সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে ছুরিকাঘাতে মো. ইলিয়াস খান (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন।
রবিবার (১৯ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের কালিঞ্জা গ্রামে এ ঘটনা ঘটে।
ইলিয়াস ওই গ্রামের সাত্তার খানের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, রবিবার বিকেলে কালিঞ্জা গ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে ইলিয়াস খানের সঙ্গে স্থানীয় বাসিন্দা রাসেলের কথা-কাটাকাটি হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে পূর্বের বিরোধের জেরে রাসেল ও তার কিশোর ছেলে সিয়াম আহমেদ ধারালো অস্ত্র দিয়ে ইলিয়াসকে ছুরিকাঘাত করেন বলে অভিযোগ রয়েছে।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিঞ্জা এলাকার ইউপি সদস্য মো. জহুরুল ইসলাম বলেন, ইলিয়াস নামের এক যুবক মারা গেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসেছে। আমিও ঘটনাস্থলে রয়েছি। বিস্তারিত পরে জানাতে পারব।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো মামলা হয়নি। এলাকায় বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।




