• ই-পেপার

কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের দুই পা বিচ্ছিন্ন

সদস্যদের আর্থসামাজিক সক্ষমতা বৃদ্ধির তাগিদ আনসার মহাপরিচালকের

নিজস্ব প্রতিদেক
সদস্যদের আর্থসামাজিক সক্ষমতা বৃদ্ধির তাগিদ আনসার মহাপরিচালকের
কমিল্লার সঞ্জীবন প্লাটুনের সদস্যদের সঙ্গে কথা বলছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ সঞ্জীবন প্লাটুনের সদস্যদের আর্থসামাজিক সক্ষমতা বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন এবং জাতীয় নিরাপত্তায় দেশসেবার মানসিকতা ধারণের আহ্বান জানিয়েছেন।

আজ রবিবার কুমিল্লা রেঞ্জ ও জেলা কার্যালয় পরিদর্শনকালে তিনি সঞ্জীবন প্রকল্পের কার্যক্রম পর্যালোচনা, সদস্যদের সঙ্গে মতবিনিময় এবং বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া-২০২৬ পরিদর্শন শেষে এ আহ্বান জানান তিনি।

রবিবার সকালে কুমিল্লা রেঞ্জে লাকসাম উপজেলা সঞ্জীবন প্লাটুনের সদস্যদের নিয়ে অনুষ্ঠিত 'সঞ্জীবন প্লাটুন গঠন, প্রকল্প নির্বাচন ও সদস্যদের করণীয়' শীর্ষক আলোচনা সভায় মহাপরিচালক প্রকল্প বাস্তবায়নের কৌশল, সদস্যদের দায়িত্ব এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে দিকনির্দেশনা দেন।

তিনি সদস্যদের সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে বলেন, ‘টেকসই প্রকল্প পরিচালনায় সুশৃঙ্খল আর্থিক পরিকল্পনার বিকল্প নেই।’ পাশাপাশি বিদ্যুতের ওপর নির্ভরশীলতা কমাতে সৌরবিদ্যুতের (সোলার প্যানেল) ব্যবহার বাড়ানোর আহ্বান জানান। হাঁস-মুরগি পালন, মৎস্যচাষ কিংবা গবাদিপশু পালনসহ বিভিন্ন আয়বর্ধক প্রকল্পে বিকল্প জ্বালানি ব্যবহারের মাধ্যমে স্বনির্ভর হওয়ার পরামর্শ দেন তিনি।

মহাপরিচালক সদস্যদের আশ্বস্ত করে বলেন, প্রকল্প পরিচালনার জন্য প্রয়োজনীয় আর্থিক ব্যবস্থাপনা, কারিগরি জ্ঞান এবং দক্ষতা উন্নয়নসংক্রান্ত প্রশিক্ষণ বাহিনীর তত্ত্বাবধানে পর্যায়ক্রমে দেওয়া হবে। এতে সদস্যরা আত্মবিশ্বাসের সঙ্গে প্রকল্প বাস্তবায়ন করে টেকসই আয় নিশ্চিত করতে পারবেন।

পরে লালমাইয়ে বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া-২০২৬ পরিদর্শন করেন তিনি। এ মহড়ায় প্রথমবারের মতো বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপজেলা ও থানা পর্যায়ের সঞ্জীবন আনসার প্লাটুনের স্বেচ্ছাসেবী সদস্যরা অংশগ্রহণ করছেন।

মহড়ায় অংশগ্রহণকারী সদস্যদের উদ্দেশে তিনি বলেন, ‘সঞ্জীবন প্রকল্পের মাধ্যমে নিজেদের আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি জাতীয় নিরাপত্তার প্রয়োজনে যে কোনো সময় দেশের সেবায় আত্মনিয়োগের মানসিকতা ধারণ করতে হবে।’ একই সঙ্গে বন্যা ও দুর্যোগ মোকাবিলা, বৃক্ষরোপণ, মাদক প্রতিরোধ এবং অন্যান্য জননিরাপত্তামূলক কর্মকাণ্ডে সর্বদা প্রস্তুত থাকার আহ্বান জানান।

তিনি আরো বলেন, ‘সেনাবাহিনীর এ প্রশিক্ষণ থেকে অর্জিত সামরিক জ্ঞান, কৌশল ও দক্ষতা নিজ নিজ প্লাটুনের অন্যান্য সদস্যদের মধ্যে ছড়িয়ে দিলে বাহিনীর সামগ্রিক সক্ষমতা আরও বৃদ্ধি পাবে। এর মাধ্যমে স্থানীয় পর্যায়ে একটি দক্ষ, সমন্বিত ও প্রস্তুত জননিরাপত্তা কাঠামো গড়ে উঠবে, যা জাতীয় নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।’

মহাপরিচালক সদস্যদের সততা, শৃঙ্খলা ও নৈতিকতা বজায় রেখে দায়িত্ব পালনের পাশাপাশি যেকোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশনা দেন। পরিদর্শনকালে কুমিল্লা রেঞ্জ কমান্ডার মো. মাহবুবুর রহমানসহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চুনারুঘাটে ভারতীয় মদ ও গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
চুনারুঘাটে ভারতীয় মদ ও গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার
সংগৃহীত ছবি

হবিগঞ্জের চুনারুঘাটে পৃথক অভিযানে ৯৫ বোতল ভারতীয় মদ ও ৫৫ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯)।

শনিবার (১১ জুলাই) পৃথক সময়ে এসব অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি জানায়, শনিবার রাতে চুনারুঘাট উপজেলার চেগানগর বাজার এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালায় ৫৫ বিজিবির বাল্লা বিওপির একটি বিশেষ টহল দল। এ সময় অটোরিকশার ভেতরে সুকৌশলে লুকিয়ে রাখা ৯৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় উপজেলার কোনাগাঁও গ্রামের মো. নুরুল ইসলাম (২৬) ও মো. সুমন মিয়া (২১) নামের দুইজনকে গ্রেপ্তার করা হয়।

বিজিবি জানায়, জব্দ করা ভারতীয় মদ ও অটোরিকশার আনুমানিক বাজারমূল্য প্রায় আট লাখ টাকা।

অন্যদিকে, শনিবার দুপুরে র‍্যাব-৯-এর শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যান এলাকায় অভিযান চালিয়ে ৫৫ কেজি গাঁজাসহ মো. আব্দুল কাইয়ুম (৩২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। তিনি হবিগঞ্জের বাহুবল উপজেলার বাসিন্দা।

বিজিবি ও র‍্যাব জানিয়েছে, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চুনারুঘাট থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ববি বেগম হত্যা মামলায় ৫ আসামির ৩ দিনের রিমান্ড

রায়পুরা(নরসিংদী)প্রতিনিধি
ববি বেগম হত্যা মামলায় ৫ আসামির ৩ দিনের রিমান্ড
ছবি : কালের কণ্ঠ

নরসিংদীর রায়পুরার মেথিকান্দা রেলস্টেশনের পরিচ্ছন্নতাকর্মী ববি বেগম (৭০) হত্যা ও টাকা লুটের মামলায় গ্রেপ্তার পাঁচ আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রবিবার (১২ জুলাই) নরসিংদীর আদালতে আসামিদের হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) দিলীপ চন্দ্র সরকার তাদের সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিচারক মেশকাতুল ইসলাম পাঁচ আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এ ঘটনায় ভৈরব রেলওয়ে থানায় একটি হত্যা মামলা হয়েছে। গত শুক্রবার রায়পুরা ও ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় অভিযান চালিয়ে পাঁচ আসামিকে গ্রেপ্তার করে থানা পুলিশ, রেলওয়ে পুলিশ ও র‌্যাব-১১। পরে সংবাদ সম্মেলনে র‌্যাব-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

তদন্তসংশ্লিষ্টরা জানান, প্রায় ২৫ বছর আগে বাকপ্রতিবন্ধী এক বৃদ্ধা ট্রেনে করে মেথিকান্দা রেলস্টেশনে এসে পৌঁছান। নিজের পরিচয় বলতে না পারায় স্থানীয়রা তার নাম দেন ববি বেগম। এর পর থেকেই তিনি ওই নামেই পরিচিত ছিলেন। স্টেশনের শৌচাগার ও প্ল্যাটফর্ম পরিষ্কার করে যাত্রীদের দেওয়া সামান্য টাকায় জীবন চালাতেন। দীর্ঘদিনের কষ্টে তিনি প্রায় ২০ হাজার টাকা জমিয়েছিলেন।

অভিযোগ রয়েছে, গত ৪ জুলাই দুর্বৃত্তরা স্টেশনের একটি কক্ষে ঢুকে তাকে মারধর করে এবং তার জমানো টাকা লুট করে নেয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। ৭ জুলাই শারীরিক অবস্থার অবনতি হলে নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুল্যান্সে তার মৃত্যু হয়।

এদিকে তদন্তে ববি বেগমের প্রকৃত পরিচয়ও জানা যায়। তার আসল নাম ওয়াহিদা বেগম। তিনি বগুড়ার গাবতলী উপজেলার নাড়ুয়ামালা ইউনিয়নের শাখাটিয়া গ্রামের বাসিন্দা। স্বামী ও একমাত্র মেয়ের মৃত্যুর পর পারিবারিক অভিমানে বাড়ি ছেড়ে চলে যান। এরপর দীর্ঘ ২৫ বছর পরিবারের সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল না।

রবিবার দুপুরে বগুড়া থেকে তার দুই বোন, এক ভাইসহ ১৪ জন স্বজন রায়পুরায় এসে তার কবর জিয়ারত করেন। পরে তারা মেথিকান্দা রেলস্টেশনে গিয়ে ববি বেগমের থাকার কক্ষ, ব্যবহৃত জিনিসপত্র ও কর্মস্থল ঘুরে দেখেন। স্বজনরা এ সময় আবেগাপ্লুত হয়ে পড়েন।

বাঁশখালীতে অবৈধ ট্রলিংবিরোধী অভিযানে আটক ৩৭ জেলে

২ বোট ও ১৪ জাল জব্দ

নিজস্ব প্রতিবেদক
বাঁশখালীতে অবৈধ ট্রলিংবিরোধী অভিযানে আটক ৩৭ জেলে
চট্টগ্রামের বাঁশখালীতে অবৈধ ট্রলিংবিরোধী অভিযানে আটক ৩৭ জেলে।

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় অভিযান চালিয়ে ২টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, ১৪টি ট্রলিং জাল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় ৩৭ জেলেকে আটক করা হয়েছে। আজ রবিবার বিকেলে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার রাতে কোস্ট গার্ড কন্টিনজেন্ট বাঁশখালী গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী থানার শেখেরখীল মাছঘাটসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ২টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করে। পরে বোট দুটি তল্লাশি করে ১৪টি ট্রলিং জাল উদ্ধার এবং ৩৭ জন জেলেকে আটক করা হয়।

কোস্ট গার্ড জানায়, জব্দ করা বোট, ট্রলিং জাল ও আটক জেলেদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।