• ই-পেপার

ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধ, ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

মহানন্দা নদীতে মামার সঙ্গে গোসলে নেমে নিখোঁজ শিশু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
মহানন্দা নদীতে মামার সঙ্গে গোসলে নেমে নিখোঁজ শিশু
নিখোঁজ শিশু মো. আবদুল্লাহকে উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসের সদস্যরা। ছবি : কালের কণ্ঠ

চাঁপাইনবাবগঞ্জ শহরসংলগ্ন মহানন্দা নদীতে মামার সঙ্গে গোসল করতে নেমে মো. আবদুল্লাহ (৯) নামের এক শিশু নিখোঁজ হয়েছে। সোমবার (২০ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে। রাত পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ আবদুল্লাহ শহরের রাজারামপুর পশ্চিমপাড়া এলাকার মো. সাহাবুলের ছেলে এবং স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার দুপুর দেড়টার দিকে শহরের ৭ নম্বর ওয়ার্ডের মহানন্দা নদীর মালোপাড়া পিয়ার বিশ্বাসের ঘাটে মামার সঙ্গে গোসল করতে নামে আবদুল্লাহ। একপর্যায়ে তার মামা নদীর গভীর অংশে চলে গেলে কম পানিতে থাকা আবদুল্লাহ হঠাৎ একটি গর্তে পড়ে পানিতে তলিয়ে যায়।

বিষয়টি টের পেয়ে তার মামা ও স্থানীয়রা শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালান। পরে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে রাজশাহী থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল বিকেল ৪টার দিকে উদ্ধার অভিযান শুরু করে। তবে সন্ধ্যা পর্যন্ত তল্লাশি চালিয়েও শিশুটির কোনো সন্ধান পাওয়া যায়নি।

চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন কর্মকর্তা সাঈদ হাসান শুভ জানান, অন্ধকার নেমে আসা এবং প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকাল থেকে আবারও অভিযান শুরু হবে।

সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সোমবার রাত সোয়া ৯টা পর্যন্ত শিশুটির কোনো খোঁজ পাওয়া যায়নি। স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।’

ইউপি চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ ঘিরে কার্যালয়ে হামলা, সচিবকে মারধর

দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
ইউপি চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ ঘিরে কার্যালয়ে হামলা, সচিবকে মারধর
ছবি : কালের কণ্ঠ

কুমিল্লার দেবীদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণকে কেন্দ্র করে উত্তেজনার মধ্যে ইউনিয়ন পরিষদের সচিব আবু হানিফ রানার ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় তাকে মারধর করা হয় এবং কার্যালয়ের চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাব ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।

সোমবার (২০ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার ৬ নম্বর ফতেহাবাদ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, বিভাগীয় কমিশনারের নির্দেশে ফতেহাবাদ ইউনিয়নের চেয়ারম্যান কামরুজ্জামান মাসুদের পুনরায় দায়িত্ব গ্রহণের কথা ছিল সোমবার। এ খবর ছড়িয়ে পড়লে বিএনপি, জামায়াত ও এনসিপির কয়েক শ নেতাকর্মী ও সমর্থক ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। তারা কামরুজ্জামান মাসুদকে চেয়ারম্যানের দায়িত্ব না দেওয়ার দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।

এক পর্যায়ে বিক্ষোভকারীদের একটি অংশ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ঢুকে সচিব আবু হানিফ রানার সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। অভিযোগ রয়েছে, পরে তারা সচিবকে চেয়ার দিয়ে আঘাত, কিল-ঘুষি মেরে আহত করে এবং তার পরনের শার্ট ছিঁড়ে ফেলে। এ সময় কার্যালয়ের চেয়ার-টেবিল ও অন্যান্য আসবাবপত্রও ভাঙচুর করা হয়।

খবর পেয়ে দেবীদ্বার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত সচিবকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার ব্যবস্থা করে।

বর্তমানে দায়িত্ব পালনকারী ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. সালাহউদ্দিন রুহুল (রুহুল আমিন) জানান, রবিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে বিভাগীয় কমিশনারের নির্দেশে কামরুজ্জামান মাসুদকে চেয়ারম্যানের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার বিষয়টি জানানো হয়। সে অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখা হয়েছিল। সোমবার দায়িত্ব হস্তান্তরের কথা ছিল।

স্থানীয়দের ভাষ্য, গত বছরের রাজনৈতিক পটপরিবর্তনের পর কামরুজ্জামান মাসুদ আওয়ামী লীগ ত্যাগের ঘোষণা দেন। পরে একটি হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি হয়ে দীর্ঘদিন পলাতক ছিলেন। অসুস্থতার কারণ দেখিয়ে ছুটিতে গেলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান সালাহউদ্দিন রুহুল। পরবর্তীতে উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পর বিভাগীয় কমিশনারের কাছে আবেদন করে তিনি চেয়ারম্যানের দায়িত্ব পুনর্বহালের অনুমতি পান।

ঘটনাস্থলে উপস্থিত যুব অধিকার পরিষদ কুমিল্লা উত্তর জেলা শাখার যুগ্ম সম্পাদক মো. রাসেল হোসেন বেগ বলেন, ‘জুলাই আন্দোলনের খুনি আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মাসুদ রাজনৈতিক প্রভাবে চেয়ারম্যানের দায়িত্ব ফিরে পান, যা কোনোভাবেই জুলাই যোদ্ধারা মানতে রাজি নন। ইউপি সচিব কেন খুনি চেয়ারম্যানের বাড়িতে গেল, সে জন‍্য তাকে উত্তেজিতরা তাকে মারধর করে। আমি না থাকলে বড় ধরনের ঘটনা ঘটতো।’

এ বিষয়ে ইউপি সচিব আবু হানিফ রানা ও চেয়ারম্যান কামরুজ্জামান মাসুদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা জানান, ইউপি সচিবের ওপর হামলার ঘটনায় কয়েকজনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। ঘটনার ভিডিও ফুটেজ ও স্থিরচিত্রও পুলিশের কাছে জমা দেওয়া হয়েছে। বিষয়টি জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে লিখিতভাবে অবহিত করা হয়েছে। 

তিনি আরো বলেন, চেয়ারম্যান কামরুজ্জামান মাসুদের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী প্রক্রিয়াধীন রয়েছে।

দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণকে কেন্দ্র করে আগেই নিরাপত্তার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল। হামলার সময় পুলিশ কিছুটা দূরে অবস্থান করছিল। পরে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত সচিবকে উদ্ধার করে।’

ঘটনার তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

নদীভাঙনে তলিয়ে যায় ৫ বছরের শিশু, ২ দিন পর মিলল ভাসমান মরদেহ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
নদীভাঙনে তলিয়ে যায় ৫ বছরের শিশু, ২ দিন পর মিলল ভাসমান মরদেহ
প্রতীকী ছবি

বরিশালের মেহেন্দীগঞ্জে কীর্তনখোলা নদীর পাড় ভেঙে নিখোঁজ হওয়া পাঁচ বছর বয়সী শিশু মোহাম্মদ আব্দুল্লাহর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের দুই দিন পর সোমবার (২০ জুলাই) দুপুর দেড়টার দিকে কীর্তনখোলা নদীর বেলতলা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে বরিশাল সদর নৌ পুলিশ।

নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এনামুল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, বেলতলা এলাকায় একটি শিশুর মরদেহ ভাসতে দেখে স্থানীয় জেলেরা নৌ পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয়। পরিচয় শনাক্তের পর নিশ্চিত হওয়া যায়, এটি গত শনিবার নদীতে নিখোঁজ হওয়া শিশু আব্দুল্লাহর ৫ বছর মরদেহ। পরিবারের কোনো অভিযোগ না থাকায় প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে গত শনিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ভাসানচর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাগরজা গ্রামে ওই দুর্ঘটনা ঘটে। কৃষক আজিজুল গাজী দুটি গরু গোসল করানোর জন্য কালাবদর নদীর তীরে নিয়ে যান। এ সময় তার পাঁচ বছরের শিশুসন্তান আব্দুল্লাহ নদীর পাড়েই দাঁড়িয়ে ছিল। হঠাৎ নদীভাঙনে পায়ের নিচের মাটি ধসে পড়ে শিশুটি নদীতে তলিয়ে যায়।

বিএনপি আমলে মেধার জোরে চাকরি হবে : এমপি চাঁদ

বাঘা (রাজশাহী) প্রতিনিধি
বিএনপি আমলে মেধার জোরে চাকরি হবে : এমপি চাঁদ
ছবি : কালের কণ্ঠ

বিএনপি সরকারের আমলে চাকরির জন্য কোনো টাকা-পয়সা খরচ করতে হবে না বলে মন্তব্য করেছেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য ও রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ। তিনি বলেন, চাকরি হবে মেধার জোরে।

সোমবার (২০ জুলাই) সকালে রাজশাহীর বাঘায় শাহদৌলা সরকারি কলেজে স্নাতক (সম্মান) শ্রেণির কোর্স সমাপনী উৎসবে এ কথা বলেন তিনি। 

এমপি চাঁদ বলেন, বেকারত্ব একটি অভিশাপ। ভালোভাবে লেখাপড়া করে বেকারত্ব দূর করতে হবে। 

ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সমালোচনা করে এই সংসদ সদস্য বলেন, আমরা শেখ হাসিনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলাম। পরে ছাত্র-জনতার আন্দোলন থামাতে হুকুম দিয়ে হেলিকপ্টার থেকে গুলি করে মানুষ মারা হয়েছে। তাতেও তার শেষ রক্ষা হয়নি। তাকেসহ তার দলের অধিকাংশ নেতাদের দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে।

তিনি আরো বলেন, জামায়াতে ইসলামী দল শেখ হাসিনার পা ধরে সালাম করে মাত্র তিনটা সিট পেয়েছিল। আর বিএনপি দেশের মানুষের কল্যাণে আন্দোলন সংগ্রাম করে এখনো টিকে আছে।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল হাসান বাবলু, সদস্যসচিব আশরাফ আলী মলিন, সাবেক সভাপতি সহকারী অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন ও সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, উপজেলা বিএনপির সদস্য মুখলেছুর রহমান মুকুল, সুরুজ্জামান সুরুজ, আমজাদ খান, যুবদল নেতা সালেহ আহমদ সালাম, শফিকুল ইসলাম শফিক, জেলা ছাত্রদলের আহ্বায়ক এসএম সালাউদ্দিন আহমেদ শামীম সরকারসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।