নাজমুল হোসেন শান্ত-লিটন দাসদের নিয়ে যতটা আলোচনা হয় তার অর্ধেকও হয় না নিগার সুলতানা জ্যোতি-মারুফা আক্তারদের। যেন অনেকটা পুরুষ দলের ছায়াই হয়ে থাকেন তারা। এবার সেই ছায়া থেকে বেরিয়ে আসতে চান জ্যোতিরা।
বিশ্বকাপের দারুণ পারফরম্যান্স দিয়ে নজরে আসতে চায় বাংলাদেশের মেয়েরা। ইংল্যান্ডে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ার আগে এমনি ইচ্ছা পোষণ করেছেন জ্যোতি। আজ মিরপুরে সংবাদ সম্মেলনে বাংলাদেশের অধিনায়ক বলেছেন, ‘দেখুন আমার দলের এক্সপোজার অনেক কম থাকে। বিশ্বকাপের মতো বড় মঞ্চে সবার নজর থাকে, এসব জায়গায় যখন আমরা ভালো পারফর্ম করি, তখন দলকে নিয়ে অনেক বেশি আলোচনা হয়, আমরা এটাই চাই।’
বিশ্বকাপে বাংলাদেশ কঠিন গ্রুপে পড়েছে। তাদের গ্রুপ সঙ্গী হচ্ছে—অস্ট্রেলিয়া, ভারত, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও নেদারল্যান্ডস। তবে প্রতিপক্ষদের হারানোর স্বপ্ন দেখছেন জ্যোতিরা। তিনি বলেছেন, ‘আমাদের দুটি ম্যাচে জেতার অনেক বড় সুযোগ থাকবে। প্রথমত, নেদারল্যান্ডস ও পাকিস্তানের বিপক্ষে। দ্বিতীয়ত, ভারতের সঙ্গে আমাদের খেলার অভিজ্ঞতা আছে। ভারত এবং দক্ষিণ আফ্রিকার সঙ্গে আমাদের ম্যাচ জেতার অভিজ্ঞতা আছে। আমরা প্রতিটি ম্যাচ ধরে এগোতে চাই। শুরুটা যদি ভালো পাই, ছন্দ পেলে সেটা বাকি টুর্নামেন্টে সাহায্য করবে।’
বিশ্বমঞ্চে দুর্দান্ত পারফরম্যান্স করে ক্রিকেটাররা লাভবান হবেন বলে বিশ্বাস জ্যোতির। উইকেটরক্ষক ব্যাটার বলেছেন, ‘ব্যক্তিগতভাবে খেলোয়াড়েরা যখন ভালো করে, তাদের জন্য বিভিন্ন সুযোগ আসে। আমাদের জন্য বড় একটা সুযোগ। তারা (ক্রিকেটাররা) খুব ইতিবাচক মানসিকতায় আছে। বিশ্বকাপে ভালো খেলতে পারলে বাংলাদেশ নারী ক্রিকেটের জন্য ভালো হবে। ব্যক্তিগতভাবে খেলোয়াড়রাও লাভবান হবে।’
আগামী ১২ জুন ইংল্যান্ডে বসবে এবারের টি-টোয়েন্টি আসর। বাংলাদেশের অভিযান শুরু হবে ১৪ জুন, নেদারল্যান্ডসের বিপক্ষে বার্মিংহামে। বিশ্বকাপে মাঠে নামার আগে অবশ্য নেদারল্যান্ডস-স্কটল্যান্ডের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবেন জ্যোতিরা। ত্রিদেশীয় সিরিজের সঙ্গে বিশ্বকাপ সামনে রেখে আজ ও আগামী পরশু দুই ধাপে দেশ ছাড়বে বাংলাদেশের মেয়েরা।




