল কম্পানি লিমিটেডের বাজারজাত করা একটি কীটনাশকের বিরুদ্ধে মানহীনতার অভিযোগ উঠেছে। রাসায়নিক পরীক্ষায় নির্ধারিত মান বজায় না রাখার প্রমাণ পাওয়ায় ‘পদ্মা ল্যামডা ৫ইসি’-এর একটি নির্দিষ্ট ব্যাচের সব রিপ্যাকিং করা বোতল সাত কর্মদিবসের মধ্যে বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই)। কিন্তু ক্ষতিগ্রস্ত কৃষকদের কী হবে?

কৃষিবিজ্ঞানীরা জানান, এ ধরনের কীটনাশক ধানের মাজরা পোকা ও পাতা মোড়ানো পোকা, বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা, বাঁধাকপি ও ফুলকপির পাতাখেকো পোকা, মরিচ ও টমেটোর ফল ছিদ্রকারী পোকা, বিভিন্ন ফসলের জাব পোকা, থ্রিপস ও হপার দমনে কার্যকর হিসেবে বিবেচিত হয়। তাঁদের মতে, এ ধরনের কীটনাশকে সক্রিয় উপাদানের পরিমাণ কম থাকলে মাঠে কাঙ্ক্ষিতভাবে পোকা দমন হয় না। ফলে একই জমিতে বারবার স্প্রে করতে হয়। এতে ফলন ক্ষতিগ্রস্ত হয়, উৎপাদন ব্যয় বাড়ে এবং পরিবেশ ও জনস্বাস্থ্যের ঝুঁকি বৃদ্ধি পায়। আবার পোকামাকড়ের মধ্যে কীটনাশকের বিরুদ্ধে প্রতিরোধক্ষমতা তৈরি হয়। ফলে পরবর্তী সময়ে মানসম্মত বা কীটনাশক ব্যবহার করেও প্রত্যাশিত ফল পাওয়া কঠিন হয়ে পড়ে।

দেশে মানুষ বাড়ছে। কৃষিপণ্যের চাহিদা বাড়ছে। সরকার নানাভাবে চেষ্টা করছে কৃষি উৎপাদন বৃদ্ধির ধারাবাহিকতা রক্ষা করতে। এ লক্ষ্যে গবেষণা, উন্নয়ন, মান নিয়ন্ত্রণসহ বহুবিধ কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। তার পরও প্রায়ই অভিযোগ ওঠে, আমদানি করা নিম্নমানের বীজের কারণে ফসল নষ্ট হয়ে যাচ্ছে। ভেজাল বা নিম্নমানের সার ও কীটনাশকের কারণে কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অতীতে এসব অভিযোগ উঠেছে মূলত বেসরকারিভাবে আমদানি করা বীজ, সার ও কীটনাশকের বিরুদ্ধে। এবার অভিযোগ উঠেছে খোদ সরকারের মালিকানাধীন সংস্থার বিরুদ্ধে। কৃষি খাত সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, এ ধরনের ঘটনায় বাজার তদারকি ও মান নিয়ন্ত্রণ ব্যবস্থার কার্যকারিতা নিয়েও প্রশ্ন উঠছে।

বীজ, সার, কীটনাশকের মান নিশ্চিত করা অত্যন্ত জরুরি। বাজার তদারকির পাশাপাশি মাঠেও নজরদারি বাড়াতে হবে। প্রয়োজনে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি ভেজাল ও নিম্নমানের পণ্য সরবরাহের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে।

 

কঠোর পদক্ষেপ নিন

মাদকের ভয়াবহ থাবা

কঠোর পদক্ষেপ নিন

দেশজুড়ে মাদকের বিস্তার যেন সর্বগ্রাসী হয়ে উঠেছে। মফস্বল শহরের বাসিন্দা থেকে শুরু করে শহরের উচ্চবিত্ত পর্যন্ত মাদকের বিষে জর্জরিত। একটা সময় ধারণা ছিল, তরুণরাই সঙ্গদোষে নেশার ফাঁদে পড়ে। এখন দেখা যাচ্ছে, এক শ্রেণির নারীরাও এই মারণনেশায় জড়িয়ে পড়ছেন। নেশার টাকা জোগাতে তাঁরা জড়িয়ে পড়ছেন নানা অপরাধেও। লক্ষণীয় বিষয় হলো, প্রায়ই পত্রপত্রিকায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করার খবর আসে। প্রশ্ন হলো, এর পরও গোটা সমাজ মাদকে সয়লাব হলো কী করে? অর্থাৎ যে পরিমাণ মাদক জব্দ করা হয়, তার চেয়ে বহুগুণ বেশি মাদকদ্রব্য আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর চোখ এড়িয়ে মাদকাসক্তদের হাত পর্যন্ত পৌঁছে যাচ্ছে।

কালের কণ্ঠ গতকাল শুক্রবার জানিয়েছে, উচ্চশিক্ষিত নারীরাও এখন মাদকের দিকে ঝুঁকছেন। অনেকের স্বামী-সন্তানও রয়েছে। কিন্তু মাদকের ছোবলে এখন প্রায় সবকিছুই শেষ। চিকিৎসা নিচ্ছেন বিভিন্ন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে। একটি নিরাময়কেন্দ্রে ৪৯ জন মাদকাসক্ত নারীর সঙ্গে কালের কণ্ঠের প্রতিবেদকের কথা হয়। জানা গেছে, শুরুটা হয়েছে ধূমপান দিয়ে, ধীরে ধীরে ইয়াবা, হেরোইনের মতো প্রাণঘাতী নেশায় আসক্ত হয়ে পড়েন। তাঁদের মধ্যে অনেকেই বর্তমানে পরিবার থেকে বিচ্ছিন্ন।

জানা গেছে, চলতি বছরের গত ছয় মাসে আহছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রে ৬২ জন ভর্তি হয়েছে। তাদের মধ্যে ছয়জনই মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে গেছে। ৪৩ জন দীর্ঘদিন থেকেই মাদক সেবন করছে। বয়সের অনুপাতে ১৫ থেকে ২৫ এবং ২৬ থেকে ৩৫ বছর বয়সী নারীরাই বেশি। এর বেশি বয়সী নারীরাও রয়েছেন। ধারণা করা হয়, সারা দেশে এই সংখ্যা আরো বেশি। মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থার (মানস) প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ড. অরূপ রতন চৌধুরী জানিয়েছেন, আগের চেয়ে দেশে নারী মাদকাসক্তের সংখ্যা বাড়ছে। মানস জানিয়েছে, জীবনসঙ্গীর কারণে বেশির ভাগ নারী মাদকে জড়িয়ে পড়ছেন। আবার মাদক কারবারিদের মধ্যেও একটি বড় অংশ রয়েছে নারী, তাঁদের মধ্যে অনেকেই পরবর্তী সময়ে নেশার ফাঁদে আটকে গেছেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন, দেশে বর্তমানে পাঁচ লাখের বেশি নারী মাদকাসক্ত বা মাদক কারবারিতে জড়িত।

গত সপ্তাহে কালের কণ্ঠের এক খবরে বলা হয়েছে, সীমান্তে ১৪ জেলা দিয়ে দেশে প্রবেশ করছে গাঁজা। ২০২২ সাল থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত (৫২ মাস) দেশে মোট চার লাখ ৮২ হাজার ২২০ কেজি গাঁজা জব্দ করা হয়েছে—দৈনিক হিসাবে দাঁড়ায় প্রায় আট মণ। এ ছাড়া বাজারে প্রতিনিয়ত নতুন নতুন মাদকও আসছে। ২০১৮ সালের পর থেকে এখন পর্যন্ত নতুন মাদকের তালিকায় যুক্ত হয়েছে এক ডজনেরও বেশি নাম। প্রচলিত মাদকদ্রব্য ইয়াবা, গাঁজা, ফেনসিডিল, আফিম, হেরোইন, কোকেন, পেথিডিনের সঙ্গে এখন যোগ হয়েছে এমডিএমবি, আইস, খাথ, এলএসডি, ফেন্টানাইল, ব্ল্যাক কোকেন, এমডিএমএ, ট্রামাডল ও কিটামিনের মতো মারাত্মক ক্ষতিকর মাদক। এসব মাদকের প্রায় ৯০ শতাংশই কেনাবেচা হচ্ছে অনলাইনে। নতুন ধরনের কৃত্রিম মাদকের কারখানাও পাওয়া গেছে ঢাকায়।

সবচেয়ে হতাশার বিষয় হলো, রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে প্রকাশ্যেই চলছে মাদক কেনাবেচা। রাজধানীর কিছু হটস্পটে ডেকে ডেকে মাদক কেনাবেচা হয় বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া যেসব মাদক কারবারি গ্রেপ্তার হয়, তারা কিছুদিন পর জেল থেকে ফিরে এসে আবারও একই কাজে জড়িয়ে পড়ে। এ ছাড়া অনেক রাঘব বোয়াল থেকে যায় ধরাছোঁয়ার বাইরে।

আমরা মনে করি, সমাজ থেকে মাদক নির্মূল করতে আইনের কঠোর প্রয়োগ দরকার। নামমাত্র অভিযান দিয়ে সমাজকে বিষমুক্ত করা যাবে না। মাদক কারবারিরা অনেক কৌশল পাল্টেছে, সেই অনুযায়ী নিরাপত্তা বাহিনীকেও পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি অভিভাবক ও সুধীজনকেও মাদকমুক্ত সমাজ গড়তে এগিয়ে আসতে হবে।

 

রেলপথের নিরাপত্তা বাড়ান

বাড়ছে ট্রেন দুর্ঘটনা

রেলপথের নিরাপত্তা বাড়ান

সড়কের মতোই ট্রেনেও দুর্ঘটনার সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। প্রায়ই ট্রেনের বগি লাইনচ্যুত হচ্ছে। সবচেয়ে মর্মান্তিক দুর্ঘটনাগুলো ঘটে অরক্ষিত লেভেলক্রসিংয়ে ট্রেন ও অন্যান্য যানবাহনের সংঘর্ষে। গত বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সড়ক, রেল ও নৌ মন্ত্রী শেখ রবিউল আলম জানান, দেশের রেলপথে গত ১৫ বছরে ছোট-বড় মিলিয়ে এক হাজার ৩৩৪টি দুর্ঘটনা ঘটেছে। তিনি জানান, এর মধ্যে রেলওয়ের পূর্বাঞ্চলে এক হাজার ৫১টি এবং পশ্চিমাঞ্চলে ২৮৩টি দুর্ঘটনা ঘটেছে। তিনি জানান, যেসব ত্রুটির কারণে সাধারণত দুর্ঘটনাগুলো ঘটে, তা নিরসনের কাজ চলমান।

সাম্প্রতিক বছরগুলোতে বেশ কিছু বড় দুর্ঘটনায় অনেক হতাহতের ঘটনা ঘটেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মিরসরাইয়ের দুর্ঘটনা। ২০২২ সালে কিছু শিক্ষার্থী উপজেলার পূর্ব খৈয়াছড়া গ্রামে গিয়েছিল ঝরনা দেখতে। ফেরার পথে লেভেলক্রসিং পার হওয়ার সময় তাদের মাইক্রোবাসটিকে ধাক্কা দেয় মহানগর প্রভাতী ট্রেন। এতে মৃত্যু হয় ১১ জনের এবং গুরুতর আহত হয় সাতজন। একই বছর গাজীপুরের শ্রীপুরে পোশাক কারখানার শ্রমিক বহনকারী বাসে ট্রেনের ধাক্কায় পাঁচজন নিহত এবং ১০ জন আহত হন। ২০১৯ সালের ১৫ জুলাই সিরাজগঞ্জের উল্লাপাড়ায় লেভেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গিয়েছিল বরযাত্রীবাহী একটি মাইক্রোবাস। এতে বর-কনেসহ নিহত হয়েছিল ১১ জন। এ রকম দুর্ঘটনা প্রায়ই ঘটছে।

বিভিন্ন সময় গণমাধ্যমে প্রকাশিত খবরাখবর থেকে জানা যায়, সারা দেশে লেভেলক্রসিং রয়েছে তিন হাজার ৩৯৮টি। এর মধ্যে এক হাজার ৩৬১টিই অবৈধ। এগুলোতে গেটম্যান তো নেই-ই, অনেক বৈধ লেভেলক্রসিংয়েও গেটম্যান নেই। এর ওপর বাস্তব কারণেই সারা দেশে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি), ইউনিয়ন পরিষদ, সড়ক ও জনপথ বিভাগ, সিটি করপোরেশন, পৌরসভাসহ বিভিন্ন কর্তৃপক্ষ নতুন নতুন রাস্তা তৈরি করছে। নতুন নতুন লেভেলক্রসিং তৈরি হচ্ছে। সেগুলোতে গেট স্থাপন, গেটম্যান নিয়োগ কিংবা যানবাহন নিয়ন্ত্রণের কাজ কে করবে, তা নিয়েও দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। সেসব জায়গায় দুর্ঘটনা রোধের ব্যবস্থা কিভাবে করা হবে, তা নিয়ে অস্পষ্টতা থাকলেও দুর্ঘটনা থেমে থাকছে না। আমরা মনে করি, এসব বিষয়ে দ্রুত সিদ্ধান্তে আসা, দুর্ঘটনা রোধে কার্যকর পরিকল্পনা নেওয়া এবং তা যথাযথভাবে বাস্তবায়ন করা অত্যন্ত জরুরি।

মানুষ বাড়ছে। চলাচলের প্রয়োজন বাড়ছে। জনসাধারণের চলাচল সুগম করার জন্য আমাদের আরো বেশি সড়ক ও রেলপথ প্রয়োজন। একই সঙ্গে প্রয়োজন চলাচলের নিরাপত্তা। আমরা আশা করি, লেভেলক্রসিং ও রেলপথের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে সরকার দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ নেবে।