রাজধানীর পল্টনে জাতীয় কাবাডি স্টেডিয়ামে চতুর্থ ম্যাচে নেপালকে ৩৪-২২ পয়েন্টের বড় ব্যবধানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই (৩-১) সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ নারী কাবাডি দল।
সিরিজে টিকে থাকার লড়াইয়ে শুরু থেকেই মরিয়া হয়ে নামে নেপাল। ম্যাচের প্রথমার্ধে আক্রমণাত্মক খেলা উপহার দিয়ে তারা শুরুতে ৮-৪ পয়েন্টে এগিয়েও গিয়েছিল। তবে দমে যায়নি স্বাগতিক মেয়েরা।
দারুণ কিছু বোনাস পয়েন্ট আদায় করে দ্রুত ব্যবধান কমিয়ে আনে বাংলাদেশ। এরপর ট্যাকল আর রেইডে মুন্সিয়ানা দেখিয়ে লিড নেয় এবং ১৩-১১ পয়েন্টে এগিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করে।
বিরতির পর নেপাল ম্যাচে ফেরার চেষ্টা চালালেও বাংলাদেশের কৌশলের সামনে টিকতে পারেনি। খেলার এক পর্যায়ে নেপালের এক খেলোয়াড়কে ‘সুপার ট্যাকল’ করে ২ পয়েন্ট তুলে নেয় বাংলাদেশ, যার ফলে ব্যবধান বেড়ে দাঁড়ায় ২১-১৫ পয়েন্টে। এরপর মেবি চাকমার দুর্দান্ত এক ‘সুপার রেইড’ থেকে আসে আরো ৩ পয়েন্ট।
ঠিক পরপরই সফরকারী নেপালকে ‘অলআউট’ করে ম্যাচে পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নেয় বাংলাদেশ। শেষ পর্যন্ত ৩৪-২২ পয়েন্টের দাপুটে জয় নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজের প্রতিনিধিরা।
অসাধারণ পারফরম্যান্সের সুবাদে ম্যাচসেরা হয়েছেন বাংলাদেশের বৃষ্টি বিশ্বাস। খেলা শেষে পুরস্কার তুলে দেন কাবাডি ফেডারেশনের নতুন সাধারণ সম্পাদক ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ইসরাইল হাওলাদার। এ সময় আররো উপস্থিত ছিলেন কাবাডি ফেডারেশনের দুই যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন আনু ও নাসির আহমেদ সাজু এবং ভলিবল ফেডারেশনের সহসভাপতি বিমল ঘোষ ভুলু।
আগামী বৃহস্পতিবার (২৩ জুলাই) একই ভেন্যুতে সিরিজের পঞ্চম ও নিয়মরক্ষার শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-নেপাল।




