ক্রিকেট জগতের সবচেয়ে উজ্জ্বলতম নক্ষত্রগুলোর একটি তিনি। সেই নক্ষত্র যেন আজ খসে পড়ল!
সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স আর নেই। ৮৯ বছর বয়সে মারা গেছেন তিনি। কিছুক্ষণ আগে সামাজিক যোগাযোগমাধ্যমে সোবার্সের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)।
সিডব্লিউআই লিখেছে, ‘এক অসাধারণ ইনিংসের সমাপ্তি ঘটল। আমাদের হৃদয়ে, আজীবন ও চিরকাল বেঁচে থাকবেন স্যার গারফিল্ড সোবার্স।’ তার মৃত্যুতে বিশ্ব ক্রিকেটে শোকের ছায়া নেমে এসেছে।
বার্বাডোজে জন্ম নেওয়া সোবার্সকে ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার হিসেবে বিবেচনা করা হয়। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং—তিন বিভাগেই তিনি ছিলেন অসাধারণ। বাঁহাতি ব্যাটার হওয়ার পাশাপাশি তিনি পেস, বাঁহাতি স্পিন এবং চায়নাম্যান—তিন ধরনের বোলিংই করতে পারতেন, যা তাকে অন্যদের থেকে আলাদা করেছে।
মাত্র ১৭ বছর বয়সে ওয়েস্ট ইন্ডিজের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় সোবার্সের। এরপর দীর্ঘ ক্যারিয়ারে তিনি ৯৩টি টেস্ট ম্যাচ খেলেন। করেন ৮০৩২ রান, যার মধ্যে ছিল ২৬টি সেঞ্চুরি। বল হাতে নেন ২৩৫টি উইকেট এবং ফিল্ডিংয়ে ধরেন ১০৯টি ক্যাচ।
১৯৫৮ সালে পাকিস্তানের বিপক্ষে কিংস্টনে অপরাজিত ৩৬৫ রানের ইনিংস খেলে বিশ্ব রেকর্ড গড়েছিলেন সোবার্স। সেই সময় এটি ছিল টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। রেকর্ডটি প্রায় ৩৬ বছর টিকে ছিল। পরে ব্রায়ান লারা ৩৭৫ রান করে তা ভাঙেন।
১৯৬৮ সালে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে নটিংহামশায়ারের বিপক্ষে গ্ল্যামরগানের হয়ে খেলতে নেমে এক ওভারে টানা ছয়টি ছক্কা মেরে ইতিহাস গড়েন সোবার্স। প্রথম শ্রেণির ক্রিকেটে এক ওভারে ছয় ছক্কা মারার কীর্তি গড়া প্রথম ব্যাটার ছিলেন তিনি।
ক্রিকেটে অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৭৫ সালে ব্রিটিশ রাজপরিবার সোবার্সকে ‘নাইট’ উপাধিতে ভূষিত করে। এরপর থেকেই তিনি ‘স্যার গারফিল্ড সোবার্স’ নামে পরিচিত হন। পরে আইসিসিও তাকে তাদের ‘হল অব ফেম’-এ অন্তর্ভুক্ত করে।
স্যার গ্যারি সোবার্সের মৃত্যুতে ক্রিকেট বিশ্ব হারাল এমন একজন কিংবদন্তিকে, যিনি শুধু পরিসংখ্যানেই নয়, নিজের বহুমুখী প্রতিভা ও অসাধারণ নৈপুণ্যে প্রজন্মের পর প্রজন্মের ক্রিকেটারদের অনুপ্রাণিত করে গেছেন।




