• ই-পেপার

নতুন কৌশলে যুদ্ধে নামতে প্রস্তুত ইরান

সৌদির পরমাণু চুক্তি যে শর্তে কার্যকর হবে

অনলাইন ডেস্ক
সৌদির পরমাণু চুক্তি যে শর্তে কার্যকর হবে
সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি যুগান্তকারী পারমাণবিক চুক্তি স্বাক্ষর করেছে সৌদি আরব। তবে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সৌদির এই চুক্তির কার্যকারিতা নিয়ে উঠেছে প্রশ্ন। 

এ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সৌদি আরবের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি তখনই কার্যকর হবে, যখন দেশটি আব্রাহাম চুক্তিতে যোগ দেবে।

একই সঙ্গে তিনি স্পষ্ট করে দিয়েছেন, এই চুক্তির আওতায় সৌদি আরবকে কোনো ধরনের পারমাণবিক উপাদান সমৃদ্ধকরণে ইউরেনিয়াম ব্যবহারের অনুমতি দেওয়া হবে না।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের জ্বালানি বিভাগ ও সৌদি আরবের মধ্যে যে বেসামরিক পারমাণবিক চুক্তি হচ্ছে, তা শুধুমাত্র অসামরিক উদ্দেশ্যে ব্যবহারের জন্য। তবে এর প্রধান শর্ত হলো সৌদি আরবকে অত্যন্ত সম্মানিত ও সফল আব্রাহাম চুক্তিতে যোগ দিতে হবে।’

তিনি বলেন, ‘ইরান, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও আরও কয়েকটি দেশের মতো সৌদি আরবও এ ধরনের সুবিধা পেতে পারে, তবে এতে পারমাণবিক উপাদান সমৃদ্ধকরণের সুযোগ থাকবে না।’

আব্রাহাম চুক্তি ২০২০ সালে ট্রাম্পের প্রথম মেয়াদে স্বাক্ষরিত হয়। এই চুক্তির মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কোসহ কয়েকটি আরব দেশ ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করে। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই সৌদি আরবকেও এই চুক্তিতে অন্তর্ভুক্ত করার চেষ্টা করছে।

তবে সৌদি আরব এখন পর্যন্ত আব্রাহাম চুক্তিতে যোগ দেওয়ার বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি।

ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর, পরমাণু শক্তি অর্জনে যাত্রা শুরু সৌদির

অনলাইন ডেস্ক
ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর, পরমাণু শক্তি অর্জনে যাত্রা শুরু সৌদির
ছবি : ব্লুমবার্গ

সৌদি আরবের সঙ্গে একটি যুগান্তকারী পারমাণবিক চুক্তি স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র। ফলে ভবিষ্যতে দেশটি ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে মার্কিন জ্বালানি বিভাগ।

মার্কিন জ্বালানি বিভাগ জানিয়েছে, তাদের সচিব ক্রিস রাইট এবং সৌদি প্রিন্স আবদুল আজিজ বিন সালমান একটি ‘দ্বিপক্ষীয় সুরক্ষা চুক্তি’র পাশাপাশি একটি ‘শান্তিপূর্ণ পারমাণবিক সহযোগিতা চুক্তি’ স্বাক্ষর করেছেন। খবর গার্ডিয়ান

এর ফলে মার্কিন প্রতিষ্ঠানগুলো সৌদি আরবের বেসামরিক পারমাণবিক অবকাঠামো এবং বিদ্যুৎকেন্দ্র নির্মাণে সরাসরি অংশগ্রহণের আইনি সুযোগ পাচ্ছে।

চুক্তির পূর্ণাঙ্গ বিবরণ এখনো প্রকাশ করা হয়নি। তবে বিতর্কিত চুক্তিটি এমন এক সময় ঘোষিত হলো। যখন ইরানকে অভ্যন্তরীণভাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থেকে বিরত রাখতে সংঘাতে জড়িয়েছে যুক্তরাষ্ট্র।

শিশু-কিশোরদের সামাজিক মাধ্যম ব্যবহার নিষিদ্ধ করল ফ্রান্স

অনলাইন ডেস্ক
শিশু-কিশোরদের সামাজিক মাধ্যম ব্যবহার নিষিদ্ধ করল ফ্রান্স
সংগৃহীত ছবি

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রথম দেশ হিসেবে ১৫ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নিষিদ্ধ করল ফ্রান্স। 

মঙ্গলবার দেশটির পার্লামেন্টে বিপুল সমর্থনে বিলটি পাস করেন আইন প্রণেতারা। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁখোর জোরালো সমর্থন পাওয়া এই বিলে এখন তার স্বাক্ষরের পর এটি আইনে পরিণত হবে বলে জানায় মার্কিন সংবাদমাধ্যম সিএনএন

বিলটি পাস হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আইন প্রণেতাদের ধন্যবাদ জানিয়ে ম্যাঁখো বলেন, ‘নতুন শিক্ষাবর্ষ থেকেই ১৫ বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ থাকবে।’ 

এর আগে চলতি বছরের জানুয়ারিতে এক ভিডিও বার্তায় ম্যাঁখো বলেছিলেন, ‘আমাদের শিশু ও কিশোরদের মস্তিষ্ক বিক্রির জন্য নয়। তাদের আবেগও বিক্রির জন্য নয় কিংবা তা মার্কিন প্ল্যাটফর্ম বা চীনা অ্যালগরিদমের মাধ্যমে প্রভাবিত হওয়ার জন্যও নয়।’

আগামী সেপ্টেম্বরে নতুন শিক্ষাবর্ষ শুরুর আগেই আইন কার্যকর করতে সরকারকে দ্রুত সংসদীয় প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দিয়েছিলেন ম্যাঁখো। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের বয়স কীভাবে যাচাই করা হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। ফরাসি সরকার জানিয়েছে, আইন কার্যকর করতে বয়স যাচাইয়ের নির্ভরযোগ্য ব্যবস্থা চালু করা হবে।

প্রসঙ্গত, এর আগে গত বছরের শেষ দিকে অস্ট্রেলিয়া ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়ে বিশ্বের প্রথম দেশ হিসেবে এমন আইন কার্যকর করে। 

এ ছাড়া যুক্তরাজ্য আগামী বছর থেকে একই ধরনের বিধিনিষেধ চালুর ঘোষণা দিয়েছে। স্পেন, গ্রিস ও ডেনমার্কও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে ন্যূনতম বয়সসীমা নির্ধারণের পরিকল্পনা করছে।

ইউক্রেনের খাদ্য কারখানায় রুশ হামলা, তিনজনের প্রাণহানি

অনলাইন ডেস্ক
ইউক্রেনের খাদ্য কারখানায় রুশ হামলা, তিনজনের প্রাণহানি
ছবি : রয়টার্স

ইউক্রেনের পাভলোহরাদ শহরে একটি খাদ্য শিল্প কারখানায় রাশিয়ার হামলায় তিনজন নিহত হয়েছেন। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছেন আঞ্চলিক গভর্নর ওলেক্সান্ডার হানজা।

ওলেক্সান্ডার হানজা জানিয়েছেন,হামলার পরপরই শিল্প কারখানাটিতে বড় ধরনের অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। খবর রয়টার্স

ইউক্রেনীয় বিমানবাহিনীর তথ্য অনুযায়ী, হামলাটিতে গাইডেড এরিয়াল বোম ব্যবহার করা হয়েছে।

আঞ্চলিক কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, পাভলোহরাদ শহরটি ফ্রন্টলাইনের কাছাকাছি চলে আসায় বাসিন্দাদের সতর্ক হওয়া ও নিরাপদ আশ্রয়ে যাওয়ার সময় অনেকটাই কমে গেছে। উদ্ধারকারী দল ও স্থানীয় প্রশাসন বর্তমানে ক্ষয়ক্ষতির সম্পূর্ণ পরিমাণ নিরূপণের কাজ চালিয়ে যাচ্ছে।