• ই-পেপার

ব্রহ্মপুত্রে নিখোঁজের ৪৮ ঘণ্টা পর মিলল কৃষকের মরদেহ

রক্ষণাবেক্ষণের অভাবে অচল শিক্ষার্থীদের ট্রলার, বাড়ছে ভোগান্তি

সদরপুর-চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি:
রক্ষণাবেক্ষণের অভাবে অচল শিক্ষার্থীদের ট্রলার, বাড়ছে ভোগান্তি
ছবি: কালের কণ্ঠ

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চরাঞ্চলে শিক্ষক-শিক্ষার্থীদের যাতায়াতের জন্য একটি ইঞ্জিনচালিত ট্রলার দেওয়া হয়েছিল। এটি জেলা প্রশাসনের উদ্যোগে দেওয়া হয়। এখন ট্রলারটি প্রায় অকেজো হয়ে পড়েছে। এতে শিক্ষক-শিক্ষার্থীদের দুর্ভোগ বেড়েছে।

২০২৩ সালের ১৩ নভেম্বর তৎকালীন জেলা প্রশাসক ট্রলারটি উপহার দেন। চরহরিরামপুর ইউনিয়নে এটি হস্তান্তর করা হয়। উদ্দেশ্য ছিল চরাঞ্চলের শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপদে নদীপথে যাতায়াতের সুযোগ করে দেওয়া।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ট্রলারটির কোনো রক্ষণাবেক্ষণ হয়নি। ফলে ইঞ্জিন নষ্ট হচ্ছে। ট্রলারের কাঠামোও ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্রুত সংস্কার না করলে এটি পুরোপুরি নষ্ট হয়ে যেতে পারে।

পশ্চিম শালিপুর হাই খানের হাট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কবির বেপারী বলেন, ট্রলারটি অচল হয়ে আছে। তাই সময়মতো খেয়া পাওয়া যায় না। অনেক সময় বিদ্যালয়ে যেতে দেরি হয়।

শিক্ষক, অভিভাবক ও স্থানীয়রা দ্রুত ট্রলারটি সংস্কারের দাবি জানিয়েছেন। তাদের মতে, ট্রলারটি চালু হলে শিক্ষক-শিক্ষার্থীদের যাতায়াত সহজ হবে। সাধারণ মানুষও উপকৃত হবেন।

চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া মমতাজ বলেন, ট্রলারটি দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। নিয়মিত রক্ষণাবেক্ষণের ব্যবস্থাও করা হবে। এতে চরাঞ্চলের শিক্ষা কার্যক্রমে ইতিবাচক প্রভাব পড়বে।

হাসপাতালের ছাদের পলেস্তারা খসে পড়ে রোগীর বাবা আহত

পিরোজপুর প্রতিনিধি
হাসপাতালের ছাদের পলেস্তারা খসে পড়ে রোগীর বাবা আহত
ছবি: কালের কণ্ঠ

পিরোজপুর সদর হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে নুরুল ইসলাম (৩৫) নামের এক রোগীর বাবা গুরুতর আহত হয়েছেন। রবিবার (১২ জুলাই) সকালে হাসপাতালের সংক্রমক ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। 

আহত ব্যক্তির নাম নুরুল ইসলাম। তিনি পিরোজপুরের নাজিরপুর উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের চরখালী গ্রামের রজ্জব আলী মৃধার ছেলে।  

নুরুল ইসলাম জানান, তার ছেলে রনি মৃধা এক সপ্তাহ ধরে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি রয়েছে। ছেলের দেখাশোনার জন্য শনিবার রাতে জেগেছিলেন তিনি। এ কারণে সকালে ছেলের বিছানায় ঘুমিয়েছিলেন নুরুল। পরে সকাল ১১টার দিকে হঠাৎ করে তার মাথার উপর ছাদ বিমের পলেস্তারা খসে পড়ে। এতে গুরুতর জখমপ্রাপ্ত হন তিনি। পরবর্তীতে সেখানে থাকা আরেক ব্যক্তি তাকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে চিকিৎসা দেন। বর্তমানে নুরুল ইসলাম ছেলের সঙ্গে একই বিছানায় রয়েছেন। 

ঘটনার সত্যতা স্বীকার করে পিরোজপুর সদর হাসপাতালে আবাসিক মেডিক্যাল অফিসার ডা. নিজাম উদ্দিন জানান, সংক্রমক ওয়ার্ডসহ মূল হাসপাতাল ভবনটি প্রায় ৪৪ বছরের পুরোনো। এ কারণে ভবনগুলোর অনেক বিম ও পিলার ফেটে রড বেরিয়ে গেছে। এ ছাড়া ছাদের অনেক অংশ থেকেও পলেস্তারা খসে পড়ছে। অন্যদিকে বিগত কয়েক দিন ধরে টানা বৃষ্টির কারণে পানি চুইয়ে ক্ষতিগ্রস্ত স্থানগুলো আরো নড়বড়ে হয়ে যাওয়ায় পলেস্তারা খসে পড়ছে। 

নিজাম উদ্দীনের দাবি, হাসপাতালে ভর্তি রোগীদের পাশাপাশি চিকিৎসক ও নার্সরাও ঝুঁকি নিয়ে সেবা দিয়ে যাচ্ছেন। তবে ক্ষতিগ্রস্ত অংশগুলোর মেরামত কাজ চলমান রয়েছে জানিয়ে তিনি বলেন, মেরামত কাজ শেষ হলে আর কোনো দুর্ঘটনা ঘটবে না। 

প্রসঙ্গত, এর আগেও পিরোজপুর সদর হাসপাতালের ছাদ থেকে পলেস্তারা খসে পড়ে বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছিল। তবে ১০০ শয্যার হাসপাতালটিকে ২৫০ শয্যায় উন্নীত করে পাশেই আরেকটি ৮ তলা নতুন ভবন নির্মাণ করা হলেও, এখন পর্যন্ত সেটি চালু হয়নি।

বিএনপি যতবার ক্ষমতায় এসেছে ততবারই গ্রামের উন্নয়ন করেছে : এমপি চাঁদ

বাঘা (রাজশাহী) প্রতিনিধি
বিএনপি যতবার ক্ষমতায় এসেছে ততবারই গ্রামের উন্নয়ন করেছে : এমপি চাঁদ
সংগৃহীত ছবি

বিএনপি যতবার ক্ষমতায় এসেছে, ততবারই গ্রামের উন্নয়ন করেছে বলে মন্তব্য করেছেন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ। তিনি বলেন, স্বাধীনতার ৫৪ বছরেও চরের মানুষ নিরাপত্তায় বসবাস করার সুযোগ পায়নি।

রবিবার (১২ জুলাই) সকালে রাজশাহীর বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নের চরাঞ্চলে পুলিশ ফাঁড়ির উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। 

আবু সাইদ চাঁদ বলেন, অতীতের ঘটনা ছাড়াও সাম্প্রতিক গোলাগুলি, ডাকাতি ও নাশকতার ঘটনায় চরাঞ্চলের মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছিল। পুলিশ ফাঁড়ির স্থাপনের মাধ্যমে চরে কোনো সন্ত্রাসী, অস্ত্রবাজ, মাদক কারবারি, চাঁদাবাজ ও দখলবাজি থাকবে না। সকলের সহযোগিতায় চর হবে সন্ত্রাসমুক্ত, শান্তির আবাসভূমি। 

এই সংসদ সদস্য বলেন, এই অর্থবছরে যোগাযোগ বিচ্ছিন্ন চরাঞ্চলে ব্রিজ নির্মাণ করা হবে। যাতে করে যোগাযোগব্যবস্থা আরো সহজ হয়। আজকের পুলিশ ফাঁড়ি উদ্বোধনে বৈরী আবহাওয়া উপেক্ষা করেও পুলিশের উদ্বোধন কর্মকর্তারা শান্তি-শৃঙ্খলা স্থাপনের জন্য তারা এগিয়ে এসেছেন। যোগাযোগব্যবস্থা ভালো হলে কাউকে আর অতীতের মতো কষ্ট করতে হবে না। 

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান আলী। তিনি বলেন, গত ২৭ মে এমপির সঙ্গে পরিদর্শনে এসে চরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এক মাসের মধ্যে পুলিশ ফাঁড়ি স্থাপনের আশ্বাস দিয়েছিলাম। এটা বাস্তবায়ন করতে পেরে ভালো লাগছে। তবে আপনারা মতামত, জায়গা ও টাকা-পয়সা দিয়ে সহযোগিতা না করলে সরকারি বরাদ্দ নিয়ে এত তাড়াতাড়ি পুলিশ ফাঁড়ি নির্মাণ করা কষ্টকর হতো।

এতে বক্তব্য রাখেন অতিরিক্ত ডিআইজি শামীম হোসেন, রাজশাহীর পুলিশ সুপার নাইমুল হাসান, চকরাজাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জগলু শিকদার, বাঘা থানার ওসি সেরাজুল হক প্রমুখ। 

প্রসঙ্গত, গত কয়েক মাসে রাজশাহীর বাঘা, কুষ্টিয়ার দৌলতপুর, পাবনার ঈশ্বরদী ও নাটোরের লালপুর সীমান্ত এলাকায় বিভিন্ন ঘটনায় আধিপত্য বিস্তার কেন্দ্র করে ৭ জন নিহত হয়েছেন। গত ১৮ মে চকরাজাপুর ইউনিয়নের কালিদাসখালী চরে গোলাগুলির পর কালিদাসখালী গ্রামের সিদ্দিক ব্যাপারীর ছেলে নিখোঁজ স্বপন ব্যাপারীর সন্ধান এখনো পাওয়া যায়নি।
 

‘কাঁচা মরিচের বাজারে বেজায় ঝাল’

রাজবাড়ী প্রতিনিধি
‘কাঁচা মরিচের বাজারে বেজায় ঝাল’
ছবি : কালের কণ্ঠ

‘কয়েক দিন ধরে লাগাতার বৃষ্টি। চাষিরা ক্ষেত থেকে সময়মতো মরিচ তুলতে পারছেন না। ফলে কাঁচা মরিচের বাজারে এখন বেজায় ঝাল। মরিচের সরবরাহ কম। এ কারণে দাম বাড়ছে।’

কয়েক দিন ধরে টানা বৃষ্টিপাত হচ্ছে। আজ রবিবারও ভোর থেকে অঝোর ধারায় বৃষ্টি। এর মধ্যেই রাজবাড়ী শহরের বড় বাজারে গিয়ে কাঁচা মরিচের দাম জিজ্ঞেস করলে এ প্রতিবেদককে কথাগুলো বলেন ব্যবসায়ী ইমরুন হাসান। এরপর তিনি বলেন, গত তিন-চার দিন আগেও যে কাঁচা মরিচ ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে,আজ (রবিবার) তা বেড়ে ১২০ থেকে ১৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

ওই ব্যবসায়ীর তথ্যের সত্যতা মেলে বাজারের অন্য দোকান ঘুরে। সেসব দোকানিও জানান, গত দুই দিন ধরে কাঁচা মরিচের বাজারে অস্থিরতা সৃষ্টি হয়েছে। বৃষ্টির আগে ও বৃষ্টির শুরুতে প্রতিকেজি কাঁচা মরিচ ৫০ থেকে ৬০ টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা দ্বিগুণের বেশি দামে বিক্রি হচ্ছে।

ক্রেতা মনিরা খাতুন, শাপলা আক্তার, কামরুল ইসলাম জানান, নিত্যপ্রয়োজনীয় অন্যান্য পণ্যের দাম বাড়ার মধ্যে কাঁচা মরিচের দাম বেড়ে যাওয়ায় তাদের ভোগান্তি আরো বেড়েছে।

অপর ব্যবসায়ী শফিকুল ইসলাম, আবুল কালামের আশঙ্কা, বৃষ্টিপাত অব্যাহত থাকলে বাজারে সরবরাহ আরো কমে যেতে পারে। এতে কাঁচা মরিচের দাম আরো বাড়ার সম্ভাবনা রয়েছে।