• ই-পেপার

আইশোস্পিডের কারণেই পেনাল্টি মিস করেছিলেন মেসি!

ফ্রান্সের বিপক্ষে তারকা খেলোয়াড়কে পাচ্ছে না মরক্কো

ক্রীড়া ডেস্ক
ফ্রান্সের বিপক্ষে তারকা খেলোয়াড়কে পাচ্ছে না মরক্কো
ছবি : রয়টার্স

বিশ্বকাপের শেষ আটের লড়াইয়ে ফ্রান্সের বিপক্ষে রাতে মাঠে নামছে আফ্রিকার একমাত্র প্রতিনিধি মরক্কো। হাইভোল্টেজ ম্যাচে মরক্কো একাদশে পাচ্ছে না দলের গুরুত্বপূর্ণ তারকা খেলোয়াড় ইসমায়েল সাইবারিকে। হ্যামস্ট্রিং ইনজুরিতে ম্যাচ থেকে ছিটকে গেছেন ২৮ বছর রয়সী এই ফুটবলার। দলটির কোচ মোহাম্মদ ওয়াহবি এই তথ্য নিশ্চিত করেছেন। খবর ইএসপিএন

রাউন্ড অব ১৬-এর ম্যাচে কানাডার বিপক্ষে তিনি এই চোট পান। চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত তিনি দলের অন্যতম সেরা গোলদাতা হিসেবে ভূমিকা রেখেছিলেন। 

এবারের বিশ্বকাপে বড় নামগুলোর বাইরে অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে নিজেকে দারুণভাবে প্রমাণ করেছেন সাইবারি। আর এতেই পিএসভি এইনডোভেন থেকে ৫০ মিলিয়ন ইউরোতে বায়ার্ন তাকে দলে ভিড়িয়েছে। 

এ প্রসঙ্গে ওয়াহবি বলেন, ‘সাইবারি ছাড়া দলে অন্যরা শতভাগ ফিট আছে। এই ম্যাচে সে খেলতে পারছে না। আশা করি এটাই টুর্নামেন্টে তার শেষ ম্যাচ হবে না।’

গ্রুপের তিন ম্যাচেই তিনি গোল করেছেন। এছাড়া নেদারল্যান্ডসের বিপক্ষে রাউন্ড অব ৩২’র ম্যাচে পেনাল্টি শুট আউটে তিনি জয়সূচক শটটি নিয়েছিলেন। 

এ্যাটলাস লায়ন্সদের সামনে এখন সুযোগ ২০২২ বিশ্বকাপ সেমিফাইনালের প্রতিপক্ষ ফ্রান্সের বিপক্ষে প্রতিশোধ নেবার। প্রথম আফ্রিকান-আরব দেশ হিসেবে চার বছর আগে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছিল মরক্কো। এবারও সেই কৃতিত্ব স্পর্শ করার হাতছানি রয়েছে। 

পিএসজির দুই বন্ধু আজ মাঠের ‘প্রতিপক্ষ’, কোয়ার্টারের অগ্নিপরীক্ষায় হাকিমি-দেম্বেলে

ক্রীড়া ডেস্ক
পিএসজির দুই বন্ধু আজ মাঠের ‘প্রতিপক্ষ’, কোয়ার্টারের অগ্নিপরীক্ষায় হাকিমি-দেম্বেলে
সংগৃহীত ছবি

প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) ড্রেসিংরুমে তারা একে অপরের সবচেয়ে কাছের বন্ধু। প্র্যাকটিস গ্রাউন্ড থেকে শুরু করে মাঠের বাইরেও তাদের খুনসুটি ফুটবলপাড়ায় বেশ পরিচিত। কিন্তু আজ রাতে কয়েক ঘণ্টার জন্য সেই বন্ধুত্বকে ভুলে যেতে হবে। কারণ বিশ্বকাপের মহাগুরুত্বপূর্ণ কোয়ার্টার ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে ফ্রান্স ও মরক্কো। আর সেই সঙ্গে মাঠের লড়াইয়ে মুখোমুখি হতে যাচ্ছেন পিএসজির দুই প্রাণভোমরা আশরাফ হাকিমি ও উসমান দেম্বেলে।

কাতার বিশ্বকাপের পর আবারও বিশ্বমঞ্চের সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি এই দুই পরাশক্তি। পিএসজিতে ফরোয়ার্ড লাইনের মূল ভরসা উসমান দেম্বেলেকে পাস দেওয়ার মূল কাজ আশরাফ হাকিমিরই। কিন্তু আজ মাঠে দুই বন্ধুর লড়াইটা হবে একেবারে হাতেনাতে। 

ক্লাব ফুটবলে পিএসজির জার্সিতে রাইট উইংয়ে হাকিমি ও দেম্বেলের জুটিকে প্রতিপক্ষ রক্ষণভাগের জন্য ত্রাস বিবেচনা করা হয়। তবে আজ দেশের জার্সিতে তারা একে অপরের বাধা। মরক্কো ডিফেন্ডার আশরাফ হাকিমি অবশ্য কার্ডের ঝুঁকিতেও আছেন। এই ম্যাচে আরেকটি হলুদ কার্ড দেখলে দল সেমিফাইনালে উঠলেও খেলতে পারবেন না তিনি। ফলে দেম্বেলেদের আটকানোর কাজটি তাকে করতে হবে বেশ সাবধানে, মেপে মেপে।

কাতারের সেমিফাইনালে ফ্রান্সের কাছে হেরে মরক্কোর রূপকথা থেমেছিল। এবার শেষ আটে সেই হারের প্রতিশোধ নেওয়ার মোক্ষম সুযোগ হাকিমিদের সামনে। তবে দেম্বেলে, এমবাপ্পে, বারকোলা, ওলিসেদের নিয়ে গড়া ফ্রান্সের বিধ্বংসী আক্রমণভাগকে রুখে দেওয়া মরক্কোর ডিফেন্সের জন্য হবে এই বিশ্বকাপের সবচেয়ে বড় পরীক্ষা।  

সমালোচনা থেকে বাঁচতে ইনস্টাগ্রাম বন্ধ আর্জেন্টিনা-মিসর ম্যাচের বিতর্কিত রেফারির

ক্রীড়া ডেস্ক
সমালোচনা থেকে বাঁচতে ইনস্টাগ্রাম বন্ধ আর্জেন্টিনা-মিসর ম্যাচের বিতর্কিত রেফারির
ছবি : রয়টার্স

বিশ্বকাপের নকআউট পর্বে আর্জেন্টিনার বিপক্ষে মিসরের বিতর্কিত হারের পর মাঠের উত্তেজনা এবার আছড়ে পড়ল ভার্চুয়াল দুনিয়ায়। ম্যাচ পরিচালনায় চরম পক্ষপাতিত্ব আর ‘অন্যায্য’ সিদ্ধান্তের অভিযোগে মিসরীয় সমর্থকদের নজিরবিহীন সাইবার আক্রমণের শিকার হয়েছেন ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ের। তোপের মুখে টিকতে না পেরে শেষ পর্যন্ত নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিই বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন ৩৭ বছর বয়সী এই রেফারি।

গত ৭ জুলাই আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে শেষ ষোলোর সেই রুদ্ধশ্বাস ম্যাচে মিসরকে ৩-২ ব্যবধানে হারায় আর্জেন্টিনা। তবে ম্যাচের ফল ছাপিয়ে আলোচনার কেন্দ্রে এখন রেফারির কিছু বিতর্কিত সিদ্ধান্ত। মিসরের ফুটবল অ্যাসোসিয়েশনের (ইএফএ) দাবি, ম্যাচের এমন কিছু দৃশ্য যা পরিষ্কার গোল এবং পেনাল্টি পাওয়ার যোগ্য ছিল, রেফারি লেতেক্সিয়ের তা ভিএআরে গিয়ে রি-চেক করতে সাফ অস্বীকৃতি জানান।

সবচেয়ে বেশি ক্ষোভের জন্ম দিয়েছে রেফারির দ্বিমুখী নীতি। একদিকে আর্জেন্টিনার ফুটবলারদের করা ফাউল বা ভুলগুলো ভিএআরে দেখতে চাননি তিনি, অন্যদিকে প্রায় একই রকম এক অজুহাতে মিসরের করা একটি নিশ্চিত গোল বাতিল করে দেন। এই কাণ্ড দেখে গ্যালারি থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম—সর্বত্রই ক্ষোভে ফেটে পড়েন ফুটবলপ্রেমীরা। প্রশ্ন ওঠে, লিওনেল মেসি ও তার দলকে টুর্নামেন্টে টিকিয়ে রাখতেই কি ইচ্ছাকৃতভাবে এমন পক্ষপাতিত্ব করেছেন ফরাসি রেফারি?

মাঠের সেই ক্ষোভের আগুন দ্রুত ছড়িয়ে পড়ে লেতেক্সিয়েরের ব্যক্তিগত ইনস্টাগ্রাম প্রোফাইলে। মিসরীয় সমর্থক ও ফুটবল অনুরাগীরা খুঁজে বের করেন তার অ্যাকাউন্ট। এর পরই শুরু হয় মন্তব্য ও সমালোচনার সুনামি।

সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট ও ইনফ্লুয়েন্সারদের দেওয়া তথ্য মতে, ম্যাচের আগে লেতেক্সিয়েরের শেষ পোস্টে মাত্র ১২টি মন্তব্য ছিল। কিন্তু ম্যাচ শেষ হওয়ার মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে সেই পোস্টে মন্তব্যের সংখ্যা ছাড়িয়ে যায় ১৭ হাজার! যার বেশির ভাগজুড়েই ছিল আর্জেন্টিনার প্রতি তার প্রকাশ্য পক্ষপাতিত্বের অভিযোগ এবং তীব্র ক্ষোভের প্রকাশ। ট্রল, মিম আর তীব্র সমালোচনার এই পাহাড়সম চাপ সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত নিজের অ্যাকাউন্টটিই গুটিয়ে নেন এই ফরাসি রেফারি।

এদিকে মাঠের বাইরে এই লড়াইকে আরো উসকে দিয়েছে মিসর ফুটবল অ্যাসোসিয়েশন। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছে রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ের ও তার সহকারী রেফারিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে তারা। হানি আবু রিদার নেতৃত্বাধীন মিসরীয় ফেডারেশন এখন এই ‘রেফারিং কেলেঙ্কারি’র শেষ দেখে ছাড়তে চায়।

ফ্রান্স-মরক্কো ম্যাচে কে জিতবে, জানাল সুপার কম্পিউটার

অনলাইন ডেস্ক
ফ্রান্স-মরক্কো ম্যাচে কে জিতবে, জানাল সুপার কম্পিউটার

২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে ইউরোপের শক্তিশালী দল ফ্রান্স ও আফ্রিকার অন্যতম সেরা দল মরক্কো। সেমিফাইনালে ওঠার লড়াইয়ের আগে দুই দলকে নিয়ে চলছে নানা আলোচনা। এরই মধ্যে ফুটবল পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণ প্রতিষ্ঠান অপটার সুপারক কম্পিউটারও জানিয়ে দিয়েছে, এই ম্যাচে কোন দলকে এগিয়ে রাখছে তারা। 

ফুটবল বিশ্বকাপের শেষ আটের লড়াইয়ে বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ২টায় মাঠে নামবে ফ্রান্স ও মরক্কো। ফ্রান্সের শক্তিশালী আক্রমণভাগের সামনে এবার বড় চ্যালেঞ্জ মরক্কোর সংগঠিত ও দৃঢ় রক্ষণ।

শেষ ষোলোতে প্যারাগুয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেওয়া ফ্রান্স এবার তৃতীয় বিশ্বকাপ শিরোপার পথে আরো এক ধাপ এগিয়ে যেতে চায়। অন্যদিকে আশরাফ হাকিমি, হাকিম জিয়েশদের নেতৃত্বে মরক্কোর লক্ষ্য আরেকটি অঘটন ঘটিয়ে প্রথমবারের মতো আবারও সেমিফাইনালে জায়গা নিশ্চিত করা।

ম্যাচ শুরুর আগে অবশ্য আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে রেফারিং। আর্জেন্টিনা ও মিসরের শেষ ষোলোর ম্যাচে ফরাসি রেফারি ফ্রাসোয়াঁ লেতেক্সিয়েরের কয়েকটি সিদ্ধান্ত নিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। এর মধ্যেই ফিফা ফ্রান্স-মরক্কো ম্যাচ পরিচালনার দায়িত্ব দিয়েছে আর্জেন্টিনার রেফারিং দলকে, যা নিয়েও চলছে আলোচনা। তবে এসব বিতর্কে গুরুত্ব দিতে নারাজ ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ফুটবলে বিতর্কিত সিদ্ধান্ত থাকবেই। তবে তাদের মনোযোগ শুধুই মরক্কোকে হারিয়ে সেমিফাইনালে ওঠা। রেফারিদের ওপর তার পূর্ণ আস্থা রয়েছে বলেও জানান তিনি।

এদিকে ম্যাচের সম্ভাব্য ফল নিয়ে নিজেদের বিশ্লেষণ প্রকাশ করেছে অপটার সুপার কম্পিউটার। ২৫ হাজারবার সিমুলেশন চালিয়ে তারা দেখেছে, নির্ধারিত ৯০ মিনিটে ফ্রান্সের জয়ের সম্ভাবনা ৬১ দশমিক ৭ শতাংশ। মরক্কোর জয়ের সম্ভাবনা ১৬ দশমিক ২ শতাংশ। আর ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ানোর সম্ভাবনা ধরা হয়েছে ২২ দশমিক ১ শতাংশ।

পরিসংখ্যানও ফ্রান্সের পক্ষেই কথা বলছে। দুই দল এখন পর্যন্ত ছয়বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে চারটিতে জয় পেয়েছে ফ্রান্স, বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে। বিশ্বকাপের ইতিহাসেও একবার দেখা হয়েছিল দুই দলের। ২০২২ সালের আসরের সেমিফাইনালে মরক্কোকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছিল ফরাসিরা।

পরিসংখ্যান, সাম্প্রতিক পারফরম্যান্স এবং সুপার কম্পিউটারের পূর্বাভাস এগিয়ে রাখা হচ্ছে ফ্রান্সকে। তবে নকআউট পর্বে মরক্কো যেকোনো সময় চমক দেখাতে পারে, সেটিও মাথায় রাখছেন ফুটবল বিশ্লেষকেরা। তাই সেমিফাইনালের টিকিট কার হাতে উঠবে, তার উত্তর মিলবে মাঠের লড়াই শেষে।