যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলার জেরে ইসলামাবাদে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) অনুযায়ী নিজেদের সব প্রতিশ্রুতি স্থগিত করেছে বলে জানিয়েছে ইরান।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি।
প্রতিবেদনে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র ইসলামাবাদ সমঝোতার কাঠামোর মধ্যে থাকা নিজেদের সব প্রতিশ্রুতি ভঙ্গ করেছে এবং স্থগিত করেছে। এর পরিপ্রেক্ষিতে তেহরানও ওই সমঝোতার অধীনে নিজেদের সব প্রতিশ্রুতি ও বাস্তবায়ন স্থগিত করেছে।’
গারিবাবাদি আরো জানান, বর্তমানে ইরানের প্রধান অগ্রাধিকার হলো চলমান মার্কিন হামলার মুখে দেশের প্রতিরক্ষা নিশ্চিত করা।
প্রসঙ্গত, সাম্প্রতিক যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হামলা-পাল্টা হামলা অব্যাহত রয়েছে। এই সংঘাতের মধ্যেই ইসলামাবাদে স্বাক্ষরিত সমঝোতা কার্যত ভেঙে পড়েছে।




