• ই-পেপার

‘১৭ বছর বয়সী পেলে’র সেই জার্সি বিক্রি হলো রেকর্ড দামে

বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল কত টাকা পাবে?

অনলাইন ডেস্ক
বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল কত টাকা পাবে?

২০২৬ ফিফা বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল শুধু সোনালি ট্রফিই নয়, সঙ্গে পাবে ইতিহাসের সর্বোচ্চ প্রাইজমানিও। এবারের আসরের জন্য রেকর্ড ৮৭১ মিলিয়ন মার্কিন ডলার পুরস্কার তহবিল ঘোষণা করেছে ফিফা, যার মধ্যে চ্যাম্পিয়ন দলের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৫০ মিলিয়ন মার্কিন ডলার।

তবে শুধু চ্যাম্পিয়ন হওয়ার পুরস্কারই নয়, বিশ্বকাপে অংশ নেওয়া প্রতিটি দলই অংশগ্রহণ ফি ও প্রস্তুতি অনুদান পায়। ফলে শিরোপাজয়ী দলের মোট আয় দাঁড়াবে ৬২.৫ মিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে রয়েছে অংশগ্রহণ বাবদ ১০ মিলিয়ন ডলার, প্রস্তুতি অনুদান হিসেবে ২.৫ মিলিয়ন ডলার এবং চ্যাম্পিয়ন হওয়ার জন্য ৫০ মিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৭৫০ কোটি টাকা।

অন্যদিকে রানার্সআপ দল পাবে ৩৩ মিলিয়ন ডলার। অংশগ্রহণ ও প্রস্তুতি অনুদানসহ তাদের মোট প্রাইজমানি হবে ৪৫.৫ মিলিয়ন ডলার।

২০২৬ বিশ্বকাপের প্রাইজমানি (পারফরম্যান্সভিত্তিক)

চ্যাম্পিয়ন : ৫০ মিলিয়ন ডলার (প্রায় ৬০০ কোটি টাকা)
রানার্স আপ : ৩৩ মিলিয়ন ডলার (প্রায় ৩৯৬ কোটি টাকা)
তৃতীয় স্থান : ২৯ মিলিয়ন ডলার (প্রায় ৩৪৮ কোটি টাকা)
চতুর্থ স্থান : ২৭ মিলিয়ন ডলার (প্রায় ৩২৪ কোটি টাকা)
৫ম–৮ম স্থান : ১৯ মিলিয়ন ডলার (প্রায় ২২৮ কোটি টাকা)
৯ম–১৬তম স্থান : ১৫ মিলিয়ন ডলার (প্রায় ১৮০ কোটি টাকা)
১৭তম–৩২তম স্থান : ১১ মিলিয়ন ডলার (প্রায় ১৩২ কোটি টাকা)
৩৩তম–৪৮তম স্থান : ৯ মিলিয়ন ডলার (প্রায় ১০৮ কোটি টাকা)

বিশ্বকাপের ইতিহাসে এবারই সবচেয়ে বেশি অর্থ পুরস্কার হিসেবে দিচ্ছে ফিফা। ৪৮ দলের এই আসরে বাড়তি অংশগ্রহণের পাশাপাশি পুরস্কারের পরিমাণও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে, যা বিশ্ব ফুটবলের আর্থিক দিক থেকেও নতুন এক মাইলফলক।

বিশ্বকাপ ফাইনালের টিকিটে আগুন, সর্বনিম্ন কত?

অনলাইন ডেস্ক
বিশ্বকাপ ফাইনালের টিকিটে আগুন, সর্বনিম্ন কত?

বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ঘিরে উন্মাদনা তুঙ্গে। সেই সঙ্গে আকাশছোঁয়া টিকিটের দাম দেখে হতাশ ফুটবলভক্তরা। আগামী রবিবার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনা ও স্পেন মুখোমুখি হবে শিরোপার লড়াইয়ে।

এ ম্যাচকে কেন্দ্র করে টিকিটের চাহিদা বেড়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক টিকিট বিক্রয় প্ল্যাটফরম টিকপিক। সেখানে বলা হয়েছে, গড় টিকিটের মূল্য পৌঁছেছে ১১ হাজার ৩২৭ ডলারে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৪ লাখ টাকা। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত কোনো ক্রীড়া ইভেন্টের ইতিহাসে এটি সর্বোচ্চ গড় টিকিটমূল্য।

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে সবচেয়ে কম দামের টিকিট বিক্রি হচ্ছে ৬ হাজার ৯৪৩ ডলারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮ লাখ ৬০ হাজার টাকা। আর গড় টিকিটের মূল্য পৌঁছেছে ১১ হাজার ৩২৭ ডলারে (প্রায় ১৪ লাখ টাকা)। সর্বোচ্চ দামের একটি টিকিট বিক্রি হয়েছে ২৮ হাজার ৪৭৯ ডলারে, অর্থাৎ প্রায় ৩৫ লাখ টাকা। টিকিটের এই নজিরবিহীন মূল্য বিশ্বকাপের ফাইনালকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল ক্রীড়া ইভেন্টে পরিণত করেছে।

বর্তমানে ফাইনালের সবচেয়ে কম দামের টিকিটও বিক্রি হচ্ছে ৬ হাজার ৯৪৩ ডলারে। যদিও আর্জেন্টিনা সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠার আগে এই টিকিটের দাম ছিল প্রায় ৭ হাজার ২০০ ডলার। দুই ফাইনালিস্ট নিশ্চিত হওয়ার পর দাম কিছুটা কমলেও তা এখনো আকাশছোঁয়া।

টিকপিকের পরিসংখ্যান বলছে, যুক্তরাষ্ট্রের সবচেয়ে ব্যয়বহুল ক্রীড়া ইভেন্টের তালিকায় এখন শীর্ষে ২০২৬ বিশ্বকাপের ফাইনাল। এর পর রয়েছে ২০২৪ সালের সুপার বোল এলভিআইআইআই (গড় মূল্য ৯,৪১১ ডলার), ২০২১ সালের সুপার বোল এলভি (৭,৩১৩ ডলার), ২০২০ সালের সুপার বোল এলআইভি (৬,৫৪৬ ডলার) এবং ২০২৬ সালের এনবিএ ফাইনালের তৃতীয় ম্যাচ (৬,৩০৮ ডলার)।

এদিকে, ফ্রান্স ও ইংল্যান্ডের মধ্যকার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের সবচেয়ে কম দামের টিকিট বিক্রি হচ্ছে প্রায় ৯০০ ডলারে। ইংল্যান্ড সেমিফাইনাল থেকে বিদায় নেওয়ার পর ওই ম্যাচের টিকিটের মূল্য প্রায় ৩০০ ডলার কমে গেছে।

টিকিট বিশ্লেষণকারী প্রতিষ্ঠান সিটপিকের তথ্য অনুযায়ী, ২০২৬ বিশ্বকাপ ফিফার ৯৬ বছরের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল বিশ্বকাপে পরিণত হয়েছে। টুর্নামেন্টের শুরুতে গড় টিকিটের দাম ছিল ১ হাজার ৬২২ ডলার, যা সেমিফাইনাল পর্বে বেড়ে দাঁড়ায় ৪ হাজার ১৬২ ডলারে।

তবে টুর্নামেন্টজুড়ে টিকিটের দাম শুধু বাড়েনি। পুনর্বিক্রয় (রিসেল) বাজারে কয়েকটি ম্যাচের টিকিটের দাম উল্লেখযোগ্যভাবে কমেও যায়। বিশেষ করে স্বাগতিক যুক্তরাষ্ট্র এবং ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল বিদায় নেওয়ার পর স্পেন-বেলজিয়াম কোয়ার্টার ফাইনালের টিকিটের দাম প্রায় ৬০ শতাংশ পর্যন্ত নেমে আসে।

শুরুতে যত ছিল ফাইনালের টিকিট?
প্রথম ধাপে টিকিট বিক্রির সময় ফিফা ফাইনাল ম্যাচের সর্বোচ্চ মূল্য নির্ধারণ করেছিল ১০ হাজার ৯৯০ ডলার। পুনর্বিক্রয় বাজারের হিসাব বাদ দিলে সাধারণ দর্শকদের জন্য ফুটবল ইতিহাসে এটিই ছিল সর্বোচ্চ নির্ধারিত টিকিটমূল্য। এ কারণে অনেক সমর্থকের অভিযোগ, ২০২৬ বিশ্বকাপ সাধারণ দর্শকদের নাগালের বাইরে চলে গিয়ে ধনীদের আসরে পরিণত হয়েছে। সমর্থকদের এই সমালোচনার পর ফিফা জানিয়েছে, ২০৩০ বিশ্বকাপের টিকিট বিক্রির কৌশল নতুন করে পর্যালোচনা করা হবে।

ইয়ামালের চোট শঙ্কা নিয়ে যা জানাল স্পেন

ক্রীড়া ডেস্ক
ইয়ামালের চোট শঙ্কা নিয়ে যা জানাল স্পেন
ছবি : রয়টার্স

আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ ফাইনালের মহারণের আগে তরুণ তুর্কি লামিন ইয়ামালকে নিয়ে বড়সড় এক দুশ্চিন্তায় পড়েছিল স্পেন। নিউ জার্সিতে বৃহস্পতিবার দলের মূল অনুশীলনের সময় এই ফরোয়ার্ডকে একা একা কসরত করতে দেখে ছড়ায় চরম উদ্বেগ। তবে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরইএফইএফ) দ্রুতই সেই শঙ্কা উড়িয়ে দিয়ে স্বস্তির বার্তা দিয়েছে ফুটবলপ্রেমীদের। তারা স্পষ্ট জানিয়েছে, রবিবারের মহাফাইনালের জন্য পুরোপুরি ফিট ও প্রস্তুত রয়েছেন এই টিনএজার সেনসেশন।

ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠার পর এটিই ছিল স্প্যানিশদের প্রথম অনুশীলন। আর সেখানেই দলের অন্যতম প্রধান চালিকাশক্তি লামিন ইয়ামাল এবং রক্ষণভাগের খেলোয়াড় পেদ্রো পোরো মূল দলের সঙ্গে যোগ দেননি। তারা মাঠের এক প্রান্তে হালকা রিকভারি সেশন সারেন। এই খবর ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই আলোচনা শুরু হয়তবে কি বড় কোনো চোটে পড়লেন ইয়ামাল?

অবশ্য স্প্যানিশ ফেডারেশন বিষয়টিকে একেবারেই উড়িয়ে দিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে আরইএফইএফ জানিয়েছে, ইয়ামাল ও পোরোর আলাদা অনুশীলনের সিদ্ধান্তটি ছিল নিছকই একটি সতর্কতামূলক পদক্ষেপ। দীর্ঘ ও ক্লান্তিকর টুর্নামেন্টের ধকল কাটিয়ে ওঠার জন্যই এই বিশেষ পরিকল্পনা। চোটের কোনো বালাই নেই, বরং ফাইনালের মেগা ম্যাচে শতভাগ চনমনে পেতেই এই দুই তারকাকে বাড়তি আগলে রাখছে দল। 

সৌদি-আর্জেন্টিনা ম্যাচের সেই বিতর্কিত রেফারির হাতে বিশ্বকাপ ফাইনাল

ক্রীড়া ডেস্ক
সৌদি-আর্জেন্টিনা ম্যাচের সেই বিতর্কিত রেফারির হাতে বিশ্বকাপ ফাইনাল

বিশ্বকাপ ফুটবলের ফাইনালের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আগামী রবিবার (১৯ জুলাই) দিবাগত রাত ১টায় শিরোপা নির্ধারণী মহারণে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও স্পেন। হাইভোল্টেজ এই ম্যাচটি পরিচালনার দায়িত্ব পেয়েছেন স্লোভেনিয়ার অভিজ্ঞ রেফারি স্লাভকো ভিনচিচ। আর তার এই নিয়োগ ঘিরেই ফুটবলবিশ্বে নতুন করে শুরু হয়েছে আলোচনা, সামনে এসেছে মাঠ ও মাঠের বাইরের কিছু পুরনো বিতর্ক। আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস খবরটি নিশ্চিত করেছে।

আর্জেন্টাইন সমর্থকদের জন্য ভিনচিচ নামটা খুব একটা সুখকর নয়। ২০২২ কাতার বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে আর্জেন্টিনার সেই ঐতিহাসিক ও অপ্রত্যাশিত ২-১ গোলের পরাজয়ের ম্যাচটিতে রেফারির দায়িত্বে ছিলেন এই স্লোভেনিয়ান। কাতার বিশ্বকাপের ওই ম্যাচের পর আলবিসেলেস্তেরা আর কোনো ম্যাচ হারেনি। ফলে, ফাইনালের মঞ্চে আবারও তাকে দেখে কিছুটা হলেও নড়েচড়ে বসছেন মেসি-বাহিনী।

৪৬ বছর বয়সী স্লাভকো ভিনচিচ ২০১০ সাল থেকে ফিফার আন্তর্জাতিক রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন। ইউরোপের অন্যতম অভিজ্ঞ রেফারি হিসেবে বেশ কিছু হাইপ্রোফাইল ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে তার ঝুলিতে। ২০২৩ উয়েফা নেশনস লিগে স্পেন-ইতালি সেমিফাইনাল এবং ২০২৪ উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদ ও বরুসিয়া ডর্টমুন্ডের মধ্যকার হাইভোল্টেজ ম্যাচটিও সাফল্যের সঙ্গে পরিচালনা করেছিলেন তিনি।

তবে মাঠের দক্ষতার চেয়েও ভিনচিচকে নিয়ে বেশি আলোচনা হচ্ছে তার অতীতের একটি অন্ধকার অধ্যায় ঘিরে। ২০২০ সালে বসনিয়া ও হার্জেগোভিনার একটি কটেজে পতিতাবৃত্তি, মাদক ও অস্ত্র পাচার চক্রের বিরুদ্ধে পুলিশের বড় অভিযানে আটক হয়েছিলেন তিনি। ওই অভিযানে নয়জন নারী, ২৬ জন পুরুষসহ বিপুল পরিমাণ কোকেন, আগ্নেয়াস্ত্র, বুলেটপ্রুফ ভেস্ট ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছিল।

শুরু থেকেই অবশ্য নিজেকে নির্দোষ দাবি করে আসছেন ভিনচিচ। তার দাবি ছিল, তিনি শুধু একটি মধ্যাহ্নভোজের আমন্ত্রণে সেখানে গিয়েছিলেন এবং কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে তার সম্পৃক্ততা ছিল না। কথিত পতিতাবৃত্তি চক্রের মূল হোতা তিয়ানা ম্যাকসিমোভিচের সঙ্গে একই টেবিলে বসা থাকায় তাকে পুলিশি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছিল। পরবর্তী সময়ে অবশ্য তার বিরুদ্ধে কোনো অপরাধের প্রমাণ পাওয়া যায়নি।

সেই সময় স্লোভেনিয়া ফুটবল ফেডারেশনও ভিনচিচের পাশে দাঁড়িয়ে একে ‘ভুল সময়ে ভুল জায়গায়’ উপস্থিত থাকার একটি দুর্ভাগ্যজনক ভুল বোঝাবুঝি হিসেবে আখ্যা দেয়। সেই বিতর্ক পেছনে ফেলে তিনি নিয়মিতই বড় ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়ে আসছেন।

আগামী রবিবারের ফাইনালে ভিনচিচের সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন তার স্বদেশি তোমাজ ক্লানচনিক ও আন্দ্রাজ কোভাচিচ। আর চতুর্থ রেফারি হিসেবে থাকবেন জর্দানের আধহাম মাখাদমেহ। এখন দেখার বিষয়, মেগাফাইনালের তীব্র চাপ সামলে মাঠের রেফারি হিসেবে কতটা সফল হতে পারেন বিতর্কিত এই স্লোভেনিয়ান।