• ই-পেপার

দুর্যোগপূর্ণ আবহাওয়া

ঢাবির সোমবারের সব অভ্যন্তরীণ পরীক্ষা স্থগিত

উচ্চশিক্ষায় এআই দক্ষতা উন্নয়নের বিকল্প নেই : ইউজিসি সদস্য ড. মামুন

নিজস্ব প্রতিবেদক
উচ্চশিক্ষায় এআই দক্ষতা উন্নয়নের বিকল্প নেই : ইউজিসি সদস্য ড. মামুন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘সাস্ট কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল কার্নিভাল-২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন ইউজিসি সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন।

দেশের উচ্চশিক্ষাকে বৈশ্বিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে গবেষণা, উদ্ভাবনের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)–ভিত্তিক দক্ষতা উন্নয়নের ওপর জোর দিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন।

আজ রবিবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত ‘সাস্ট কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল কার্নিভাল-২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ এবং সিএসই সোসাইটির উদ্যোগে ২ দিনব্যাপী এ কার্নিভালের আয়োজন করা হয়।

অধ্যাপক ড. মামুন বলেন, ‘চতুর্থ শিল্প বিপ্লবের বাস্তবতায় বিশ্ববিদ্যালয়গুলোকে শুধু সনদ প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে নয়, বরং জ্ঞান সৃষ্টি, গবেষণা, উদ্ভাবন এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে।’

তিনি বলেন, ‘বর্তমান বিশ্বে শুধু একাডেমিক ফলাফল নয়, সমস্যা সমাধানের সক্ষমতা, গবেষণামনস্কতা, সৃজনশীলতা এবং প্রযুক্তিগত দক্ষতাও সমান গুরুত্বপূর্ণ। প্রোগ্রামিং প্রতিযোগিতা, উদ্ভাবনী প্রতিযোগিতা ও হ্যাকাথনের মতো আয়োজন শিক্ষার্থীদের বাস্তব সমস্যার সমাধান এবং নতুন প্রযুক্তি উদ্ভাবনে উৎসাহিত করে।

ইউজিসি সদস্য বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণাকে শিল্প খাতের চাহিদার সঙ্গে আরো কার্যকরভাবে যুক্ত করতে হবে। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা, তথ্যবিজ্ঞান, সাইবার নিরাপত্তা এবং সফটওয়্যার উন্নয়নের মতো উদীয়মান প্রযুক্তি খাতে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে বিশ্ববিদ্যালয়, শিল্পপ্রতিষ্ঠান ও গবেষণা প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা আরো জোরদার করা প্রয়োজন।’

তিনি আরো বলেন, ‘কারিগরি শিক্ষার সম্প্রসারণ, তৃতীয় ভাষা শিক্ষা, শিল্প-একাডেমিয়া সহযোগিতা, উদ্ভাবন অনুদান, স্টার্টআপ তহবিল, কর্মসংস্থান বিনিময় কেন্দ্র এবং এডু আইডি চালুর মতো উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের উচ্চশিক্ষা আরও কর্মমুখী, প্রযুক্তিনির্ভর এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় সক্ষম হয়ে উঠবে।’

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইসমাইল হোসাইন, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মাসতাবুর রহমান, বিকাশের চিফ প্রোডাক্ট অ্যান্ড টেকনোলজি অফিসার মোহাম্মদ আজমল হুদা এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. ফরহাদ রাব্বী।

২ দিনব্যাপী এ কার্নিভালে আন্তঃবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতা, হ্যাকাথন এবং প্রযুক্তিবিষয়ক সেমিনারের আয়োজন করা হয়। সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত

অনলাইন ডেস্ক
সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আগামীকাল সোমবার (১৩ জুলাই) অনুষ্ঠেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।

আজ রোববার (১২ জুলাই) রাতে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আগামীকাল সোমবারের পূর্বনির্ধারিত বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সব পরীক্ষা স্থগিত করা হলো। স্থগিতকৃত পরীক্ষাসমূহের নতুন সময়সূচি সংশ্লিষ্ট বিভাগ/ইনস্টিটিউটের প্রস্তাব মোতাবেক যথাসময়ে ঘোষণা করা হবে।

তবে অধিভুক্ত/উপাদানকল্প কলেজ/ইনস্টিটিউটের পরীক্ষাসমূহ পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সরকারি কলেজের শিক্ষক ও কর্মচারীদের মাউশির নতুন নির্দেশনা

অনলাইন ডেস্ক
সরকারি কলেজের শিক্ষক ও কর্মচারীদের মাউশির নতুন নির্দেশনা

দেশের সব সরকারি কলেজের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ কর্মস্থলে যথাসময়ে হাজিরে নতুন নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। এরই মধ্যে এ বিষয়ে নোটিশও জারি করা হয়েছে।

রবিবার (১২ জুলাই) মাউশির উপপরিচালক (কলেজ-১) মো. নুরুল হক সিকদার স্বাক্ষরিত এক নোটিশে এ নির্দেশনা দেওয়া হয়।

নোটিশে বলা হয়, সব সরকারি কলেজে কর্মরত শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ কর্মস্থলে যথাসময়ে নিয়মিত উপস্থিত থাকার জন্য নির্দেশ করা হলো।

কর্মঘণ্টা অনুযায়ী সরকারি কলেজের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিত থেকে দায়িত্ব পালন করতে হয়। এ ক্ষেত্রে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রতিষ্ঠানে নিয়মিত উপস্থিতি থাকা বাধ্যতামূলক। নতুন নোটিশে এ নিয়ম মেনে যথাসময়ে হাজিরের বিষয়ে আবারও নির্দেশনা দেয় মাউশি।

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে ঢাবি সাদা দলের শোক

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে ঢাবি সাদা দলের শোক
সংগৃহীত ছবি

প্রবীণ রাজনীতিবিদ ও জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন সাদা দল।

রবিবার (১২ জুলাই) সাদা দলের পক্ষে গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় এই সমবেদনা জানানো হয়। শোক বার্তায় স্বাক্ষর করেন সংগঠনের আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আবদুস সালাম এবং যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার।

শোক বার্তায় জানানো হয়, সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি, সাবেক মন্ত্রী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার জমির উদ্দিন সরকার রবিবার ভোর ৪টায় রাজধানীর শ্যামলীর স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। সাদা দলের নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত ও চিরশান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার, স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।

নেতৃবৃন্দ আরো উল্লেখ করেন, দেশের রাজনৈতিক অঙ্গন, সংসদীয় গণতন্ত্র, বিচারালয় এবং রাষ্ট্রীয় জীবনে তিনি দীর্ঘ ও গৌরবোজ্জ্বল অবদান রেখে গেছেন। রাষ্ট্র পরিচালনা, সংসদীয় গণতন্ত্রের বিকাশ, আইন পেশা এবং জনজীবনে তার এই গুরুত্বপূর্ণ অবদান দেশবাসী শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে বলে শোক বার্তায় উল্লেখ করা হয়।