• ই-পেপার

পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে জখম, বিচারের দাবিতে বিক্ষোভ

বাঁশবাগানে পড়ে ছিল আ. লীগ নেতার গলা কাটা মরদেহ

আঞ্চলিক প্রতিনিধি, পাবনা
বাঁশবাগানে পড়ে ছিল আ. লীগ নেতার গলা কাটা মরদেহ
সংগৃহীত ছবি

পাবনার সাঁথিয়ায় আব্দুল শুকুর (৪৮) নামের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় এক নেতার গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৮ জুলাই) বিকেলে উপজেলার আতাইকুলা থানার ভুলবাড়িয়া ইউনিয়নের রতনপুর গ্রামের একটি বাঁশবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

আতাইকুলা থানার ওসি মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 

মৃত আব্দুল শুকুর রতনপুর গ্রামের রুকুম আলীর ছেলে। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভুলবাড়িয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড শাখার সহসভাপতি ছিলেন। 

পারিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৭ জুলাই) রাত ৯টার দিকে রাতের খাবার খেয়ে বাড়ি থেকে বের হন আব্দুল শুকুর। এরপর আর বাড়ি ফেরেননি তিনি। শনিবার সকালে পরিবারের পক্ষ থেকে বিষয়টি আতাইকুলা থানায় জানানো হলে পুলিশ অনুসন্ধানে নামে। পরে শনিবার বিকেলে রতনপুর এলাকার আজিজের বাড়ির পাশের একটি বাঁশবাগান থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। 

এ ব্যাপারে আতাইকুলা থানার ওসি মজিবুর রহমান জানান, নিখোঁজের খবর পেয়ে পুলিশ অভিযানে নামে এবং একপর্যায়ে তার মরদেহ উদ্ধার হয়। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

নাটোরে ২৪ ঘণ্টার ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে পিতা

লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরে ২৪ ঘণ্টার ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে পিতা
ফাইল ছবি

নাটোরের লালপুর উপজেলায় রহস্যজনকভাবে ২৪ ঘণ্টার ব্যবধানে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাদের পিতা মরজেম আলীও অসুস্থ হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের মোহরকয়া নতুনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে গত ১৩ জুলাই মরজেম আলীর স্ত্রী তুলি বেগম বাবার বাড়িতে চলে যান। এরপর মরজেম আলী তার দুই ছেলে তুহিন (৮) ও তুষার (৪)-কে নিয়ে বাড়িতে অবস্থান করছিলেন। গত ১৬ জুলাই রাতে তিনজন একসঙ্গে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন।

পরদিন ভোরে বড় ছেলে তুহিন হঠাৎ অসুস্থ হয়ে বমি করতে শুরু করলে তাকে দ্রুত লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয় কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

একই দিন দুপুরে ছোট ছেলে তুষারও অসুস্থ হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রাতেই তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।

দ্বিতীয় সন্তানের মরদেহ বাড়িতে আনার পর পিতা মরজেম আলীও হঠাৎ অচেতন হয়ে পড়েন। পরে তাকে প্রথমে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, এরপর নাটোর সদর হাসপাতাল হয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘একই পরিবারের দুই শিশুর মৃত্যুর ঘটনা অত্যন্ত রহস্যজনক। প্রাথমিকভাবে খাদ্যে বিষক্রিয়ার সন্দেহ করা হচ্ছে। মরদেহের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।’

শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে যুবকের কারাদণ্ড

মাল্টিমিডিয়া প্রতিনিধি, মৌলভীবাজার
শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে যুবকের কারাদণ্ড
ছবি : কালের কণ্ঠ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে অলি মিয়া (২৭) নামের এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৮ জুলাই) বিকেলে উপজেলার ৪৬ বিজিবি ক্যাম্পসংলগ্ন বধ্যভূমি এলাকার ভুরভুরিয়া ছড়ায় উপজেলা প্রশাসন, ৪৬ বিজিবি ও শ্রীমঙ্গল থানা পুলিশের যৌথ অভিযানে তাকে আটক করা হয়।

দণ্ডপ্রাপ্ত অলি মিয়া শ্রীমঙ্গল পৌরসভার জালালিয়া রোড এলাকার আব্দুল করিমের ছেলে।

প্রশাসন সূত্রে জানা যায়, ভুরভুরিয়া ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় অলি মিয়াকে হাতেনাতে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেন এবং নিজের কর্মকাণ্ডের জন্য অনুতাপ প্রকাশ করেন।

পরে অভিযোগের সত্যতা যাচাই করে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪(চ) ধারায় অলি মিয়াকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

অভিযানকালে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে পুলিশের একটি দল এবং মেজর মাহবুবুল হকের নেতৃত্বে ৪৬ বিজিবির সদস্যরা উপস্থিত ছিলেন।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান বলেন, ‘অবৈধ বালু ও মাটি উত্তোলনের কারণে পরিবেশ, কৃষিজমি এবং প্রাকৃতিক জলধারার মারাত্মক ক্ষতি হচ্ছে। পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

ময়মনসিংহ-১১ আসনের এমপিকে বিএনপির শোকজ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহ-১১ আসনের এমপিকে বিএনপির শোকজ
সংগৃহীত ছবি

ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য ও ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক ফখর উদ্দিন আহমেদ বাচ্চুকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। শনিবার (১৮ জুলাই) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সই করা এক চিঠিতে ওই নোটিশ দেওয়া হয়। 

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বিষয়টি নিশ্চিত করেছেন।

নোটিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী সময়ে দলীয় শৃঙ্খলা বিরোধী বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ২০২৪ সালের ১ সেপ্টেম্বর ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক ফখর উদ্দিন আহমেদ বাচ্চুকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ দলের সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়। পরে অপরাধের জন্য দুঃখ প্রকাশ করে আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক ২০২৫ সালের ২৪ অক্টোবর ওই বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তার প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়। 

তবে, তিনি ও তার ঘনিষ্ঠ লোকজনের বিরুদ্ধে আবারও দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে নানান অনৈতিক অপতৎপরতায় লিপ্ত থাকার অভিযোগ উঠে। ফলে, ওইসব অভিযোগের ভিত্তিতে নোটিশে কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, ৪৮ ঘণ্টার মধ্যে তার যথাযথ কারণ দর্শিয়ে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়।