• ই-পেপার

ব্যানার বিতর্ক : যুক্তরাজ্যের ভিসা হারানোর শঙ্কায় আর্জেন্টিনার তিন ফুটবলার

কুকুরেয়ার অন্ধবিশ্বাসেই কি চ্যাম্পিয়ন স্পেন

ক্রীড়া ডেস্ক
কুকুরেয়ার অন্ধবিশ্বাসেই কি চ্যাম্পিয়ন স্পেন
বিশ্বকাপের ট্রফি হাতে কুকুরেয়া। ছবি : এক্স থেকে

ক্রীড়াঙ্গনে অনেকে ‘কুসংস্কারে’ বিশ্বাসী। ক্রিকেটে যেমন শচীন টেন্ডুলকার সব সময় বাঁ পায়ে প্যাড পরতেন। ২০১১ বিশ্বকাপে আজন্ম স্বপ্ন পূরণের ফাইনালেও এক কুসংস্কারে বিশ্বাসী ছিলেন। যা পরে জানান তার ওপেনিং সঙ্গী বীরেন্দর শেবাগ।

শেবাগ জানান, ওয়াংখেড়েতে শ্রীলঙ্কার বিপক্ষে ফাইনালে ২৭৫ রান তাড়া করতে নেমে শুরুতেই আউট হন তিনি এবং শচীন। পরে ড্রেসিংরুমে ফিরে শচীনের পাশে বসেন তিনি। কিন্তু ম্যাচ শেষ না হওয়া পর্যন্ত আর কখনো নিজের আসন থেকে উঠতে পারেননি ভারতের সাবেক ওপেনার। কারন, শচীনের অন্ধবিশ্বাস। কিংবদন্তি ব্যাটার শেবাগকে বলেন, ‘আমি এখান থেকে এক চুলও নড়ব না, তুমিও নিজের জায়গা থেকে একদম উঠবে না।’ পরে বিশ্বচ্যাম্পিয়নও হয় তারা।

তেমনি এক অন্ধবিশ্বাসেই কি এবার বিশ্বচ্যাম্পিয়ন হলো স্পেন? মেটলাইফ স্টেডিয়ামের সাইড লাইনের পাশে মার্ক কুকুরেয়ার কয়েন পুঁতে রাখার দৃশ্য ভাইরাল হওয়ার পরেই সেই প্রশ্ন উঠছে ভক্ত-সমর্থকদের মনে। ফাইনাল শুরুর আগে অনুশীলনের সময় সাইড লাইনের কাছে কয়েন পুঁতে রাখেন স্প্যানিশ ডিফেন্ডার। 

 

অনেকের নজরে না আসলেও পরে বিষয়টি ব্যাখ্যা করেছেন স্পেনের সাবেক ডিফেন্ডার হোয়ান ক্যাপদেভিলা। তিনিই যে উত্তরসূরি কুকুরেয়াকে এমন কাজ করতে বলেছেন। ২০১০ বিশ্বকাপের ফাইনাল নামার আগে একই কাজ করেছিলেন স্পেনের সাবেক ডিফেন্ডার। সেবার নেদারল্যান্ডসকে ১-০ গোলে হারিয়ে প্রথমবার বিশ্বকাপ জিতেছিল স্পেন। 

দীর্ঘ ১৬ বছর পর আবার জিতেছে স্পেন। কুকুরেয়াকে আর্জেন্টিনার বিপক্ষে কয়েন পুঁতে রাখার পরামর্শ ক্যাপদেভিলা। অন্ধবিশ্বাসের রহস্য নিয়ে পরে সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, ‘একটা গোপন কথা বলি। ২০১০ বিশ্বকাপের ফাইনাল শুরুর আগে ঘাসের মধ্যে একটা কয়েন লুকিয়ে রেখেছিলাম। সে কথা অনেক বারই বলেছি। এ বার ফাইনালের আগে কুকুরেয়াকে সেটা বলেছিলাম। ও সেটাই করেছে। কুকুরেয়া, তোমাকে খুব ভালোবাসি। তুমি বিশ্বচ্যাম্পিয়ন।’

‘অন্য সবকিছু ভুলে যাও’ কেন বলেছিলেন মেসি, জানাল আর্জেন্টিনার গণমাধ্যম

ক্রীড়া ডেস্ক
‘অন্য সবকিছু ভুলে যাও’ কেন বলেছিলেন মেসি, জানাল আর্জেন্টিনার গণমাধ্যম
সংগৃহীত ছবি

ফাইনালে স্পেনের কাছে বিষাদময় পরাজয়ের পর আর্জেন্টাইন শিবিরের নীরবতা ভাঙল এক ফাঁস হওয়া ভিডিও ক্লিপ। মাঠে নামার ঠিক আগমুহূর্তে ড্রেসিংরুমে সতীর্থদের উদ্দেশে অধিনায়ক লিওনেল মেসির দেওয়া অনুপ্রেরণামূলক এক ভাষণ এখন ফুটবল বিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দু।

ভিডিওটি প্রকাশ্যে আসতেই মেসির মুখে বলা ‘সবকিছু ভুলে যাও’ বাক্যটি নিয়ে শুরু হয় জোর জল্পনা-কল্পনা। নেটদুনিয়ায় অনেকে তো এই শব্দের আড়ালে কোনো ‘গোপন বার্তা’ কিংবা অজানা রহস্য খুঁজতেও শুরু করে দিয়েছিলেন!

তবে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, পুরো ভিডিও ফুটেজ সামনে আসতেই খোলাসা হলো সব রহস্য। বোঝা গেল, কোনো গোপন ছক নয় বরং স্নায়ুচাপ পেছনে ফেলে সতীর্থদের স্রেফ স্বাভাবিক ফুটবলটা খেলারই পরামর্শ দিচ্ছিলেন খুদে জাদুকর।

মাঠে নামার আগের মুহূর্তে আর্জেন্টাইনদের আবেগ আর রণকৌশলের দৃশ্যপটে মেসিকে বলতে শোনা যায়, ‘চলো সবাই, মাথা ঠান্ডা রাখো। সবচেয়ে জরুরি বিষয় হলো—আমাদের শান্ত থাকতে হবে। বাইরের সবকিছু ভুলে শুধু খেলায় মন দাও, স্রেফ নিজের খেলাটা খেলো। চলো!’

শুধু মেসির ভাষণেও সীমাবদ্ধ ছিল না ড্রেসিংরুমের সেই দৃশ্যপট। ড্রেসিংরুম থেকে টানেল হয়ে মাঠে নামার পথে ধরা পড়ে টিম আর্জেন্টিনার কৌশলী আলাপচারিতাও। স্পেনের বিস্ময় বালক লামিন ইয়ামালকে কীভাবে বাগে আনতে হবে এবং প্রতিপক্ষের আক্রমণ কীভাবে ভেস্তে দেওয়া যায়—গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্টিনেজকে সেই ট্যাকটিক্স বোঝাচ্ছিলেন ক্রিস্টিয়ান ‘কুতি’ রোমেরো।

পাশেই লিসান্দ্রো ‘লিচা’ মার্টিনেজ দিবুকে সতর্ক করে দিচ্ছিলেন, প্রতিপক্ষ যেন বক্সের ভেতর ঢুকে শট নেওয়ার সুযোগ না পায়। এরপর নিকোলাস তালিয়াফিকোকে সোজা বার্তা দিয়ে লিচা বলেন, ‘পুরো ম্যাচজুড়ে ওকে একচুল ছাড় দেবে না, একদম আটকে রাখবে।’ এরপর গোলরক্ষককে মানসিকভাবে শক্ত থাকার তাগিদ দিয়ে প্রতিটি বল নিশ্চিতভাবে পকেটে পুরতে বলেন তিনি।

অভিজ্ঞ অধিনায়কের মতো মেসিও বসে থাকেননি। ডিফেন্ডারদের কড়া বার্তা দিয়ে জানিয়ে দেন, প্রতিপক্ষ যখন আক্রমণে আসবে, তখন যেন লিয়েন্দ্রো পারেদেস আর এনজো ফার্নান্দেজ হুট করে সামনে উঠে না যান। পজিশন ধরে রাখাই যে মুখ্য, সেটাই মনে করিয়ে দেন এলএমটেন।

মাঠে নামার ঠিক আগের মুহূর্তে কুতি রোমেরো দিবুর পিঠ চাপড়ে বলে ওঠেন, ‘আজকের দিনটা শুধুই তোমার!’ সতীর্থের কথায় আত্মবিশ্বাসে গদগদ দিবু মার্টিনেজ গর্জে উঠে জবাব দেন, ‘হ্যাঁ, আজ আমার দিন! এই দিনটা ইতিহাসে লেখা থাকবে।’

যদিও ভাগ্যের নির্মম পরিহাসে সেই রাতটি ইতিহাসের পাতায় আর্জেন্টিনার জন্য সুখকর হয়নি। ম্যাচজুড়ে লড়াই তো দূর রক্ষণ করেই সময় কেটেছে আলবিসেলেস্তেদের। 

তবে ড্রেসিংরুমের ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যতই ঝড় উঠুক না কেন, আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি হাঁটছেন নিজের চেনা পথেই। এ নিয়ে প্রশ্ন করা হলে বরাবরের মতোই নির্ভার স্কালোনি সাফ জানিয়ে দেন, ‘আমি সোশ্যাল মিডিয়া দেখি না। এসব নিয়ে আমার বিন্দুমাত্র ধারণাও নেই। আপনারা আসলে কী নিয়ে কথা বলছেন, সেটাও আমি জানি না।’ 

বিশ্বকাপের রোমাঞ্চ শেষ, কবে থেকে শুরু ক্লাব ফুটবল

ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপের রোমাঞ্চ শেষ, কবে থেকে শুরু ক্লাব ফুটবল
সংগৃহীত ছবি

স্পেনের বিশ্বজয়ের মধ্য দিয়ে ফুটবলের সবচেয়ে বড় আসরের পর্দা নামলেও ফুটবলপ্রেমীদের দীর্ঘশ্বাস ফেলার ফুরসত নেই। প্রাক্-মৌসুম সফর, দলবদলের উত্তাপ আর নতুন তারকাদের অভিষেকের সুবাস নিয়ে ইউরোপীয় ক্লাব ফুটবল আবারও ফিরছে সবুজ গালিচায়। কোন লিগ কবে মাঠে গড়াচ্ছে এবং কার প্রতিপক্ষ কে—একনজরে দেখে নেওয়া যাক ইউরোপিয়ান ফুটবলের পূর্ণাঙ্গ সূচি।

ইংলিশ প্রিমিয়ার লিগ (ইংল্যান্ড)

মিকেল আরতেতার অধীন গত মৌসুমে দারুণ নৈপুণ্য দেখিয়ে ট্রফি জিতেছিল আর্সেনাল। নতুন মৌসুমে বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে উদ্বোধনী ম্যাচেই মাঠে নামছে গানার্সরা। চ্যাম্পিয়নশিপ থেকে উঠে আসা কভেন্ট্রি সিটির বিপক্ষে ২১ আগস্ট রাত ১টায় মাঠে গড়াবে লিগের প্রথম ম্যাচ।

কমিউনিটি শিল্ড: লিগ শুরুর আগে ১৬ আগস্ট রাত ৮টায় মুখোমুখি হবে আর্সেনাল ও ম্যানচেস্টার সিটি।
প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচ: ২১ আগস্ট ২০২৬ (আর্সেনাল বনাম কভেন্ট্রি সিটি)

লা লিগা (স্পেন)

হান্সি ফ্লিকের অধীনে টানা সাফল্যের ধারা ধরে রাখতে এবারও শিরোপার মিশনে নামছে বার্সেলোনা। তবে তাদের চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত রিয়াল মাদ্রিদ ও অন্যান্য জায়ান্টরা।

উদ্বোধনী ম্যাচ: ১৫ আগস্ট রাত ১১টা ৩০ মিনিটে আলাভেস ও হেতাফের ম্যাচ দিয়ে পর্দা উঠবে লা লিগার।

লিগ আঁ (ফ্রান্স)

ফরাসি ফুটবলে পিএসজির দীর্ঘদিনের আধিপত্য বজায় থাকলেও ব্যবধান কমাতে কোমর বেঁধে নেমেছে মার্সেই, মোনাকো ও লঁসের মতো প্রতিদ্বন্দ্বীরা। অন্যদিকে লিগ টু থেকে পদোন্নতি পেয়ে লিগ আঁ-তে জায়গা করে নিয়েছে ত্রোয়া ও লে মান।

উদ্বোধনী ম্যাচ: ২১ আগস্ট মার্সেই ও স্ট্রাসবুর্গের ম্যাচ দিয়ে শুরু হবে ফরাসি লিগ।

সিরি ‘আ’ (ইতালি)

বুকে স্কুডেত্তোর ব্যাজ সেঁটে নতুন মৌসুমে নামছে ইন্টার মিলান। তবে মুকুট ধরে রাখা সহজ হবে না, কারণ জুভেন্টাস, এসি মিলান ও নাপোলির মতো ঐতিহ্যবাহী দলগুলো শক্তিশালী দল গড়ে প্রস্তুত। এছাড়া নতুন মৌসুমে সিরি ‘আ’-তে যোগ দিয়েছে ভেনেজিয়া, ফ্রোসিনোনে ও মোনৎসা।

উদ্বোধনী ম্যাচ: ২২ আগস্ট রাত ১০টা ৩০ মিনিটে চ্যাম্পিয়ন ইন্টার মিলান ও মোনৎসার ম্যাচ দিয়ে মাঠে গড়াবে ইতালিয়ান লিগ।

বুন্দেসলিগা (জার্মানি)

বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ নতুন মৌসুমেও শিরোপা ধরে রাখতে মুখিয়ে আছে, তবে বরুসিয়া ডর্টমুন্ড ও বায়ার লেভারকুসেন বসে নেই। এবারের বুন্দেসলিগার অন্যতম বড় আকর্ষণ এসভি এলভার্সবার্গের ঐতিহাসিক অভিষেক। ক্লাবটির ইতিহাসে প্রথমবারের মতো জার্মানির শীর্ষ লিগে খেলবে তারা, সঙ্গে পদোন্নতি পেয়ে ফিরেছে শালকে ০৪ ও এসসি পাদেরবর্নও।

জার্মান সুপার কাপ: ২২ আগস্ট সুপার কাপের শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ ও বরুসিয়া।
উদ্বোধনী ম্যাচ: ২৮ আগস্ট বায়ার্ন মিউনিখ ও স্টুটগার্টের ম্যাচ দিয়ে শুরু হবে বুন্দেসলিগা।

উয়েফা সুপার কাপ

তারিখ: ১২ আগস্ট ২০২৬
পিএসজি বনাম অ্যাস্টন ভিলা 
 

রোজারিওতে ফিরলেন মেসি

ক্রীড়া ডেস্ক
রোজারিওতে ফিরলেন মেসি
প্রাইভেট জেটে বাসায় ফিরলেন মেসি। ছবি : রয়টার্স

মেটলাইফে হৃদয় পুড়েছে আর্জেন্টিনার। অতিরিক্ত সময় স্পেনের কাছে ১-০ গোলে হারায় টানা দ্বিতীয় বিশ্বকাপ জেতা হয়নি তাদের। ম্যাচ হেরে ভীষণ কষ্ট পাওয়ার বিষয়টি এক খোলা চিঠিতে জানিয়েছেন লিওনেল মেসি। ৮ বারের ব্যালন ডি’অরজয়ী বলেন, ‘কষ্টটা অনেক গভীর, ক্ষত শুকাতে সময় লাগবে।’

আর্জেন্টাইনদের মুখে হাসি এনে দিতে না পারায় হয়তো সতীর্থদের সঙ্গে দেশে ফেরেননি মেসি। অভিমানকে বুকে পাথরচাপা দিয়ে অবশ্য গতকাল দেশে ফিরেছেন আর্জেন্টিনার অধিনায়ক। তবে সতীর্থদের মতো বুয়েনস অ্যাইরেসে নয়, ফিরেছেন নিজ শহর রোজারিওতে। ফ্লোরিডা থেকে নিজের প্রাইভেট জেটে রোজারিওতে ফেরেন তিনি।

ফেরার সময় মেসির সঙ্গে ছিল যথারীতি তার পরিবার। তার আসার সংবাদে অনেকে অপেক্ষায় থাকলেও কোনো পাবলিক বক্তব্য রাখেননি তিনি। প্রাইভেট জেট থেকে নেমেই সাদা এসইউভি গাড়িতে বাড়ির পথে রওনা দেন মেসি। বাসায় অপেক্ষায় ছিলেন ৬৮ বছর বয়সী তার বাবা জর্জ মেসি। বর্তমানে তিনি লক্ষণ স্পষ্ট না হওয়া এক রোগে ভুগছেন।

 

মেসির অপেক্ষায় থাকা ভক্ত-সমর্থক তার জার্সি ও প্ল্যাকার্ড হাতে এসেছিলেন। তাদের একজনের হাতে ছিল এমন বার্তা, ‘মেসি, তুমি কিংবদন্তি। আমাদের আনন্দ দেওয়ার জন্য ধন্যবাদ। পুরো দেশ তোমাকে ভালোবাসে।’

বাড়িতে কত দিন থাকবেন মেসি তা জানা যায়নি। তবে জুলাইয়ের শেষ কিংবা আগস্টের শুরুতে ইন্টার মায়ামিতে ফিরতে পারেন ৩৯ বছর বয়সী ফরোয়ার্ড। অন্যদিকে বিশ্ব চ্যাম্পিয়ন হতে না পারলেও ক্যারিয়ারের সায়াহ্নেও দারুণ ছন্দে ছিলেন তিনি। কিলিয়ান এমবাপ্পের (১০ গোল) পর সর্বোচ্চ ৮ গোল করেন তিনি। সঙ্গে ৮ ম্যাচে ৪ অ্যাসিস্ট।