• ই-পেপার

জাতীয় পরিবেশ পদক পেল ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

প্রধানমন্ত্রী

ঢাকাকে বসবাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলতে হবে

অনলাইন ডেস্ক
ঢাকাকে বসবাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলতে হবে
ছবি : ভিডিও থেকে নেওয়া

সবুজ বাংলাদেশ গড়তে পরিবেশ রক্ষায় শুধু সরকারি উদ্যোগের পাশাপাশি সবার সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এখন আর ভবিষ্যতের আশঙ্কা নয়, এটি বাস্তবতা। তাই উন্নয়নের প্রতিটি পরিকল্পনায় জলবায়ু বিষয়টিকে গুরুত্ব দিতে হবে।

জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে এমন আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান তৃতীয়। এ অবস্থা থেকে বের হয়ে আসা খুবই জরুরি। ঢাকাকে বসবাসের যোগ্য শহর হিসেবে গড়ে তুলতে হবে।

সভ্য দেশ হয়েও যেভাবে যত্রতত্র কলকারখানা গড়ে তোলা হচ্ছে, তা কাম্য নয় বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। 

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জাতীয় পরিবেশ পদক-২০২৫, বন্যপ্রাণী সংরক্ষণে জাতীয় পুরস্কার-২০২৬ এবং বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার-২০২৫ প্রদান করেন। এছাড়া সামাজিক বনায়নের উপকারভোগীদের মধ্যে লভ্যাংশের চেক বিতরণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
ছবি: কালের কণ্ঠ

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, পিএসসি, জি-এর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বৃহস্পতিবার (৯ জুলাই) ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে।

আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করেন তারা। এ সময় বাংলাদেশ ও চীনের মধ্যকার প্রযুক্তিগত ও সামরিক সহযোগিতা আরো জোরদার এবং কৌশলগত অংশীদারত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে মতবিনিময় হয়।

বৈঠকে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য চীনে উচ্চতর প্রশিক্ষণের সুযোগ সম্প্রসারণ এবং প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে প্রতিরক্ষা খাতে স্বনির্ভরতা অর্জনের বিষয়েও আলোচনা হয়। পাশাপাশি প্রচলিত সামরিক সহযোগিতার বাইরে সাইবার নিরাপত্তা জোরদারে যৌথ উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

এ ছাড়া বৈশ্বিক ও আঞ্চলিক ভূরাজনৈতিক পরিস্থিতি এবং এ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে দুই দেশের একযোগে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

প্রতিরক্ষা উপদেষ্টা বাংলাদেশের অবকাঠামো ও প্রতিরক্ষা খাতে চীনের ধারাবাহিক সহযোগিতার প্রশংসা করেন। অন্যদিকে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে বর্তমান সরকারের নেওয়া পদক্ষেপের প্রশংসা করে ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

উপজেলা পর্যায়ে কিডনি ডায়ালিসিস সেবা চালু করা হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক
উপজেলা পর্যায়ে কিডনি ডায়ালিসিস সেবা চালু করা হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, দেশের প্রতিটি নাগরিকের জন্য মানসম্মত প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের প্রধান লক্ষ্য। উপজেলা পর্যায়ে কিডনি ডায়ালিসিস সেবা চালু করা হচ্ছে। একই সঙ্গে ৫০ শয্যা ও জেলা হাসপাতালগুলোতেও ডায়ালিসিস সুবিধা সম্প্রসারণ করা হবে।

বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে নগর এলাকায় প্রাথমিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণ শীর্ষক আলোচনাসভায় তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী জানান, প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতের লক্ষ্যে সরকার দেশের ১৯২টি নগর স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে সেবার পরিধি বাড়ানোর উদ্যোগ নিয়েছে।

তিনি বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ লাইনে অপেক্ষা না করেই নগরবাসী যেন সহজে প্রাথমিক স্বাস্থ্যসেবা পায়, সেই লক্ষ্যে সরকার কাজ করছে। এতে বিশেষ করে নিম্নআয়ের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া আরো সহজ হবে।

সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, নতুন অবকাঠামো, ভবন ও বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে যেন দেশের কোনো গ্রাম চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না থাকে। চিকিৎসার অভাবে যেন কোনো মানুষের প্রাণহানি না ঘটে, সেই লক্ষ্যেই স্বাস্থ্যসেবার পরিধি বাড়ানো হচ্ছে।

সরকার প্রাইভেট সেক্টরকে নতুন বিনিয়োগের জন্য ফেসিলেটেড করবে : বাণিজ্যমন্ত্রী

বাসস
সরকার প্রাইভেট সেক্টরকে নতুন বিনিয়োগের জন্য ফেসিলেটেড করবে : বাণিজ্যমন্ত্রী
ছবি : বাসস

শিল্প, পাট এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সরকার প্রাইভেট সেক্টরকে নতুন বিনিয়োগের জন্য ফেসিলেটেড (সহজ) করবে। তিনি বলেন, আমরা আমাদের পূর্ণ শক্তি নিয়ে কাজ করছি। যত দ্রুত সম্ভব আমরা বিভিন্ন সেক্টরে কর্মসংস্থান সৃষ্টি করতে চাই।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে পাট মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক চুক্তি সম্পাদন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, সরকার যখনই কোন ব্যবসা পরিচালনা করতে গিয়েছে সেখানে আমরা ইনএফিশিয়েন্সি (অদক্ষতা) দেখেছি।

সেই তুলনায় ব্যক্তি যখন এগিয়ে আসে ব্যবসার ক্ষেত্রে তার ডে টু ডে ম্যানেজমেন্ট বা তার অপারেশনাল এফিসিয়েন্সি সরকারি পরিচালনা থেকে অনেক বেশি। তাই বেসরকারি খাতকে ফ্যাসিলেটেড করলে নিশ্চয়ই কর্মসংস্থান বাড়বে।

বাংলাদেশের জুট মিল কর্পোরেশন এবং বাংলাদেশ জুট এয়ারলাইন্স লিমিটেড তথা টিকে গ্রুপের মধ্যে নরসিংদীতে ৩৪ দশমিক ৫০ একর জমির লিজ প্রদানের চুক্তি সম্পাদিত হয়।

অনুষ্ঠানে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরিফুল আলম, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, অর্থ সচিব ড.খায়রুজ্জামান চৌধুরী, পাঠ মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।