দেশের বৃহত্তম পপ কুইজ প্রতিযোগিতা ‘ডিইউকিউএস পপ ব্যাটল ৩.০’ আয়োজন করতে যাচ্ছে ঢাকা ইউনিভার্সিটি কুইজ সোসাইটি (ডিইউকিউএস)। আগামী শনিবার (২৫ জুলাই) ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) অডিটোরিয়ামে এটি অনুষ্ঠিত হবে। টিএসসি-ভিত্তিক এই সাংস্কৃতিক সংগঠন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে কুইজিংয়ের চেতনা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি একাধিক জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের ফেস্ট আয়োজনের অভিজ্ঞতা অর্জন করেছে। এবারের আয়োজনে দেশ-বিদেশের বিভিন্ন পপ কালচারভিত্তিক বিষয় নিয়ে মোট পাঁচটি সেগমেন্ট থাকছে। আগের সংস্করণের 'আল্টিমেট পপ ব্যাটল' ও 'উইব ওয়ার্স'-এর সঙ্গে এবার নতুন করে যুক্ত হচ্ছে ‘বাংলাভার্স’, ‘মাল্টিভার্স অফ হিরোস’ এবং ‘দ্য ডিটেকটিভস আর্কাইভ।’ বাংলা সিনেমা, গান ও টেলিভিশন শো নিয়ে দলগত সেগমেন্ট ‘বাংলাভার্সে’ সম্পূর্ণ বিনামূল্যে অংশগ্রহণ করা যাবে দুই থেকে তিনজনের দল নিয়ে। সুপারহিরোপ্রেমীদের জন্য থাকছে একক অংশগ্রহণের সুযোগসহ ‘মাল্টিভার্স অফ হিরোস’। গোয়েন্দা কাহিনিভিত্তিক ‘দ্য ডিটেকটিভস আর্কাইভে’ অংশ নিতে হবে সর্বোচ্চ দুইজনের দল নিয়ে। এনিমে ও মাঙ্গাভিত্তিক ‘উইব ওয়ার্স ২.০’-তেও থাকছে দুইজনের দলগত অংশগ্রহণের সুযোগ। আর কোনো নির্দিষ্ট সিলেবাস ছাড়াই দেশি-বিদেশি সব ধরনের মুভি, সিরিজ ও ট্রেন্ড নিয়ে আয়োজিত মূল আকর্ষণ ‘দি আল্টিমেট পপ ব্যাটলে’ সর্বোচ্চ তিনজনের দল অংশ নিতে পারবে