• ই-পেপার

ইরানে ১৪০ লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা, ৫ দেশে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা তেহরানের

দামেস্কে প্রথমবারের মতো বসল নতুন সিরীয় সংসদ

অনলাইন ডেস্ক
দামেস্কে প্রথমবারের মতো বসল নতুন সিরীয় সংসদ
নতুন সংসদ বক্তব্য রাখছেন সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারা, ছবি : বয়টার্স

সিরিয়ায় বাশার আল-আসাদ সরকারের পতনের পর সিরিয়ার নতুন সংসদ প্রথমবারের মতো অধিবেশনে বসেছে। রবিবার (১২ জুলাই) এই নতুন সিরীয় সংসদ অধিবেশন বসে। অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারার উপস্থিতিতে সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেন। স্পিকার নির্বাচনের মাধ্যমে তাদের কার্যক্রম শুরু করেন।

জানা যায়, ২২০ সদস্যবিশিষ্ট এই সংসদের দুই-তৃতীয়াংশ সদস্য নির্বাচিত। বাকিরা প্রেসিডেন্ট আহমেদ আল-শারা কর্তৃক নিযুক্ত হয়েছেন। খবর রয়টার্স

প্রেসিডেন্ট আহমেদ আল-শারার নেতৃত্বাধীন বিদ্রোহীরা বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার ১৯ মাস পর সিরিয়ার নতুন সংসদ বসলো। যা দেশটির রাজনৈতিক রূপান্তরের ক্ষেত্রে একটি মাইলফলক।  

দামেস্কের সংসদে দেওয়া এক ভাষণে শারা আইন প্রণেতাদের উদ্দেশে বলেন, ‘এই কাউন্সিলকে দায়িত্বশীলতা ও যোগ্যতার একটি অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে গড়ে তুলুন।’

 সংসদকে সত্য ও ন্যায়ের একটি মঞ্চ হিসেবেও বর্ণনা করেন সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট।

তিনি বলেন, ‘সিরিয়া এক গৌরবময় ইতিহাস রচনা করছে যা তার বীরত্বকে প্রতিফলিত করে। আমাদের সামনে এখন জাতি ও ব্যক্তি উভয়কেই গড়ে তোলার দায়িত্ব রয়েছে।’

দশক ধরে আসাদ পরিবারের চালানো একটি পুলিশি রাষ্ট্র—যেখানে আইনসভাকে কেবল নামমাত্র বা রবার স্ট্যাম্প হিসেবে দেখা হতো—সেই সিরিয়ায় একটি অন্তর্ভুক্তিমূলক নতুন ব্যবস্থা গড়ে তোলার যে প্রতিশ্রুতি শারা দিয়েছিলেন, এই সংসদকে তারই একটি পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে।

ভারতের কর্ণাটক

ভাঙতি না থাকায় পরিবহনমন্ত্রীকে বাস থেকে নামিয়ে দিলেন কন্ডাক্টর

অনলাইন ডেস্ক
ভাঙতি না থাকায় পরিবহনমন্ত্রীকে বাস থেকে নামিয়ে দিলেন কন্ডাক্টর
সংগৃহীত ছবি

ভারতের কর্ণাটকের পরিবহনমন্ত্রী বাইরাথি সুরেশ ছদ্মবেশে গণপরিবহন পরিদর্শনে গিয়ে যাত্রীদের নিত্যদিনের ভোগান্তির বাস্তব চিত্রের মুখোমুখি হয়েছেন। ১০০ রুপির নোটের ভাঙতি না থাকায় এক বাস কন্ডাক্টর তাকে বাস থেকে নামিয়ে দেন। খবর টাইমস অব ইন্ডিয়া

শনিবার (১১ জুলাই) রাতে বেঙ্গালুরুর বাসসেবা পরিদর্শনের অংশ হিসেবে মুখে মাস্ক পরে সাধারণ যাত্রীর বেশে হেব্বাল থেকে নাগাশেট্টিহাল্লিগামী একটি বেঙ্গালুরু মেট্রোপলিটন ট্রান্সপোর্ট করপোরেশন (বিএমটিসি) বাসে ওঠেন সুরেশ। তিনি কন্ডাক্টরকে একটি ১০০ রুপির নোট দিয়ে দুটি টিকিট চান।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, কন্ডাক্টর তার কাছে ভাঙতি চাইলে মন্ত্রী জানান, তার কাছে খুচরা রুপি নেই। তখন কন্ডাক্টর নিজের রুপির ব্যাগ দেখিয়ে বলেন, তার কাছেও পর্যাপ্ত ভাঙতি নেই। এরপর ভাঙতি দিতে না পারলে মন্ত্রীকে বাস থেকে নেমে যেতে বলেন ওই কন্ডাক্টর। মুখে মাস্ক থাকায় কন্ডাক্টর বুঝতে পারেননি যে যাত্রীটি রাজ্যের পরিবহন মন্ত্রী। কন্ডাক্টরকে কোনো উত্তর না দিয়েই মন্ত্রী বাস থেকে নেমে যান।

সন্ধ্যা ৭টা ১০ মিনিট থেকে রাত ৯টা ১০ মিনিট পর্যন্ত তিনি জয়মহল, টিভি টাওয়ার, আরটি নগর, সিবিআই রোড, হেব্বাল, মান্যতা টেক পার্ক, নাগাওয়ারা, হেন্নুর, হেন্নুর বান্দে, বায়রাথি বান্দে ও গেদ্দালাহাল্লি রুটে গণপরিবহন সেবা পর্যবেক্ষণ করেন।

এ সময় রাজ্যটির পরিবহনমন্ত্রী অল্প দূরত্বের জন্য একটি অটোরিকশাতেও ভ্রমণ করেন। নাগাশেট্টিহাল্লি এলাকায় যাত্রা শেষে মিটারে ভাড়া ৩০ রুপি দেখালেও চালক তার কাছে ৩৬ রুপি দাবি করেন। কারণ জানতে চাইলে চালক বলেন, মিটারটি পুনরায় ক্যালিব্রেট করা হবে। শেষ পর্যন্ত পরিবহনমন্ত্রী চালককে ৪০ রুপি পরিশোধ করে অটোরিকশা থেকে থেকে নেমে যান।

সুপার এল নিনোর প্রভাব

বিশ্বে ২০২৮ সাল পর্যন্ত ঊর্ধ্বমুখী থাকবে খাদ্যের দাম

অনলাইন ডেস্ক
বিশ্বে ২০২৮ সাল পর্যন্ত ঊর্ধ্বমুখী থাকবে খাদ্যের দাম
সংগৃহীত ছবি

ইরান যুদ্ধের পাশাপাশি চলতি বছর বিশ্বজুড়ে খাদ্যপণ্যের সরবরাহ ও দামে দ্বিতীয় ধাক্কা দিতে পারে ‘সুপার’ এল নিনো। এর প্রভাব ২০২৮ সাল পর্যন্ত স্থায়ী হতে পারে বলে সতর্ক করেছেন অর্থনীতিবিদরা। সুপার এল নিনো হলো প্রশান্ত মহাসাগরের তাপমাত্রা অস্বাভাবিক বৃদ্ধির একটি চরম জলবায়ুগত পর্যায়। খবর গার্ডিয়ান

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওসেনিক অ্যান্ড অ্যাটমোস্ফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশনের (নোয়া) পূর্বাভাসের বরাতে গার্ডিয়ান জানিয়েছে, ২০২৬-২৭ সালের এল নিনোর চক্রটি বিশ্বজুড়ে বন্যা ও খরার ঝুঁকি বাড়িয়ে ফসল উৎপাদন এবং খাদ্য সরবরাহকে ক্ষতিগ্রস্ত করতে পারে। সম্ভাব্য ভয়াবহ পরিস্থিতির কারণে এটিকে ‘সুপার’ বা ‘গডজিলা’ এল নিনো বলা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের বহুজাতিক বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাক্সের বিশ্লেষকরা জানিয়েছেন, এল নিনো ইতোমধ্যে ফসলের ওপর প্রভাব ফেলতে শুরু করেছে।  ভারতে বর্ষা মৌসুম শুষ্ক হয়ে উঠেছে। কিছু অঞ্চলে স্বাভাবিকের তুলনায় মাত্র ২৫ শতাংশ বৃষ্টিপাত হয়েছে। দেশটির মধ্যাঞ্চলের কিছু অংশে বৃষ্টিপাত রেকর্ড হয়েছে ৫০ শতাংশ। যা গম, চাল ও আখের সরবরাহকে ব্যাহত করতে পারে।

গোল্ডম্যান স্যাক্সের মতে, খাদ্যপণ্যের দাম ১৫ দশমিক ৮ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। এর একটি পরোক্ষ প্রভাব বিশ্বজুড়েই পড়বে। তবে জলবায়ু পরিবর্তনের সঙ্গে ব্যয়ের এই সম্পর্ক দৃশ্যমান হতে কিছুটা সময় লাগবে। চূড়ান্ত পরিস্থিতি প্রকাশ পেতে পারে ২০২৮ সালের জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে।

ইতালীয় ব্যাংক ইউনিক্রেডিটের মতে, ‘সুপার’ এল নিনোর কারণে বিশ্বব্যাপী কৃষি উৎপাদন ১৪ দশমিক ৩ শতাংশ পর্যন্ত ধাক্কার মুখে পড়তে পারে। এটি প্রায় ৩৪ হাজার ২০০ কোটি ডলারের সমপরিমাণ উৎপাদন ক্ষতির সমান।

ব্যাংকটি জানিয়েছে, প্রধান প্রধান খাদ্যপণ্যের দাম ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। সবচেয়ে ঝুঁকিতে থাকা ফসল, যেমন- চাল, পাম অয়েল, চিনি ও কফির দাম ৫০ থেকে ১০০ শতাংবা বা তারও বেশি বৃদ্ধি পেতে পারে। এটি মূলত ‘ক্লাইমেটফ্লেশন’ বা জলবায়ুজনিত মূল্যস্ফীতিকে আবারও সামনে নিয়ে আসছে।

অতীত উদাহরণ থেকে দেখা গেছে, এল নিনো বারবারই ফসল উৎপাদন ও খাদ্য সরবরাহ ব্যবস্থাকে মারাত্মকভাবে ব্যাহত করেছে। এক শতাব্দীরও বেশি সময় আগের ভয়াবহ এক এল নিনোর কারণে চীন, আফ্রিকার দক্ষিণাঞ্চল, ব্রাজিল, মিশর ও ভারতে খরা দেখা দিয়েছিল। ঔপনিবেশিক শাসনের কারণে পরিস্থিতি আরও শোচনীয় রূপ নেওয়ায় দুর্ভিক্ষ দেখা দেয়। কেবল ভারতে ১৮৭৬ থেকে ১৮৭৮ সালের মধ্যে ৬০ লাখের বেশি মানুষ মারা যায়।

৩৬ কোটি টাকার সম্পত্তি বন্ধুর নামে লিখে দিলেন চীনা তরুণ

অনলাইন ডেস্ক
৩৬ কোটি টাকার সম্পত্তি বন্ধুর নামে লিখে দিলেন চীনা তরুণ
সংগৃহীত ছবি

চীনের সাংহাইয়ে ১৯ বছর বয়সী এক শিক্ষার্থী প্রায় দুই কোটি ইউয়ানের (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৬ কোটি টাকার সমপরিমাণ) সম্পদ নিজের পরিবারের সদস্যদের বাদ দিয়ে শৈশবের এক বন্ধুর নামে  লিখে উইল করে দিয়েছেন। উইলটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। 

গোপনীয়তা রক্ষার জন্য তার পুরো নাম প্রকাশ করা হয়নি। শুধু তার পদবি ‘লি’ প্রকাশ করা হয়েছে। সম্প্রতি তার করা উইলটি আনুষ্ঠানিকভাবে সত্যায়িত হয়েছে। ‘সাউথ চায়না মর্নিং পোস্ট’ জানিয়েছে, লির সম্পদের মধ্যে একটি ফ্ল্যাট এবং উল্লেখযোগ্য পরিমাণ সঞ্চয় রয়েছে। লি জানান, তার বাবা-মায়ের বিচ্ছেদের পর দুজনই নতুন করে বিয়ে করেন। এরপর তারা তাকে এই সম্পদগুলো দেন। তিনি বলেন, ব্যক্তিগত কারণের পাশাপাশি বাস্তব চিন্তা থেকেও তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। কারণ তিনি নিয়মিত বিভিন্ন ঝুঁকিপূর্ণ খেলাধুলায় অংশ নেন। তাই ভবিষ্যতে কোনো দুর্ঘটনা ঘটলে তার সম্পত্তি যেন তার নিজের ইচ্ছা অনুযায়ী বণ্টন হয়, সে জন্য আগেই উইল করে রেখেছেন। লি আরো জানান, তার বাবা ও মায়ের বর্তমান জীবনসঙ্গীদের তিনি নিজের পরিবারের সদস্য বলে মনে করেন না। তাই তারা ভবিষ্যতে যেন তার সম্পত্তির কোনো অংশ না পান, সেটিও তিনি নিশ্চিত করতে চেয়েছেন। এ কারণেই তিনি তার শৈশবের এক ঘনিষ্ঠ বন্ধুর নামে সব সম্পত্তি লিখে দিয়েছেন। তার ভাষায়, বহু বছর ধরে ওই বন্ধুকে তিনি চেনেন এবং তার ওপর সম্পূর্ণ আস্থা রয়েছে।

চীনের উত্তরাধিকার আইন অনুযায়ী, লি অবিবাহিত এবং তার কোনো সন্তান নেই। ফলে সাধারণ নিয়মে তার মৃত্যুর পর বাবা-মাই তার বৈধ উত্তরাধিকারী হতেন। তবে দেশটির আইনে বৈধভাবে উইল করলে নিকট আত্মীয়দের বাইরে অন্য যেকোনো ব্যক্তির নামেও সম্পত্তি রেখে যাওয়ার সুযোগ রয়েছে। লি তার উইল সাংহাইয়ের ‘চায়না উইল রেজিস্ট্রেশন সেন্টারে’ নিবন্ধন করেছেন। কেন্দ্রটির নিয়ম অনুযায়ী, যাকে সম্পত্তির উত্তরাধিকারী হিসেবে মনোনীত করা হয়েছে, তাকে উইলকারীর মৃত্যুর ৬০ দিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে সেই সম্পত্তি গ্রহণ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে তা না করলে তিনি ওই সম্পত্তির ওপর আইনগত দাবি হারাতে পারেন।

এই ঘটনায় চীনে আরেকটি গুরুত্বপূর্ণ প্রবণতাও সামনে এসেছে। চায়না উইল রেজিস্ট্রেশন সেন্টারের তথ্য বলছে, আগের তুলনায় এখন অনেক বেশি তরুণ-তরুণী অল্প বয়সেই উইল করছেন। তথ্য অনুযায়ী, গত কয়েক বছরে উইল নিবন্ধনকারীদের গড় বয়স ৭৭ বছর থেকে কমে ৬৭ বছরে নেমে এসেছে। কর্মকর্তাদের মতে, আশির দশক, নব্বইয়ের দশক এবং ২০০০ সালের পর জন্ম নেওয়া মানুষের মধ্যে আগেভাগেই সম্পত্তি ও উত্তরাধিকার নিয়ে পরিকল্পনা করার প্রবণতা বাড়ছে। এটি আর্থিক পরিকল্পনা এবং উত্তরাধিকার বিষয়ে মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এদিকে, লির সিদ্ধান্ত সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। অনেকেই নিজের আইনি অধিকার ব্যবহার করে ভবিষ্যতের জন্য পরিকল্পনা করার কারণে তার প্রশংসা করেছেন। আবার অনেকে প্রশ্ন তুলেছেন, পরিবারের সদস্যদের বাদ দিয়ে কেন তিনি একজন বন্ধুকে তার সব সম্পত্তির উত্তরাধিকারী হিসেবে বেছে নিয়েছেন।