• ই-পেপার

ঈশ্বরগঞ্জ আবাসিক বিদ্যুৎ প্রকৌশলীর দপ্তর

নির্ধারিত সময়ে অফিসে আসেন না কর্মকর্তা-কর্মচারীরা

খেজুর চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন পাবনার হিরুক

প্রবীর সাহা, পাবনা
খেজুর চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন পাবনার হিরুক
পাবনার তরুণ উদ্যোক্তা সাইফুদ্দিন হিরুকের খেজুর বাগান। ছবি : কালের কণ্ঠ।

মরুভূমির ফল হিসেবে পরিচিত খেজুর এখন ফলছে পাবনার মাটিতেও। একসময় যে উন্নত জাতের খেজুর পুরোপুরি বিদেশ থেকে আমদানি করতে হতো, সেই খেজুরই সফলভাবে চাষ করে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছেন পাবনার তরুণ উদ্যোক্তা সাইফুদ্দিন হিরুক। তার এই ব্যতিক্রমী উদ্যোগ ইতোমধ্যে এলাকাজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ২০২২ সালে গয়েশপুর এলাকার রাজিবের কাছ থেকে কয়েকটি উন্নত জাতের খেজুরের চারা সংগ্রহ করেন পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের সাইফুদ্দিন হিরুক। প্রথমে ৩৩ শতাংশ জমিতে মাত্র চারটি চারা রোপণ করেন। অনেকেই তখন তাকে নিরুৎসাহিত করেছিলেন। অনেকে বলেছিলেন, বাংলাদেশের আবহাওয়ায় বিদেশি খেজুর হবে না। কিন্তু তিনি থেমে যাননি। নিয়মিত পরিচর্যা, ধৈর্য, কৃষিবিষয়ক পড়াশোনা এবং বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে ধীরে ধীরে এগিয়ে যেতে থাকেন। আজ সেই ছোট্ট উদ্যোগই পরিণত হয়েছে প্রায় ৬০টি গাছের সমৃদ্ধ একটি খেজুর বাগানে।

এই বাগানে সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের জনপ্রিয় ১০-১২টি উন্নত জাতের খেজুর রয়েছে। এর মধ্যে আজওয়া, মরিয়ম, মেজুল, ছুক্কারি, ওয়ারহিছ, বড়ইসহ বিভিন্ন জাতের গাছ রয়েছে। প্রতিটি জাতের আলাদা বৈশিষ্ট্য রয়েছে। কিছু গাছ দ্রুত বৃদ্ধি পাচ্ছে, আবার কিছু গাছে ইতোমধ্যেই প্রচুর পরিমাণে খেজুর ধরেছে। অনেক গাছ থেকে উন্নতমানের সাকার উৎপন্ন হয়েছে, যা দিয়ে নতুন বাগান গড়ে তোলা সম্ভব। এখন গাছে ঝুলছে খেজুরের থোকা। বাগানে প্রবেশ করলেই চোখে পড়ে গাছে ঝুলে থাকা খেজুরের থোকা। সবুজ পাতার ফাঁকে ফলভর্তি গাছ যেন এক টুকরো মধ্যপ্রাচ্যের খেজুর বাগানের আবহ তৈরি করেছে। বর্তমানে অনেক গাছে প্রচুর পরিমাণে খেজুর ধরেছে। ফলে প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে কৃষক, শিক্ষার্থী, উদ্যোক্তা ও সাধারণ মানুষ বাগানটি দেখতে আসছেন। কেউ ছবি তুলছেন, কেউ চাষাবাদ সম্পর্কে জানছেন, আবার কেউ নতুন বাগান করার পরিকল্পনা নিয়ে পরামর্শ নিচ্ছেন।

00

পুষ্পপাড়া থেকে আব্দুল কাইয়ুম নামের এক দর্শনার্থী বলেন, ‘আমি লোকমুখে শুনে এই খেজুর বাগান দেখতে এসেছি। এসে ভালোই লাগছে। আসলে আমরা জানতাম, খেজুর শুধু সৌদি আরবেই হয়। এখন দেখি আমাদের পাশ্ববর্তী এলাকায়ও জন্মেছে। এখন শখ হচ্ছে খেজুরের বাগান দেওয়ার।’

একদন্তের রুহুল আমিন নামে আরেক যুবক বলেন, ‘এখানে খেজুরের বাগান আছে, জানার পর থেকেই প্রায়ই বিকেলের দিকে বাগান দেখতে আসি। খুবই ভালো লাগে। মরুভূমির খেজুর যে এদেশে জন্মে, তার প্রমাণ হিরু ভাই।’

খেজুর চাষি সাইফুদ্দিন হিরুক বলেন, ‘শখের বসে শুরু করলেও প্রথমে অনেকেই তিরস্কার করেছে। তুচ্ছ-তাচ্ছিল্যও করেছে। শুরুতে অনেকেই বলেছিলেন, বাংলাদেশের আবহাওয়ায় বিদেশি খেজুরের চাষ সম্ভব নয়। কিন্তু আমি চেষ্টা চালিয়ে যাই। এখন গাছে ফল এসেছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে বাগান সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।’ সরকারি সহযোগিতা পেলে এই খাতে বিপ্লব ঘটানো সম্ভব বলে জানান তিনি।

কৃষি বিশেষজ্ঞদের মতে, উপযুক্ত জাত নির্বাচন, সঠিক পরিচর্যা, পরাগায়ন এবং আধুনিক ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে বাংলাদেশের আবহাওয়ায়ও উন্নত জাতের খেজুর চাষের যথেষ্ট সম্ভাবনা রয়েছে।

11

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনা জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ মো. সাইফুল ইসলাম বলেন, ‘হিরুক যে কাজ করে যাচ্ছে, তার জন্য প্রশংসার দাবিদার। তার এই উদ্যোগকে সাধুবাদ জানাই। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে তাকে প্রয়োজনীয় কারিগরি পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের উদ্ভাবনী কৃষি উদ্যোগে সব ধরনের সহায়তা অব্যাহত থাকবে।’

এমপি শিমুল বিশ্বাসকে নিয়ে কটূক্তির প্রতিবাদে পাবনায় মহিলা দলের বিক্ষোভ

পাবনা প্রতিনিধি
এমপি শিমুল বিশ্বাসকে নিয়ে কটূক্তির প্রতিবাদে পাবনায় মহিলা দলের বিক্ষোভ
সংসদ সদস্য শিমুল বিশ্বাসকে নিয়ে কটূক্তির প্রতিবাদে রবিবার বিকেলে পাবনা শহরের প্রধান সড়কে বিক্ষোভ করেন মহিলাদলের নেতাকর্মীরা। ছবি : কালের কণ্ঠ

পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাসকে নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সরোয়ার তুষারের কুরুচিপূর্ণ ও মিথ্যা বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন মহিলা দলের নেতাকর্মীরা।

পাবনা সদর উপজেলা মহিলা দলের উদ্যোগে রবিবার (১২ জুলাই) দুপুরে পাবনা শহরে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি দলীয় কার্যালয় থেকে বের হয়ে আব্দুল হামিদ সড়ক প্রদক্ষিণ করে লতিফ টাওয়ারের সামনে গিয়ে শেষ হয়।

প্রতিবাদ সভায় বক্তব্য দেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মেহেরুন্নেছা শাজাহান, সহ-সভানেত্রী লুৎফুন্নাহার হাজারী ও ফারহানা পারভীন, যুগ্ম সম্পাদক শবনম মঞ্জিলা খানম মিতা, পাবনা সদর উপজেলা মহিলাদলের সভাপতি মোহছিনা খান সেতু, সাধারণ সম্পাদক জিনিয়া আফরোজ রিমা।

বক্তারা বলেন, প্রধান বিরোধীদল জামায়াতের নেতাকর্মীর মদদ ও হিংসাত্মক মনোভাবের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার। তিনি না জেনে পাবনা সদর আসনের এমপি শিমুল বিশ্বাসকে নিয়ে মিথ্যাচার ও কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন। 

সভায় এনসিপি নেতা তুষারের বক্তব্য প্রত্যাহার করে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়। একই সঙ্গে পাবনার মাটিতে এনসিপির রাজনীতিকে অবাঞ্ছিত ঘোষণা করেন নেতাকর্মীরা।

কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের দুই পা বিচ্ছিন্ন

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের দুই পা বিচ্ছিন্ন
আহত ফরিদ হোসেন। ছবি : কালের কণ্ঠ

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে ফরিদ হোসেন (৩০) নামের এক যুবকের দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে। রবিবার (১২ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মোবারকগঞ্জ রেলস্টেশনের অদূরে রেলপয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ফরিদ হোসেন কালীগঞ্জ শহরের বাসিন্দা এবং কণ্ঠশিল্পী আকবর হোসেনের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী রূপসা এক্সপ্রেস মোবারকগঞ্জ রেলস্টেশনের কাছাকাছি আসলে ট্রেনটির নিচে ঝাঁপ দেন ফরিদ হোসেন। এতে তিনি প্রাণে বেঁচে গেলেও তার দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়।

মোবারকগঞ্জ রেলস্টেশনের স্টেশন মাস্টার শাহাজান আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সুমাইয়া শারমিন সুমি জানান, দুই পা বিচ্ছিন্ন অবস্থায় এক যুবককে হাসপাতালে আনা হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রধানমন্ত্রীর বরিশাল সফর, ভাঙ্গায় বিএনপি নেতাকর্মীদের ব্যাপক প্রস্তুতি

ভাঙ্গা (ফরিদপুর )প্রতিনিধি
প্রধানমন্ত্রীর বরিশাল সফর, ভাঙ্গায় বিএনপি নেতাকর্মীদের ব্যাপক প্রস্তুতি
প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে মহাসড়কে তৈরি হয়েছে তোরণ এবং বিভিন্ন ধরনের ব্যানার ও প্ল্যাকার্ড।

আগামীকাল ১৩ জুলাই প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফরকে কেন্দ্র করে ফরিদপুরের ভাঙ্গায় বিএনপি নেতাকর্মীদের মাঝে আনন্দের জোয়ার বইছে। ঘোষিত কর্মসূচি থেকে জানা যায় প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার সকালে ঢাকা থেকে সড়কপথে ফরিদপুরের ভাঙ্গা অতিক্রম করে বরিশাল যাবেন। 

প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে ভাঙ্গা উপজেলার ১২টি ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা টোল প্লাজা  থেকে ভাঙ্গা উপজেলার সীমান্তবর্তী চুমুরদী বাসস্ট্যান্ড পর্যন্ত আগামীকাল সকাল ৬টা থেকে মহাসড়কের দুই পাশে সুশৃংখলভাবে অবস্থান করবেন। এ ছাড়া বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ভাঙ্গা বাজার বাসস্ট্যান্ডে ব্যাপক জনসমাগম ঘটাবেন। এদিকে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে মহাসড়কে তৈরি হয়েছে তোরণ এবং বিভিন্ন ধরনের ব্যানার ও প্লাকার্ড।

রবিবার বিকেলে ভাঙ্গা বাসস্ট্যান্ডে পরিদর্শনে এসে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বাবুল প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর সার্বিক প্রস্তুতি নিয়ে নেতাকর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এসময় তিনি তাদের ঐক্যবদ্ধভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করে সংবর্ধনা অনুষ্ঠানকে সুশৃঙ্খল, সুন্দর ও সফল করার আহ্বান জানান।

ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর উপলক্ষে ফরিদপুর -৪ আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বাবুলের নির্দেশনায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে ভাঙ্গায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আগামীকাল সোমবার সকাল ৬টা থেকে নেতাকর্মীরা ভাঙ্গা টোল প্লাজা থেকে ঢাকা-বরিশাল মহাসড়কের চুমুরদী পর্যন্ত মহাসড়কের দুই পাশে সুশৃংখলভাবে অবস্থান করবেন। এছাড়া প্রধানমন্ত্রী সম্মতি প্রকাশ করলে ভাঙ্গা বাস স্ট্যান্ডে পথসভা হতে পারে।’

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রীর বরিশাল উপলক্ষে ফরিদপুরের ভাঙ্গায় আইন-শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ৪৩৮ জন এপিবিএন ও  পুলিশ সদস্য রবিবার সন্ধ্যায় ভাঙ্গায় পৌঁছেছেন। তারা আইন-শৃঙ্খলা রক্ষায় ভাঙ্গাথানা পুলিশের পাশাপাশি কাজ করছেন। এ ছাড়া মহাসড়কে টহলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন টিম কাজ করছে।’