সমাজে একটা সময় ছিল, যখন একজন নারীর জীবনের পূর্ণতার মাপকাঠি ছিল বিয়ে ও তার নতুন পরিবার। কিন্তু এখন সময় বদলেছে। অনেক নারী নিজের শান্তি, স্বাধীনতা ও আত্মসম্মানকে জীবনের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখছেন। তাদের কেউ সম্পর্কের মধ্যে থেকে সুখ খুঁজে পান, আবার কেউ নিজের মতো করে একা পথ চলার সিদ্ধান্ত নেন। তবে সমাজবিজ্ঞানীরা মনে করেন, শেষ পর্যন্ত জীবনের সবচেয়ে বড় বিষয় হলো—একজন মানুষ নিজের জীবনে কতটা শান্তি ও সম্মান অনুভব করছেন।
বাংলাদেশে সাম্প্রতিক সময়ের বৈবাহিক সম্পর্ক, পারিবারিক চাপ ও নারীর মানসিক শান্তি নিয়ে আলোচনা বেড়েছে। অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইবনাত খান ইকরার মৃত্যুর ঘটনা ওই আলোচনার নতুন করে জন্ম দেয়।
অভিযোগ ওঠেছে, দীর্ঘদিনের পারিবারিক কলহ ও নির্যাতনের নির্যাতনের শিকার হয়ে তিনি আত্মহত্যা করেন। এই ঘটনার পর সুখী দাম্পত্য, নারীদের বৈবাহিক জীবনের বাস্তবতা এবং আধুনিক বা প্রগতিশীল পরিবারেও নারীরা কেন নানা সমস্যার মুখোমুখি হন—এসব প্রশ্ন ভাবাচ্ছে মানুষকে।
সাম্প্রতিক আলাচিত কিছু ঘটনার তথ্য বলছে, জেন জি প্রজন্মের অনেকেই বিয়ে দেরিতে করছেন বা প্রচলিত বিয়ের ধারণা থেকে সরে আসছেন। এর পেছনে অর্থনৈতিক অনিশ্চয়তা, ব্যক্তিগত স্বাধীনতার প্রতি গুরুত্ব এবং আগের প্রজন্মের বৈবাহিক অভিজ্ঞতা থেকে শেখার ইচ্ছা বড় কারণ হিসেবে কাজ করছে।
এই পরিবর্তিত ভাবনার মধ্যেই অনেক নারী নিজের মতো করে জীবন বেছে নেওয়ার গল্প শেয়ার করছেন। অনেক বছর আগে থেকেই জনপ্রিয় অভিনেত্রী রেখা ১৯৯০ সালে স্বামীর মৃত্যুর পর থেকে একা জীবনযাপন করছেন। তিনি দেখিয়েছেন, একা থাকা মানেই জীবন থেমে যাওয়া নয়; বরং নিজের মতো করে শান্তি ও স্বাধীনতার সঙ্গে বেঁচে থাকাও সম্ভব।
এমন আরেকজন নারী, যিনি লাইফস্টাইল ইনফ্লুয়েন্সার হিসেবে তার একা থাকার অভিজ্ঞতা তুলে ধরেছেন। ৭৪ বছর বয়সী পামেলা অ্যালিন বলেন, আমি একা এবং নিঃসন্তান। গত তিন দশক ধরে আমি একাই জীবন কাটাচ্ছি। জানেন আমি কী শিখেছি? যে দাম্পত্য সম্পর্কে আমি সুখী ছিলাম না, সেখানে আমি একা থাকার চেয়েও বেশি একাকীত্ব অনুভব করেছি।
নিজের দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে লাইফস্টাইল ইনফ্লুয়েন্সার পামেলা মনে করেন, একজন নারী চাইলে নিজের শক্তি, আত্মবিশ্বাস ও পরিকল্পনার মাধ্যমে একা থেকেও সুন্দর জীবন গড়ে তুলতে পারেন। যারা পরিবারের অতিরিক্ত হস্তক্ষেপ ছাড়াই কিংবা কারো ওপর নির্ভর না করে নিজেদের মতো করে জীবন পরিচালনা করতে চান, তাদের জন্য তিনি তিনটি গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন।
আর্থিকভাবে নিজেকে সুরক্ষিত রাখুন
পামেলার প্রথম পরামর্শ হলো—নিজের আর্থিক নিরাপত্তাকে গুরুত্ব দেওয়া। তার মতে, একজন নারী যদি স্বাধীনভাবে জীবনযাপন করতে চান, তাহলে নিজের অর্থনৈতিক অবস্থান সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা খুবই জরুরি।
তিনি বলেন, প্রথমত, নিজেকে আর্থিকভাবে সুরক্ষিত করুন। আপনার প্রতিটি টাকা কোথায় যাচ্ছে, তা জানুন। আপনার নামে কোনো ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, কোনো ঋণ বা আর্থিক দায় আছে কি না—এসব বিষয়ে সচেতন থাকা গুরুত্বপূর্ণ।
তার মতে, আর্থিক স্বাধীনতা শুধু অর্থের বিষয় নয়; এটি একজন মানুষকে নিজের সিদ্ধান্ত নেওয়ার আত্মবিশ্বাসও দেয়।
পাশাপাশি জীবনের পরিবর্তনের সময় কাছের মানুষদের সঙ্গে যোগাযোগ ধরে রাখার কথাও বলেন তিনি। পামেলা মনে করেন, কঠিন সময়ে পরিবার ও বন্ধুদের সহযোগিতা একজন মানুষকে মানসিকভাবে শক্ত থাকতে সাহায্য করতে পারে।
তিনি বলেন, নিজেকে সবার থেকে আলাদা করে ফেলবেন না। কঠিন সময় এলে পরিবার ও বন্ধুরাই আপনাকে এগিয়ে যেতে সাহায্য করতে পারে। তবে এটাও সত্যি, কিছু সময় কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয় এবং সেখান থেকে নিজেকেই উঠে দাড়াতে হয়।
নিজের জীবনের সীমারেখা ঠিক করুন
পামেলার দ্বিতীয় পরামর্শ হলো—নিজের জীবনের সিদ্ধান্ত নিয়ে পরিষ্কার থাকা এবং প্রয়োজন অনুযায়ী সীমারেখা তৈরি করা।
তিনি বলেন, একজন নারী যখন নিজের মতো করে জীবন শুরু করেন, তখন সমাজ বা আশপাশের মানুষ অনেক সময় সেটিকে সহজভাবে গ্রহণ করতে পারে না। অনেকেই প্রচলিত ধারণা অনুযায়ী তাকে প্রশ্ন করতে পারেন বা আগের নিয়মে ফিরে যাওয়ার চাপ দিতে পারেন।
এ বিষয়ে পামেলার পরামর্শ, নিজের সিদ্ধান্তের জন্য বারবার অন্যের কাছে জবাবদিহি করার প্রয়োজন নেই।
তিনি বলেন, নিজের প্রতি দায়িত্বশীল হোন। যেসব বিষয় আপনার ব্যক্তিগত জীবন ও সিদ্ধান্তের সঙ্গে সম্পর্কিত, সেগুলো নিয়ে অন্যদের কাছে ব্যাখ্যা দেওয়ার বাধ্যবাধকতা নেই।
তার মতে, নিজের শান্তি ও ভালো থাকার বিষয়টিকে গুরুত্ব দেওয়া স্বার্থপরতা নয়; বরং এটি নিজের প্রতি সম্মান দেখানোর একটি অংশ।
একা থাকা আর একাকীত্ব এক নয়
পামেলার তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা হলো—একা থাকা এবং একাকী অনুভব করা এক বিষয় নয়।
তার মতে, অনেক মানুষ সম্পর্কের মধ্যে থেকেও গভীর একাকীত্ব অনুভব করেন। আবার কেউ একা থেকেও নিজের জীবনকে ভালোবাসা, আনন্দ ও অর্থপূর্ণ অভিজ্ঞতায় ভরিয়ে তুলতে পারেন।
তিনি বলেন, আপনি এমন একটি নতুন জীবন গড়ে তুলবেন, যেখানে শান্তি থাকবে। একা থাকা আর একাকীত্ব এক নয়। তাই নিজের জন্য নতুন অভ্যাস তৈরি করুন, নিজের পছন্দের কাজ করুন এবং জীবনের আনন্দগুলো খুঁজে নিন।
ভিডিওর শেষে পামেলা আত্মসম্মানের গুরুত্ব তুলে ধরে নারীদের উদ্দেশে একটি শক্তিশালী বার্তা দেন।
তিনি বলেন, মনে রাখবেন, আত্মসম্মান নিয়ে শান্ত একটি জীবন এমন একটি সম্পর্কের চেয়ে অনেক ভালো, যেখানে আপনি নিজেকে অদৃশ্য বা গুরুত্বহীন মনে করেন। তাই আপনি যদি নিজের জন্য নতুন কোনো পদক্ষেপ নিতে চান, তাহলে আপনার জন্য শুভকামনা রইল।
পামেলার কথার মূল বার্তা হলো—জীবনের মূল্য শুধু কোনো সম্পর্কের অবস্থানের ওপর নির্ভর করে না; বরং একজন মানুষ নিজের প্রতি কতটা সম্মান, শান্তি ও ভালোবাসা রাখতে পারছেন, সেটিও সমান গুরুত্বপূর্ণ।





