• ই-পেপার

দাম কমার পর যত টাকায় বিক্রি হচ্ছে সোনা

বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরো বাড়ল

অনলাইন ডেস্ক
বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরো বাড়ল

দেশে আরো বেড়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। বর্তমানে এর পরিমাণ দাঁড়িয়েছে ৩৬ হাজার ৬৬৪ দশমিক ৪৬ মিলিয়ন বা ৩৬ দশমিক ৬৬ বিলিয়ন ডলার। 

বৃহস্পতিবার (১৬ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের যুগ্ম পরিচালক মোহাম্মদ ইব্রাহিম মুনসি বিষয়টি নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংকের এই যুগ্ম পরিচালক জানান, ১৬ জুলাই পর্যন্ত দেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ ৩৬ হাজার ৬৬৪ দশমিক ৪৬ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী যার পরিমাণ ৩১ হাজার ৯৬৬ দশমিক ২১ মিলিয়ন বা ৩১ দশমিক ৯৭ বিলিয়ন ডলার।

এদিকে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ের প্রথম ১৪ দিনে দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ১৫৪ কোটি ২০ লাখ (১ দশমিক ৫৪২ বিলিয়ন) মার্কিন ডলার। যা গত বছরের একই সময়ের তুলনায় ২১ দশমিক ৮০ শতাংশ বেশি। এরমধ্যে শুধু ১৪ জুলাই একদিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১১ কোটি ৫০ লাখ (১১৫ মিলিয়ন) মার্কিন ডলার।

সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব নিলেন আবেদুর রহমান সিকদার

অনলাইন ডেস্ক
সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব নিলেন আবেদুর রহমান সিকদার

দীর্ঘ প্রতীক্ষার পর নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন আবেদুর রহমান সিকদার। বৃহস্পতিবার (১৬ জুলাই) তিনি ব্যাংকটির প্রধান নির্বাহী হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন।

এর আগে গত ২৯ জুন বাংলাদেশ ব্যাংক তাঁকে সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগের জন্য অনাপত্তিপত্র (এনওসি) দেয়।

তারও আগে ২৩ জুন অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় তাঁর নিয়োগের প্রস্তাব অনুমোদিত হয়।

প্রয়োজনীয় নিয়ন্ত্রক অনুমোদন ও আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর তিনি আজ আনুষ্ঠানিকভাবে কাজে যোগ দেন।

দায়িত্ব গ্রহণের আগে আবেদুর রহমান সিকদার বেসরকারি ডাচ্-বাংলা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে কর্মরত ছিলেন। ব্যাংকিং খাতে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা নতুন প্রতিষ্ঠানের পুনর্গঠন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

চলতি অর্থবছরে জিডিপি ৩.৫ শতাংশে নেমে আসতে পারে : আইএমএফ

অনলাইন ডেস্ক
চলতি অর্থবছরে জিডিপি ৩.৫ শতাংশে নেমে আসতে পারে : আইএমএফ

চলতি ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি শ্লথ হয়ে ৩.৫ শতাংশে নেমে আসতে পারে বলে প্রাক্কলন করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। 

সংস্থাটি বলেছে, দেশের রাজস্ব সংগ্রহ জোরদার, ফিসকাল স্পেস (আর্থিক সক্ষমতা) তৈরি এবং ব্যাংকিং খাতের দুর্বলতা দূর করতে দৃঢ় সংস্কার পদক্ষেপ নেওয়া না হলে মধ্যমেয়াদে এই প্রবৃদ্ধির হার আরও দুর্বল হয়ে ৩ শতাংশের নিচে নেমে যেতে পারে।

আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) এক বিবৃতিতে আইএমএফ-এর বাংলাদেশ মিশন প্রধান ইভো ক্রজনার একথা বলেন। 

তিনি বলেন, ‘রাজস্ব সংগ্রহ জোরদার, আর্থিক সক্ষমতা তৈরি ও ব্যাংকিং খাতের দুর্বলতাগুলো কাটিয়ে ওঠার জন্য সুনির্দিষ্ট সংস্কারের অনুপস্থিতিতে অর্থনৈতিক প্রবৃদ্ধি ৩.৫ শতাংশে নেমে আসার এবং মধ্যমেয়াদে তা আরো দুর্বল হয়ে ৩ শতাংশের নিচে নেমে যাওয়ার প্রাক্কলন করেছেন।’

তিনি আরো সতর্ক করেন যে, ব্যাংকিং খাতের ধকল, রাজস্ব চ্যালেঞ্জ এবং বাহ্যিক চাপের সম্মিলিত প্রভাবে অর্থনীতির ভবিষ্যৎ পরিস্থিতির ঝুঁকি এখনো নেতিবাচক দিকেই ঝুঁকে রয়েছে।

সরকারের পক্ষ থেকে আইএমএফ সমর্থিত নতুন একটি ঋণ কর্মসূচির অনুরোধের প্রেক্ষিতে ইভো ক্রজনার-এর নেতৃত্বে আইএমএফ-এর একটি কর্মী দল গত ১২ থেকে ১৬ জুলাই বাংলাদেশ সফর করে। এই মিশন সাম্প্রতিক অর্থনৈতিক ও আর্থিক অগ্রগতি পর্যালোচনা করে এবং সরকারের সংস্কার অগ্রাধিকারগুলো নিয়ে আলোচনা করেছে।

আইএমএফ-এর মতে, বাংলাদেশ এখনো উল্লেখযোগ্য রাজস্ব, আর্থিক ও মূল্যস্ফীতিজনিত চ্যালেঞ্জের মুখোমুখি রয়েছে, যা মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে আরও তীব্র রূপ নিয়েছে।

বিনিয়োগ সেবায় একক কর্তৃপক্ষ

বিডা-বেজা-পিপিপিএ নিয়ে হচ্ছে ‘ইনভেস্ট বাংলাদেশ’

নিজস্ব প্রতিবেদক
বিডা-বেজা-পিপিপিএ নিয়ে হচ্ছে ‘ইনভেস্ট বাংলাদেশ’

দেশে বিনিয়োগ আকর্ষণ ও শিল্পায়ন ত্বরান্বিত করতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষকে (পিপিপিএ) একীভূত করে গঠিত হচ্ছে নতুন প্রতিষ্ঠান ‘ইনভেস্ট বাংলাদেশ’। এ লক্ষ্যে ইনভেস্ট বাংলাদেশ বিল-২০২৬ জাতীয় সংসদে পাস হয়েছে। সরকার গেজেট প্রজ্ঞাপন জারির মাধ্যমে নির্ধারিত তারিখ থেকে আইনটি কার্যকর করবে। একই সময় নতুন পরিচয়ে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করবে প্রতিষ্ঠানটি।

আইনটি কার্যকর হলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতায় দেশের সর্বোচ্চ বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে কাজ করবে ইনভেস্ট বাংলাদেশ। এর মূল লক্ষ্য হবে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য সেবা গ্রহণের প্রক্রিয়াকে সহজ, দ্রুত ও সমন্বিত করা। একই সঙ্গে বিনিয়োগ উন্নয়ন, শিল্পাঞ্চল ব্যবস্থাপনা এবং সরকারি-বেসরকারি অংশীদার (পিপিপি) কার্যক্রমকে একটি একক প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় নিয়ে আসা।

বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান এবং পিপিপিএ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা আশিক চৌধুরী বলেন, বেসরকারি বিনিয়োগ আকর্ষণ, বিনিয়োগকারীদের সহায়তা এবং নীতিগত সংস্কারে সরকারের সুস্পষ্ট অঙ্গীকারের প্রতিফলন এই উদ্যোগ। প্রবৃদ্ধি ও কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা অর্জনে বিনিয়োগকারীদের জন্য কার্যকর ‘ওয়ান-স্টপ সার্ভিস’ কাঠামো দীর্ঘদিনের দাবি ছিল। ব্যবসা পরিবেশ সংস্কার পর্যালোচনার পর জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থাও (ইউএনসিটিএডি) এমন একীভূত সংস্থা গঠনের সুপারিশ করেছিল। তার আশা, ইনভেস্ট বাংলাদেশ বৈশ্বিক প্রতিযোগিতায় বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনাকে আরো শক্তভাবে তুলে ধরতে সক্ষম হবে।

সরকারের ঘোষিত ১৮০ দিনের ব্যবসাবান্ধব পরিবেশ উন্নয়ন কর্মপরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিলটি পাস হয়েছে। এর মাধ্যমে দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি, শিল্পায়ন ত্বরান্বিত করা, সরকারি-বেসরকারি অংশীদারত্ব সম্প্রসারণ এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিনিয়োগ সেবার কাঠামো আরো শক্তিশালী হবে।

নতুন কর্তৃপক্ষের আওতায় বিনিয়োগ-সংক্রান্ত অনুমোদন, নিবন্ধন, আমদানি-রপ্তানি, প্রণোদনা, শিল্পাঞ্চল উন্নয়নসহ সংশ্লিষ্ট সরকারি সেবাগুলো সমন্বিতভাবে পরিচালিত হবে। পাশাপাশি সিঙ্গেল উইন্ডো ক্লিয়ারেন্স, ওয়ান-স্টপ সার্ভিস, লাইসেন্স ও অনুমোদন প্রক্রিয়ার ডিজিটালাইজেশন এবং বিনিয়োগ-সংক্রান্ত সব সেবাকে একটি একক ডিজিটাল প্ল্যাটফর্মে আনার সুযোগ তৈরি হবে।

আইনে ঘোষিত শিল্পাঞ্চল, অর্থনৈতিক অঞ্চল ও মুক্ত বাণিজ্য অঞ্চলকে সমন্বিত কাঠামোর আওতায় আনার বিধান রাখা হয়েছে। পাশাপাশি লাইসেন্স ও অনুমোদনের সময়সীমা নির্ধারণ, পিপিপি প্রকল্প অনুমোদনের কাঠামো স্পষ্ট করা, ক্ষুদ্র পিপিপি প্রকল্পের অনুমোদন সহজ করা এবং অব্যবহৃত সরকারি জমি, স্থাপনা ও সম্পদ উৎপাদনশীল কাজে ব্যবহারের সুযোগও রাখা হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন এই আইনের ফলে বিভিন্ন সংস্থার কার্যপরিধির দ্বৈততা ও নীতিগত অসামঞ্জস্যতা কমবে, প্রশাসনিক সমন্বয় বাড়বে এবং আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি আধুনিক বিনিয়োগ ব্যবস্থাপনা কাঠামো গড়ে উঠবে।

আইনটি কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ আইন-২০১৬, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল আইন-২০১০, পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ আইন-২০১৫ এবং ওয়ান স্টপ সার্ভিস আইন-২০১৮ রহিত হবে। এসব আইনের আওতাধীন দায়িত্ব ও কার্যক্রম নতুন প্রতিষ্ঠান ইনভেস্ট বাংলাদেশ-এর অধীনে একীভূত হবে।