• ই-পেপার

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১.১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

ভারতে টানেলে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ২২

অনলাইন ডেস্ক
ভারতে টানেলে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ২২
ছবি : এক্স থেকে নেওয়া।

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় সিকিম রাজ্যে নির্মাণাধীন একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে আরো সাতটি মরদেহ উদ্ধার করা হয়েছে। এর ফলে বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২২ জনে দাঁড়িয়েছে বলে বৃহস্পতিবার (২৩ জুন) রাজ্য সরকার জানিয়েছে।

সোমবার সামারদুং গ্রামের তিস্তা নদীর ওপর রাষ্ট্রায়ত্ত ন্যাশনাল হাইড্রোইলেকট্রিক পাওয়ার করপোরেশন (এনএইচপিসি)-এর নির্মাণাধীন জলবিদ্যুৎ প্রকল্পে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এর আগে উদ্ধারকারীরা ১৩  এবং পরে ২০ জনের নিহত হওয়ার খবর দিয়েছিল। 

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, সুড়ঙ্গের ভেতরে শিলার মধ্যে আটকে থাকা বা সেখান থেকে নির্গত মিথেন গ্যাসের কারণে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর সুড়ঙ্গটি ঘন ধোঁয়া ও বিষাক্ত গ্যাসে ভরে যায়, ফলে এনএইচপিসির ২৫ জন কর্মী ও কর্মকর্তা সেখানে আটকা পড়েন। 

সিকিম রাজ্য সরকার এক ফেসবুক পোস্টে জানিয়েছে, ‘উদ্ধার অভিযান এখনও চলছে। বিশেষজ্ঞ দলগুলো সমন্বিতভাবে কাজ করে বাকি নিখোঁজদের খুঁজে বের করার চেষ্টা করছে।’ কর্তৃপক্ষ আগেই জানিয়েছিল, সুড়ঙ্গে আটকে পড়াদের বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম। 

সপ্তাহের শুরুতে কর্মকর্তারা জানান, সুড়ঙ্গের ভেতরে জমে থাকা কাদা ও পানি এবং সম্ভাব্য গ্যাস লিকের কারণে শ্বাস-প্রশ্বাসের সমস্যা সৃষ্টি হওয়ায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। এদিকে এনএইচপিসি বুধবার ঘোষণা করেছে, এই দুর্ঘটনায় নিহতদের প্রত্যেকের পরিবারকে ৫ লাখ ভারতীয় রুপি (প্রায় ৫১৭৮ মার্কিন ডলার) আর্থিক সহায়তা দেওয়া হবে
 

থাইল্যান্ডে সশস্ত্র হামলায় ৫ নিরাপত্তা সদস্য নিহত, আহত ৬ বেসামরিক

অনলাইন ডেস্ক
থাইল্যান্ডে সশস্ত্র হামলায় ৫ নিরাপত্তা সদস্য নিহত, আহত ৬ বেসামরিক
ছবি : রয়টার্স।

থাইল্যান্ডের অশান্ত দক্ষিণাঞ্চলে এক সশস্ত্র হামলায় পাঁচজন নিরাপত্তা সদস্য নিহত এবং দুই শিশুসহ ছয়জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, বুধবার গভীর রাতে নারাথিওয়াত প্রদেশের একটি রাস্তার পাশের চেকপয়েন্টে প্রায় ১০ জন হামলাকারী হামলা চালায়। 

তারা পিকআপ ট্রাক ও মোটরসাইকেলে করে এসে সামরিক অস্ত্র ও পাইপ বোমা ব্যবহার করে আক্রমণ করে। হামলায় পাঁচজন আধাসামরিক সেনা নিহত হন। আহতদের মধ্যে তিন বছর বয়সী এক মেয়ে ও ১০ বছর বয়সী এক ছেলেও রয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, হামলাকারীরা পালানোর আগে চেকপয়েন্ট থেকে তিনটি একে-৪৭ রাইফেল, তিনটি বুলেটপ্রুফ ভেস্ট এবং কয়েকটি মোবাইল ফোন নিয়ে যায়। পরে হামলাস্থল থেকে প্রায় ২১ কিলোমিটার দূরে হামলায় ব্যবহৃত পিকআপ ট্রাকটি পুড়িয়ে ফেলা অবস্থায় উদ্ধার করা হয়। এ হামলার দায় এখনো কোনো গোষ্ঠী স্বীকার করেনি। তবে থাই সরকার ঘটনাটিকে সন্ত্রাসী হামলা হিসেবে নিন্দা করেছে। 

সরকারের মতে, এটি জাতীয় নিরাপত্তার জন্য গুরুতর হুমকি এবং চলমান শান্তি প্রচেষ্টার জন্য বাধা। মালয়েশিয়া সীমান্তবর্তী থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে দীর্ঘদিন ধরে বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহ চলছে। প্রধানত মুসলিম মালয় অধ্যুষিত পাতানি, ইয়ালা, নারাথিওয়াত এবং সোংখলার কিছু অংশে এই সংঘাত কেন্দ্রীভূত।

সংঘাত পর্যবেক্ষক সংস্থা ডিপ সাউথ ওয়াচের তথ্য অনুযায়ী, ২০০৪ সাল থেকে চলমান সহিংসতায় সাত হাজার ৮০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে। মালয়েশিয়ার মধ্যস্থতায় ২০১৩ সালে শান্তি আলোচনা শুরু হলেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি।

তবে থাই সরকার সম্প্রতি প্রধান বিদ্রোহী গোষ্ঠী বারিসান রেভোলুসি ন্যাসিওনাল (বিআরএন)-এর সঙ্গে আলোচনা পুনরায় শুরু করার অঙ্গীকার করেছে। বিআরএনও সম্প্রতি জানিয়েছে, সংঘাত সমাধানের একমাত্র কার্যকর উপায় হলো সংলাপ।


 

লোহিত সাগরে ২ সৌদি তেল ট্যাংকারে হামলা, দাবি হুতিদের

অনলাইন ডেস্ক
লোহিত সাগরে ২ সৌদি তেল ট্যাংকারে হামলা, দাবি হুতিদের
ছবি : রয়টার্স

ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা বৃহস্পতিবার দাবি করেছে, সৌদি আরবের ওপর ঘোষিত নৌ অবরোধের অংশ হিসেবে তারা দুটি সৌদি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে। এতে বৈশ্বিক তেল সরবরাহে নতুন সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। এর আগে ইরান হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে দেওয়ায় তেল পরিবহন ইতিমধ্যে চাপের মুখে রয়েছে।

এদিকে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে তারা বুধবার রাতে ইরানের বিরুদ্ধে নতুন হামলা চালিয়েছে। এটি টানা ১২তম রাতের মার্কিন হামলা। ইয়েমেনভিত্তিক হুতিরা বাব আল-মানদেব প্রণালির আশপাশের গুরুত্বপূর্ণ এলাকা নিয়ন্ত্রণ করে। সোমবার তারা সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধের ঘোষণা দেয়।

কিছু বিশ্লেষকের মতে, এই পদক্ষেপ ইরানের পক্ষ থেকে চলমান সংকটে চাপ বাড়ানো ও দর কষাকষির কৌশলের অংশ হতে পারে। লোহিত সাগরে নৌ চলাচলের ওপর নতুন হুমকি তৈরি হওয়ার আগেই ইরানের হরমুজ প্রণালি প্রায় পুরোপুরি অবরোধের কারণে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যায়। এর ফলে বিভিন্ন দেশে মুদ্রাস্ফীতির চাপ বৃদ্ধি পায় এবং যুক্তরাষ্ট্রে পেট্রোলের দাম বাড়ায় ভোক্তাদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়।

এমন পরিস্থিতিতে এই সংঘাত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্যও রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আগামী নভেম্বরের কংগ্রেস নির্বাচনকে সামনে রেখে অজনপ্রিয় এই যুদ্ধ ট্রাম্পের রিপাবলিকান মিত্রদের ওপরও বাড়তি চাপ সৃষ্টি করছে।

বুধবার বাব এল-মানদেব প্রণালি এড়াতে লোহিত সাগরে চলাচলরত পাঁচটি তেলবাহী ট্যাংকার তাদের রুট পরিবর্তন করেছে। এর আগে মঙ্গলবার চীন ও ভারতের উদ্দেশে সৌদি তেল বহনকারী তিনটি ট্যাংকারও মাঝপথ থেকে ফিরে যায়।

হুতি বিদ্রোহীরা দাবি করেছে, তারা লোহিত সাগরে এনসেলিয়া ও লায়লা নামের দুটি সৌদি তেল ট্যাংকারে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।

সৌদি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ জানিয়েছে, এনসেলিয়া ট্যাংকারটি ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর সামনের অংশে আগুন ধরে যায়। তবে লায়লা ট্যাংকারে হামলার বিষয়টি এখনো নিশ্চিত করা হয়নি।

একটি সামুদ্রিক নিরাপত্তা সূত্র জানায়, এনসেলিয়া বুধবার গভীর রাতে বিপদ সংকেত পাঠিয়ে জানায় যে সৌদি বন্দর জিজানের কাছে লোহিত সাগরে এটি ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে।

বর্তমানে হরমুজ প্রণালি এড়িয়ে প্রতিদিন লাখ লাখ ব্যারেল সৌদি তেল লোহিত সাগরের ইয়ানবু বন্দরের মাধ্যমে পরিবহন করা হচ্ছে। তবে বাব এল-মানদেব প্রণালিও ঝুঁকিপূর্ণ হয়ে উঠলে জাহাজগুলোকে দীর্ঘ পথ ঘুরে যেতে হবে। সে ক্ষেত্রে সুয়েজ খালের উত্তর দিকের রুটই একমাত্র বিকল্প থাকবে, যা পরিবহন সময় কয়েক সপ্তাহ এবং খরচ উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দেবে।
 

প্রতিশোধের আগুন ২৩ বছরেও নেভে না!

অনলাইন ডেস্ক
প্রতিশোধের আগুন ২৩ বছরেও নেভে না!
সংগৃহীত ছবি

এ যেন সিনেমার চিত্রনাট্য। ছেলেবেলায় বাবাকে খুন হতে দেখা বা শোনার স্মৃতি মাথায় নিয়েই বড় হয় কেউ কেউ। বুকে জ্বালিয়ে রাখে প্রতিশোধের আগুন। বড় হয়ে পিতার খুনিকে খুঁজে বের করে প্রতিশোধ নেয়। সিনেমার খুব চেনা গল্প। সিনেমা নয়, বাস্তবে তেমনই এক প্রতিশোধের গল্পের মঞ্চায়ন হলো ভারতের মহারাষ্ট্রের পুনে জেলায়।

পুলিশ গত ১১ জুলাই পুনে জেলার ভোর তহসিলের পুরোনো কাটরাজ সুড়ঙ্গের কাছে সঞ্জয় বাবুরাও কাডু-দেশমুখ নামে ৪০ বছর বয়সী এক ব্যক্তির ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, তার শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন ছিল। পুনে গ্রামীণ পুলিশের লোকাল ক্রাইম ব্রাঞ্চ প্রযুক্তিগত প্রমাণ ব্যবহার করে মন্থন বৈদ্য এবং সৌরভ পরদেশীকে প্রধান সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করেন। সিনিয়র পুলিশ ইন্সপেক্টর প্রমোদ ক্ষীরসাগর সোমবার বলেন, ‘উভয়কেই ১৪ জুলাই আটক করা হয়। জিজ্ঞাসাবাদের সময় তারা স্বীকার করেছেন যে মিজান শেখ এবং সন্দীপ কোরি নামে আরো দুই সহযোগীর সাহায্যে তারা কাডু-দেশমুখকে হত্যা করেছেন।’

তবে এমনি এমনি তারা কাডু-দেশমুখকে খুন করেননি। এর কারণ লুকিয়ে আছে ২৩ বছর আগে। ২০০৩ সালে তুচ্ছ বিবাদের জেরে কাডু-দেশমুখ মন্থনের বাবা দিনেশ বৈদ্যকে হত্যা করেছিলেন বলে অভিযোগ রয়েছে। তখন মন্থনের বয়স ছিল মাত্র ছয় মাস। অ্যাসিস্ট্যান্ট পুলিশ ইন্সপেক্টর চেতন মাচালে জানান, মন্থন বছরের পর বছর ধরে তার বাবা হত্যার প্রতিশোধ নেওয়ার ক্ষোভ পুষে রেখেছিলেন এবং কাডু-দেশমুখকে সরিয়ে দেওয়ার জন্য অন্য আসামিদের সাথে ষড়যন্ত্র করেছিলেন। তিনি আরো জানান, কাডু-দেশমুখ যখন খুন হন, তখন তিনি অন্য একটি ফৌজদারি মামলায় জামিনে মুক্ত ছিলেন।