স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিকসমূহ শাখার পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের জ্যেষ্ঠ কর্মকর্তা ডা. মো. নুরুল ইসলাম। এতদিন তিনি স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপপরিচালক) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
বুধবার (২২ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপপরিচালক) ডা. মো. নুরুল ইসলামকে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) পদে চলতি দায়িত্ব প্রদান করা হয়েছে।
একই প্রজ্ঞাপনে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. আবু হোসেন মো. মইনুল আহসানকে ওএসডি করে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয়ে পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরো উল্লেখ করা হয়েছে, বদলি ও পদায়ন করা কর্মকর্তাদের আগামী ২৬ জুলাইয়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায় ২৭ জুলাই থেকে তারা বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজড) বলে গণ্য হবেন।
স্বাস্থ্য প্রশাসনে দীর্ঘদিনের অভিজ্ঞ কর্মকর্তা নুরুল ইসলামের এ নিয়োগে সহকর্মী, শুভানুধ্যায়ী ও স্বাস্থ্যসংশ্লিষ্ট বিভিন্ন মহল তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। নতুন দায়িত্বে হাসপাতাল ব্যবস্থাপনা, সেবার মানোন্নয়ন এবং প্রশাসনিক কার্যক্রমে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।








