• ই-পেপার

চড়া মূল্যে বিক্রি হচ্ছে টেইলর সুইফটের বিয়ের ‘আবর্জনা’!

হানিমুনে অস্ট্রেলিয়ায় আমির-গৌরী, সঙ্গে দুই সন্তানও

বিনোদন ডেস্ক
হানিমুনে অস্ট্রেলিয়ায় আমির-গৌরী, সঙ্গে দুই সন্তানও
সংগৃহীত ছবি

বিয়ের এক সপ্তাহও পার হয়নি। এরই মধ্যে স্ত্রী গৌরী স্প্র্যাটকে নিয়ে মধুচন্দ্রিমায় পাড়ি জমিয়েছেন বলিউড সুপারস্টার আমির খান। তবে এই সফর শুধু নবদম্পতির নয়, তাদের সঙ্গে যোগ দিয়েছে দুই সন্তানও।

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বর্তমানে অস্ট্রেলিয়ার মেলবোর্নে অবস্থান করছেন আমির ও গৌরী। তাদের সফরসঙ্গী হয়েছেন আমির খানের দ্বিতীয় স্ত্রী কিরণ রাওয়ের ছেলে আজাদ রাও খান এবং গৌরী স্প্র্যাটের প্রথমপক্ষের ছেলে কুইন স্প্র্যাট।

জানা গেছে, মেলবোর্নে প্রথমে একটি ভারতীয় চলচ্চিত্র উৎসবে অংশ নেবেন আমির। আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর গৌরী ও দুই সন্তানকে নিয়ে কয়েক দিন অবকাশযাপন করবেন তিনি।

প্রতিবেদন বলছে, এই সফরের উদ্দেশ্য শুধু হানিমুন নয়; বরং নতুন পরিবার হিসেবে একসঙ্গে সময় কাটানোও। বিশেষ করে আজাদ ও কুইনের মধ্যে পারিবারিক বন্ধন আরো দৃঢ় করে তুলতে চান এই অভিনেতা।

গত ৫ জুলাই মুম্বাইয়ের পালি হিলে নিজের বাসভবনে ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন আমির খান ও গৌরী স্প্র্যাট। অনুষ্ঠানে আমিরের আগের দুই সংসারের সন্তানরাও উপস্থিত ছিলেন।

এদিকে বিয়ের পর নতুন ঠিকানায় বসবাসের প্রস্তুতিও নিচ্ছেন এই তারকা। জানা গেছে, পালি হিলের বর্তমান বাড়ি ছেড়ে প্রায় ১০০ কোটি রুপি মূল্যের ‘মেরিনা’ আবাসনের তিনটি ফ্ল্যাটে উঠবেন তিনি। সেখানে আমির ও গৌরীর পাশাপাশি কাছাকাছি থাকবেন কিরণ রাও ও ছেলে আজাদ, আমিরের বড় ছেলে জুনায়েদ খান, বোন নিখাত খান এবং মা জিনাত হুসেন।

উল্লেখ্য, প্রায় দুই বছর ধরে সম্পর্কে ছিলেন আমির খান ও গৌরী স্প্র্যাট। ২০২৫ সালে নিজের ৬০তম জন্মদিনে প্রথমবারের মতো প্রকাশ্যে তাদের সম্পর্কের কথা জানান অভিনেতা। পরে চলতি মাসের ৫ জুলাই ঘরোয়া আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই যুগল।

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর মুকুট জিতলেন সামানজার

বিনোদন প্রতিবেদক
‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর মুকুট জিতলেন সামানজার
সংগৃহীত ছবি

দেশের অন্যতম মর্যাদাপূর্ণ সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬’-এর বিজয়ী হয়েছেন সামানজার সাঈদ। এই সাফল্যের মধ্য দিয়ে আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস ওয়ার্ল্ড’-এর ৭৫তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেলেন তিনি।

শনিবার (১১ জুলাই) রাজধানীর র‍্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনের মল্লিকা হলে আয়োজিত বর্ণাঢ্য গ্র্যান্ড ফিনালেতে বিজয়ীর নাম ঘোষণা করা হয়। অনুষ্ঠানে বিচারকদের চূড়ান্ত রায়ের ভিত্তিতে সামানজার সাঈদের মাথায় ওঠে এবারের আসরের বিজয়মুকুট।

এবারের প্রতিযোগিতার প্রথম রানারআপ হয়েছেন স্বাগতা সাহা ঐশী। দ্বিতীয় রানারআপের খেতাব অর্জন করেছেন লাবিবা মনজুর।

‘আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্প’ (এএমটিসি) আয়োজিত এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মূল্যায়নে শুধু সৌন্দর্য নয়, বুদ্ধিমত্তা, নেতৃত্বের গুণ, আত্মবিশ্বাস এবং সামাজিক দায়বদ্ধতাকেও সমান গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

গ্র্যান্ড ফিনালের বিচারক প্যানেলে ছিলেন মিস ইউনিভার্স বাংলাদেশ ২০১৯-এর শিরিন আক্তার শিলা, মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৯-এর রাফা নানজীবা তোরসা, হেরিটেজ টেক্সটাইল বিশেষজ্ঞ শেখ সাইফুর রহমান, মেহরিন আফরোজ চৌধুরী এবং এফা তাবাসসুম। তাদের মূল্যায়নের ভিত্তিতেই নির্বাচিত হয় এবারের সেরা প্রতিযোগীরা।

মুকুট জয়ের পর থেকেই আন্তর্জাতিক আসরের প্রস্তুতিতে মনোযোগ দিয়েছেন সামানজার সাঈদ। আগামী কয়েক সপ্তাহ তিনি ব্যক্তিত্ব বিকাশ, আন্তর্জাতিক উপস্থাপনা দক্ষতা এবং ‘বিউটি উইথ আ পারপাস’ কার্যক্রমের আওতায় বিভিন্ন সামাজিক ও মানবিক উদ্যোগে অংশ নেবেন।

আগামী ৯ আগস্ট ভিয়েতনামের হো চি মিন সিটিতে শুরু হবে ৭৫তম ‘মিস ওয়ার্ল্ড’-এর মূল প্রতিযোগিতা। বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে সেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন সামানজার সাঈদ। আর প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আগামী ৫ সেপ্টেম্বর।

কিশোরীকে উত্যক্ত ও মারধরের অভিযোগে গ্রেপ্তার টিভি অভিনেতা

অনলাইন ডেস্ক
কিশোরীকে উত্যক্ত ও মারধরের অভিযোগে গ্রেপ্তার টিভি অভিনেতা
সংগৃহীত ছবি

১৬ বছর বয়সী এক কিশোরীকে পিছু নেওয়া, অনবরত ফোন করে হয়রানি এবং মারধরের অভিযোগে হিন্দি টেলিভিশনের অভিনেতা রোহিত চান্ডেলকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। তার বিরুদ্ধে পকসো আইন এবং ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় মামলা করা হয়েছে।

মুম্বাইয়ের পূর্ব শহরতলির এক বাসিন্দার করা অভিযোগের ভিত্তিতে পুলিশ অ্যাকশন নেয়। অভিযোগ অনুযায়ী, ২৯ বছর বয়সী রোহিত চান্ডেল নিজের মোবাইল নম্বরসহ বিভিন্ন নম্বর থেকে ওই ১৬ বছরের কিশোরীকে বারবার ফোন করে উত্যক্ত ও হয়রানি করতেন। গত ৫ জুলাই রোহিত ওই কিশোরীর আবাসিক ভবনের কাছে চলে যান। সেখানে মেয়েটির পিছু নিয়ে একপর্যায়ে ঝগড়া শুরু করেন এবং তাকে গালাগাল করাসহ হাত দিয়ে মারধর করেন। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত অভিনেতা ও ভুক্তভোগী নাবালিকার মধ্যে আগে থেকেই পরিচয় ছিল।

অভিযোগ পাওয়ার পরপরই দহিসর এলাকায় অভিনেতার নিজস্ব বাসস্থান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর রোহিত চান্ডেলকে একটি বিশেষ পকসো আদালতে হাজির করা হলে বিচারক তাকে পুলিশের হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। এই বিষয়ে এক পুলিশ কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানান, অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। পুরো ঘটনাটির আরো বিস্তারিত তদন্ত চলছে।

বড়পর্দা থেকে দূরে থাকার কারণ জানালেন হেমা মালিনী

অনলাইন ডেস্ক
বড়পর্দা থেকে দূরে থাকার কারণ জানালেন হেমা মালিনী
সংগৃহীত ছবি

বলিউডের ‘ড্রিম গার্ল’ খ্যাত কিংবদন্তি অভিনেত্রী হেমা মালিনী বহু বছর ধরেই বড়পর্দা থেকে দূরে রয়েছেন। সম্প্রতি তার ৬০ বছরের চলচ্চিত্রজীবন উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি বললেন, কেন এখন আর তাকে অভিনয়ে দেখা যায় না এবং কী শর্তে তিনি আবারও ক্যামেরার সামনে দাঁড়াতে রাজি আছেন।

হেমা মালিনী জানান, বর্তমান যুগের সিনেমা তৈরির পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়া তার পক্ষে বেশ কঠিন। তার মতে, সত্তর ও আশির দশকে সিনেমা তৈরির ধরন ছিল সম্পূর্ণ আলাদা এবং তখন শুটিং সেটে সবার মধ্যে অনেক বেশি আন্তরিকতা ছিল। এখন প্রযুক্তির ব্যবহার যেমন বেড়েছে, তেমনি কাজের গতিও অনেক দ্রুত হয়েছে। পুরো শুটিং পদ্ধতিটাই বদলে যাওয়ায় এই নতুন ব্যবস্থার সঙ্গে তিনি নিজেকে খাপ খাওয়াতে স্বচ্ছন্দ বোধ করছেন না। ব্যক্তিগতভাবে পুরনো দিনের কাজের পদ্ধতিই তার বেশি প্রিয়।

সিনেমা থেকে দূরে থাকলেও রুপালি পর্দার প্রতি ভালোবাসা কমেনি হেমা মালিনীর। তবে শুধু পর্দায় নিজের উপস্থিতি জানানোর জন্য বা যেকোনো চরিত্রে তিনি অভিনয় করতে রাজি নন। তিনি বলেন, ‘আমি সিনেমাকে এখনো ভীষণ ভালোবাসি। কিন্তু শুধু পর্দায় থাকার জন্য কোনো চরিত্র করতে চাই না। এমন চরিত্রে অভিনয় করতে চাই, যেটা আমায় অনুপ্রাণিত করবে। তিনি জানান, যদি মনের মতো সঠিক কোনো চিত্রনাট্য পান, তবেই তিনি আবার অভিনয়ে ফিরবেন।’

বর্তমানে ওটিটি প্ল্যাটফর্ম এবং নতুন প্রজন্মের নির্মাতারা যে ভিন্নধর্মী ও নতুন ধরনের কাজ করছেন, তাকে সাধুবাদ জানিয়েছেন এই প্রবীণ অভিনেত্রী। তিনি এই পরিবর্তনকে ইতিবাচকভাবে দেখেন ও সম্মান করেন, তবে নিজের জন্য পুরনো আমেজটাই বেছে নিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন।

সূত্র : এই সময়