• ই-পেপার

আপনজন ক্ষতি করলে যা করবেন

বৃষ্টির সময় মুমিনের পঠিতব্য দোয়া ও করণীয়

মুফতি ওমর বিন নাছির
বৃষ্টির সময় মুমিনের পঠিতব্য দোয়া ও করণীয়
সংগৃহীত ছবি

বৃষ্টি শুধু প্রকৃতির সৌন্দর্য নয়; এটি মহান আল্লাহ তাআলার অসীম রহমত, করুণা ও অনুগ্রহের এক জীবন্ত নিদর্শন। আকাশ থেকে ঝরে পড়া প্রতিটি বৃষ্টিবিন্দু মানুষের হৃদয়ে নতুন আশা জাগায়, মৃত ভূমিকে পুনর্জীবিত করে এবং সৃষ্টিজগতের জন্য নিয়ে আসে কল্যাণের বার্তা। তাই ইসলামে বৃষ্টিকে শুধু একটি প্রাকৃতিক ঘটনা হিসেবে নয়, বরং আল্লাহর রহমতের প্রকাশ হিসেবে দেখা হয়। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ‘তিনিই সেই সত্তা, যিনি মানুষের নিরাশ হওয়ার পর বৃষ্টি বর্ষণ করেন এবং তাঁর রহমত ছড়িয়ে দেন। তিনিই অভিভাবক, সর্বপ্রশংসিত।’ (সুরা : শুরা, আয়াত : ২৮)

রাসুলুল্লাহ (সা.) বৃষ্টি দেখলে বিশেষ দোয়া পড়তেন, বৃষ্টির সময় আল্লাহর কাছে বেশি বেশি প্রার্থনা করতেন এবং উম্মতকে শিখিয়েছেন—এ সময় দোয়া কবুল হওয়ার বিশেষ আশা থাকে। তাই একজন মুমিনের উচিত বৃষ্টিকে কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করা, আল্লাহকে স্মরণ করা এবং এ সময়কে ইবাদত ও দোয়ার মাধ্যমে মূল্যবান করে তোলা।

বৃষ্টি দেখলে যে দোয়া পড়া সুন্নত
রহমতের বৃষ্টি শুরু হলে রাসুলুল্লাহ (সা.) এই সংক্ষিপ্ত অথচ অর্থবহ দোয়াটি পড়তেন : 

اللَّهُمَّ صَيِّبًا نَافِعًا

উচ্চারণ : আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ।

অর্থ : ‘হে আল্লাহ! এই বর্ষণকে আমাদের জন্য কল্যাণকর ও উপকারী করে দিন।’

হাদিস : আয়েশা (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) যখন বৃষ্টি হতে দেখতেন, তখন এ দোয়া পাঠ করতেন। (সহিহ বুখারি, হাদিস : ১০৩২)
এ দোয়ার মাধ্যমে একজন মুমিন আল্লাহর কাছে শুধু বৃষ্টি নয়; বরং কল্যাণকর, উপকারী ও বরকতময় বৃষ্টি কামনা করেন।

বৃষ্টির সময় দোয়া কবুলের বিশেষ সুযোগ
ইসলামে কিছু সময়কে দোয়া কবুলের বিশেষ মুহূর্ত হিসেবে উল্লেখ করা হয়েছে। বৃষ্টির সময় তার অন্যতম। সাহল ইবন সাদ (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘দুই সময়ের দোয়া প্রত্যাখ্যান করা হয় না, অথবা খুব কমই প্রত্যাখ্যান করা হয়—আজানের সময়ের দোয়া এবং যুদ্ধক্ষেত্রে শত্রুর মুখোমুখি হওয়ার সময়ের দোয়া।’ অন্য বর্ণনায় এসেছে—‘বৃষ্টির সময়ের দোয়া।’ (সুনানে আবু দাউদ, হাদিস : ২৫৪০)

এ হাদিস আমাদের শিক্ষা দেয় যে, বৃষ্টি শুরু হলে শুধু তা উপভোগ করাই নয়; বরং হাত তুলে নিজের, পরিবারের, দেশ ও সমগ্র মুসলিম উম্মাহর জন্য আন্তরিকভাবে দোয়া করা উচিত।

বৃষ্টিকে আল্লাহর রহমত হিসেবে বিশ্বাষ করা
অনেক মানুষ বৃষ্টির প্রকৃত উৎস ভুলে বিভিন্ন জ্যোতির্বৈজ্ঞানিক বা কুসংস্কারপূর্ণ ব্যাখ্যার ওপর নির্ভর করে। অথচ ইসলাম শিক্ষা দেয়—বৃষ্টি একমাত্র আল্লাহর পক্ষ থেকেই আসে। জায়েদ ইবন খালিদ জুহানী (রা.) বর্ণনা করেন, হুদাইবিয়ায় এক রাতে বৃষ্টি হওয়ার পর রাসুলুল্লাহ (সা.) সাহাবিদের উদ্দেশে বললেন—‘আমার বান্দাদের কেউ আমার প্রতি ঈমানদার হয়েছে, আবার কেউ আমার প্রতি কুফরি করেছে। যে বলেছে, ‘আল্লাহর অনুগ্রহ ও রহমতে আমরা বৃষ্টি পেয়েছি’, সে আমার প্রতি ঈমান এনেছে এবং তারকার প্রতি কুফরি করেছে। আর যে বলেছে, ‘অমুক তারকার কারণে বৃষ্টি হয়েছে’, সে আমার প্রতি কুফরি করেছে এবং তারকার প্রতি ঈমান এনেছে।’ (সহিহ বুখারি, হাদিস : ৮৪৬, সহিহ মুসলিম, হাদিস : ৭১)

অতএব একজন মুমিনের মুখে থাকা উচিত—‘আল্লাহর অনুগ্রহ ও রহমতেই আমরা বৃষ্টিপ্রাপ্ত হয়েছি।’

অতিরিক্ত বৃষ্টি হলে পঠিতব্য দোয়া
কখনো কখনো অতিবৃষ্টির কারণে মানুষের জীবন-জীবিকা বিপর্যস্ত হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে রাসুলুল্লাহ (সা.) আমাদের একটি সুন্দর দোয়া শিখিয়েছেন। আনাস (রা.) বর্ণনা করেন, এক জুমার দিনে এক সাহাবি এসে অতিবৃষ্টির কারণে মানুষের দুর্ভোগের কথা জানালে রাসুলুল্লাহ (সা.) আল্লাহর কাছে এভাবে দোয়া করেন,

اللَّهُمَّ حَوَالَيْنَا وَلَا عَلَيْنَا، اللَّهُمَّ عَلَى الْآكَامِ وَالْجِبَالِ وَالْآجَامِ وَالظِّرَابِ وَالْأَوْدِيَةِ وَمَنَابِتِ الشَّجَرِ

উচ্চারণ : আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়া লা আলাইনা; আল্লাহুম্মা আলাল আকামি ওয়াল জিবালি ওয়াল আজামি ওয়াজ জিরাবি ওয়াল আওদিয়াতি ওয়া মানাবিতিশ শাজার।

অর্থ : ‘হে আল্লাহ! আমাদের ওপর নয়, আমাদের আশপাশে বর্ষণ করুন। হে আল্লাহ! টিলা, পাহাড়, বনভূমি, উপত্যকা এবং বৃক্ষরাজির স্থানে বৃষ্টি বর্ষণ করুন।’ (সহিহ বুখারি, হাদিস : ৯৩৩)
এ দোয়া আমাদের শেখায়, আল্লাহর কাছে এমন বৃষ্টি চাইতে হবে যা রহমত হয়ে আসে, কষ্টের কারণ না হয়।

বৃষ্টি আল্লাহর মহান নিদর্শন
আল্লাহ তাআলা বলেন, ‘আমি আকাশ থেকে বরকতময় পানি বর্ষণ করেছি। অতঃপর তা দ্বারা উদ্যান ও শস্য উৎপন্ন করেছি।’ (সুরা : কাফ, আয়াত : ৯)

আল্লাহ তাআলা আরো বলেন, ‘তিনিই আকাশ থেকে পানি বর্ষণ করেন, অতঃপর তা দ্বারা মৃত ভূমিকে জীবিত করেন। নিশ্চয়ই এতে চিন্তাশীলদের জন্য নিদর্শন রয়েছে।’ (সুরা : নাহল, আয়াত : ৬৫)
এসব আয়াত আমাদের স্মরণ করিয়ে দেয়—বৃষ্টি কেবল পানির ফোঁটা নয়; এটি আল্লাহর কুদরত, রহমত এবং পুনরুত্থানেরও একটি জীবন্ত নিদর্শন।

বৃষ্টির সময় আমাদের ছয়টি করণীয়
১. বৃষ্টি শুরু হলে আল্লাহর প্রশংসা করা।
২. রাসুলুল্লাহ (সা.)-এর শেখানো দোয়া পড়া।
৩. বৃষ্টির সময় বেশি বেশি দোয়া ও ইস্তিগফার করা।
৪. বৃষ্টিকে আল্লাহর রহমত হিসেবে বিশ্বাস করা।
৫. অতিবৃষ্টি বা দুর্যোগ দেখা দিলে নববী দোয়া পাঠ করা।
৬. আল্লাহর নেয়ামতের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা এবং গুনাহ থেকে তওবা করা।

অতএব, বৃষ্টির প্রতিটি মুহূর্ত আমাদের জন্য দোয়া, ইস্তিগফার ও আল্লাহর নৈকট্য লাভের সুবর্ণ সুযোগ। তাই বৃষ্টি নামলেই শুধু প্রকৃতির সৌন্দর্যে মুগ্ধ না হয়ে, নবী করিম (সা.)-এর সুন্নত অনুসরণ করে দোয়া পাঠ করা, আল্লাহর রহমতের শুকরিয়া আদায় করা এবং নিজের ও সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় হাত তুলে প্রার্থনা করাই একজন সচেতন মুমিনের পরিচয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বৃষ্টির রহমত থেকে উপকৃত হওয়ার এবং এ সময়ের দোয়া কবুল হওয়ার সৌভাগ্য দান করুন। আমিন।

আজকের নামাজের সময়সূচি, ১০ ‍জুলাই, ২০২৬

ইসলামী জীবন ডেস্ক
আজকের নামাজের সময়সূচি, ১০ ‍জুলাই, ২০২৬
সংগৃহীত ছবি

আজ শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩, ২৪ মহররম, ১৪৪৮।
ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিম্নরূপ—


জুমার সময় শুরু ১২টা ০৭ মিনিটে।
আসরের সময় শুরু ৪টা ৪৩ মিনিটে।
মাগরিব ৬টা ৫৩ মিনিটে।
এশার সময় শুরু ৮টা ১৯ মিনিটে।
আগামীকাল ফজর শুরু ৩টা ৫৪ মিনিটে 
আজ ঢাকায় সূর্যাস্ত ৬টা ৫০ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ৫টা ১৪ মিনিটে।
সূত্র : ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরা, ঢাকা।

ডিজিটাল যুগে যেভাবে হারিয়ে যাচ্ছে নৈতিকতা

ইসলামী জীবন ডেস্ক
ডিজিটাল যুগে যেভাবে হারিয়ে যাচ্ছে নৈতিকতা

আমরা এমন এক যুগে বাস করছি, যেখানে পৃথিবী যেন একটি ছোট্ট স্ক্রিনে বন্দি। হাতে একটি স্মার্টফোন, সামনে অসীম এক ভার্চুয়াল জগৎ। এক ক্লিকে মানুষ পৌঁছে যাচ্ছে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। যোগাযোগ সহজ হয়েছে, জ্ঞান অর্জনের পথ বিস্তৃত হয়েছে। কিন্তু এই প্রযুক্তির ঝলমলে আলোর আড়ালে নীরবে জন্ম নিচ্ছে এক ভয়াবহ অন্ধকার অধ্যায়ের, যা মূলত নৈতিকতা ও লজ্জাশীলতার অপমৃত্যু। তথাকথিত আধুনিকার যুগে বেহায়াপনা আর লজ্জার বিষয় নয়; বরং অনেকের কাছে এটি প্রগতি, আধুনিকতা, এমনকি নিজেকে বিকশিত করার নাম। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো মানুষ পাপ করতে করতে এমন পর্যায়ে পৌছে যাচ্ছে, যেখানে গুনাহকে আর গুনাহ বলেও মনে হচ্ছে না।

ইসলাম লজ্জাশীলতাকে শুধু একটি নৈতিক গুণ হিসেবে শেখায়নি; বরং এটিকে ঈমানের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, লজ্জাশীলতা ঈমানের একটি শাখা। (মুসলিম, হাদিস : ৩৫) 
আরেক হাদিসে তিনি বলেন, প্রত্যেক দ্বিনের একটি স্বতন্ত্র চরিত্র আছে; ইসলামের চরিত্র হলো লজ্জাশীলতা। (ইবনে মাজাহ, হাদিস : ৪১৮১) 

লজ্জাশীলতার উপকারিতা বর্ণনা করতে গিয়ে অন্যত্র ইরশাদ হয়েছে, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, লজ্জাশীলতা সর্বদা কল্যাণ বয়ে আনে। (বুখারি, হাদিস : ৬১১৭)

এই হাদিসগুলো আমাদের সামনে স্পষ্ট করে দেয়, যেখানে লজ্জাশীলতা দুর্বল হয়, সেখানে ঈমানও দুর্বল হতে শুরু করে। লজ্জাশীলতা মানুষের অন্তরের এমন এক আলোকবর্তিকা, যা তাকে ঈমান, পবিত্রতা ও সততার পথে পরিচালিত করে। এটি বিবেকের নীরব প্রহরী, যার উপস্থিতিতে মানুষ পাপের দ্বারপ্রান্তে এসেও ফিরে দাঁড়ায়। তাই যার হৃদয়ে হায়ার দীপ্তি যত উজ্জ্বল, অন্যায় ও অশ্লীলতার প্রতি তার সংকোচ তত গভীর। কিন্তু যখন হায়া চলে যায়, তখন আর কোনো বাঁধ অবশিষ্ট থাকে না। তাই রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যখন তোমার লজ্জা থাকবে না, তখন যা ইচ্ছা তাই করবে। (বুখারি, হাদিস : ৬১২০)

আজকের ডিজিটাল সমাজ যেন এই হাদিসের এক নির্মম প্রতিচ্ছবি। মুসলিম সমাজের ঘর থেকে ঘরে এটি পাপের সুনামি বইয়ে দিচ্ছে। কারণ ভার্চুয়াল জগতের সবচেয়ে বিপজ্জনক দিক হলো এখানে মানুষ নিজেকে অদৃশ্য ভাবতে শুরু করে। মনে হয়, 'আমি তো একা', 'কেউ তো দেখছে না', 'এটা তো শুধু অনলাইন।' কিন্তু একজন মুমিনের জন্য এই ভাবনা কত বড় আত্মপ্রবঞ্চনা! অথচ আল্লাহ সবকিছু দেখেন। তাঁর নজর এড়িয়ে কোনো কিছু করাই সম্ভব নয়। আমাদের দুই কাঁধে নিয়োজিত ফেরেশতারা আমাদের প্রতিটি কর্মকাণ্ডই লিখে রাখেন। পবিত্র কোরআনে মহান আল্লাহ ঘোষণা করেছেন, চোখের খিয়ানত এবং অন্তরের গোপন বিষয়ও তিনি জানেন। (সুরা : গাফির, আয়াত : ১৯)

স্ক্রিনের সামনে বসে মানুষ কী দেখছে, কোন ছবিতে দৃষ্টি থামছে, কার সঙ্গে কী কথোপকথন চলছে-সবই ডেটা বেইসে থেকে যায়। এআই অ্যালগরিদম, তার প্রতিটি গতিবিধি অনুসরণ করে তার মানসিকতা ও চাহিদা সম্পর্কে জেনে রাখে-যাতে তাকে সে হিসেবে বিজ্ঞাপন দেখানো যায়। সেখানে বিশ্বব্রহ্মাণ্ডের একমাত্র অধিপতি প্রবল পরাক্রমশালী আল্লাহর কাছে তো সবকিছু আরো বেশি স্পষ্ট। ভার্চুয়াল দুনিয়ায় লজ্জাশীলতার সবচেয়ে বড় পরীক্ষা হয় তিন জায়গায়-চোখে, কথায় ও আঙুলে। চোখ হারামের দিকে ছুটে যায়, কথা শালীনতা হারায়, আঙুল এমন বার্তা লিখে ফেলে, যা মুখে উচ্চারণ করা লজ্জাজনক ছিল। আল্লাহ বলেন, 'মুমিনদের বলুন, তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে।' (সুরা : নুর, আয়াত : ৩০)

বর্তমান যুগে এই আয়াত শুধু রাস্তা বা বাজারের জন্য প্রযোজ্য নয়: বরং মোবাইল স্ক্রিন, ভিডিও ফিড এবং সোশ্যাল মিডিয়ার প্রতিটি স্কুলের জন্যও সমানভাবে প্রযোজ্য। মানুষের অন্তরকে হেদায়েতের আলোয় আলোকিত রাখতে হলে তাকে সব ধরনের গুনাহ থেকে পবিত্র রাখতে হবে। মানুষের যেসব অঙ্গের মাধ্যমে তার ঈমান-আমল ও অন্তর কলুষিত হয়, সব অঙ্গের ব্যবহারে সতর্ক হতে হবে। যার অন্যতম মাধ্যম হলো লজ্জাশীলতা। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, নিশ্চয়ই আল্লাহ পর্দাকারী; তিনি লজ্জাশীলতা ও পর্দা ভালোবাসেন। (আবু দাউদ, হাদিস : ৪০১২) 

যে আল্লাহ লজ্জাশীলকে ভালোবাসেন, তাঁর বান্দা কিভাবে নির্লজ্জতাকে নিজের পরিচয় বানায়?
আমাদের স্মরণ রাখা উচিত ভার্চুয়াল জগতে করা প্রতিটি কাজ রেকর্ড হচ্ছে। শুধু প্রযুক্তির ডেটা বেইসে নয়, আমলনামায়ও। আল্লাহ বলেন, 'মানুষ যে কথাই উচ্চারণ করে, তা লিপিবদ্ধ করার জন্য প্রহরী প্রস্তুত রয়েছে।' (সুরা : কাফ, আয়াত : ১৮)

আজ যে কমেন্ট লিখছেন, যে মেসেজ পাঠাচ্ছেন, যে ভিডিও দেখছেন, কিয়ামতের দিন সেগুলোই আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে পারে। ভার্চুয়াল জগৎ ক্ষণস্থায়ী, যা কিছু সময়ের ট্রেন্ড, তা একসময় হারিয়ে যায়। আজকের ভাইরাল পোস্ট আগামীকাল বিস্মৃত হয়। কিন্তু গুনাহের দাগ হৃদয়ে থেকে যায়, আমলনামায় থেকে যায়, যতক্ষণ না বান্দা সত্যিকারের তাওবা করে।

ভার্চুয়াল যুগের সবচেয়ে বড় সমস্যা হলো এখানে মানুষ নিজের অজান্তেই অনেক জঘন্য কাজের অংশীদার হয়ে যায়, যার পরিণাম ভয়াবহ। যেমন-এখানে মানুষ মজার ছলে এমন অনেক কিছু শেয়ার করে বসে, যা সমাজের জন্য ক্ষতিকর বা পরোক্ষভাবে অশ্লীলতার প্রচার। অথচ বিনোদনের নামেও অশ্লীলতা প্রচার করার সুযোগ নেই। এ ব্যাপারে পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, 'যারা মুমিনদের মধ্যে অশ্লীলতার প্রচার-প্রসার কামনা করে, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি।' (সুরা : নুর, আয়াত : ১৯) 

লজ্জাশীলতা রক্ষা করা এখন আর শুধু পোশাকের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং নিজেদের প্রোফাইলে, পোস্টে, কমেন্টে, ইনবক্সে, এমনকি স্ক্রিনের সামনে একাকী মুহূর্তেও এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। মহান আল্লাহ আমাদের সবাইকে এই ভার্চুয়াল দুনিয়ার এই অদৃশ্য ফাঁদ থেকে সতর্ক থাকার তাওফিক দান করুন। আমিন।

হাদিসের বাণী

আল্লাহ তাঁর বান্দাদের যেভাবে তাঁর দিকে আহ্বান করেন

ইসলামী জীবন ডেস্ক
আল্লাহ তাঁর বান্দাদের যেভাবে তাঁর দিকে আহ্বান করেন
সংগৃহীত ছবি

বিশিষ্ট সাহাবি আবু জর জুনদুব ইবনে জুনাদাহ (রা.) থেকে বর্ণিত, মহানবী (সা.) তাঁর রব থেকে বর্ণনা করেন। মহান রব বলেছেন, ‘হে আমার বান্দারা, আমি জুলুমকে আমার নিজের জন্য হারাম করে দিয়েছি, তাই আমি জুলুমকে তোমাদের জন্যও হারাম করে দিলাম। সুতরাং তোমরা পরস্পর জুলুম কোরো না।’ ‘হে আমার বান্দারা, যাকে আমি হিদায়াত দিয়েছি, তারা ব্যতীত তোমরা সকলেই পথভ্রষ্ট। সুতরাং তোমরা আমার কাছে সঠিক পথ কামনা করো। আমি তোমাদের সঠিক পথ প্রদর্শন করব।’ ‘হে আমার বান্দারা, আমি যাদের জন্য আহারের ব্যবস্থা করি, তারা ব্যতীত তোমরা সকলেই ক্ষুধার্ত। সুতরাং তোমরা আমার কাছে আহার চাও, আমি তোমাদের জন্য আহারের ব্যবস্থা করে দেব।’

‘হে আমার বান্দারা, আমি যাকে বস্ত্র দান করেছি, সে ব্যতীত তোমরা সকলেই বস্ত্রহীন, সুতরাং তোমরা আমার কাছে বস্ত্র চাও। আমি তোমাদের বস্ত্র দান করব।’ ‘হে আমার বান্দারা, তোমরা দিন-রাত গুনাহ করে থাকো, আর আমি সমস্ত গুনাহ ক্ষমা করে থাকি। সুতরাং তোমরা আমার কাছে ক্ষমাপ্রার্থনা করো, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব।’ ‘হে আমার বান্দারা, তোমরা কখনো আমার অপকার-উপকার কোনো কিছুই করতে পারবে না।’ ‘হে আমার বান্দারা, যদি তোমাদের আগে-পরের মানুষ ও জিনজাতির সকলের অন্তর নেককার ব্যক্তির অন্তরের মতো হয়ে যায়, তবুও এতে আমার রাজত্বের কোনো কিছু বৃদ্ধি করতে পারবে না।’ ‘হে আমার বান্দারা, যদি তোমাদের আগে-পরের মানুষ ও জিনজাতির সকলের অন্তর বদকার ব্যক্তির অন্তরের মতো হয়ে যায়, তবুও এতে আমার রাজত্বের কোনো হ্রাস করতে পারবে না।’

‘হে আমার বান্দারা, যদি তোমাদের আগে-পরের মানুষ ও জিনজাতির সবাই কোনো বিশাল ময়দানে একত্রিত হয়ে আমার কাছে কোনো কিছু চাও, আর আমি যদি তা দান করি, তাহলে তা আমার বিশাল ভাণ্ডার থেকে ততটুকুই কমতি হবে, যতটুকু হ্রাস পেয়ে থাকে কোনো সমুদ্রে সুঁই ডুবিয়ে পানি উঠালে।’ ‘হে আমার বান্দারা, আমি তোমাদের আমলসমূহ গণনা করে রাখছি, আমি তোমাদের তার পূর্ণ সাওয়াব দান করব।’ সুতরাং যে কল্যাণ লাভ করে, সে যেন আল্লাহর প্রশংসা করে। আর যে ব্যক্তি অকল্যাণ লাভ করে, সে যেন নিজেকে তিরস্কার করে। এই হাদিসের অন্য একজন বর্ণনাকারী আবু ইদরিস (রহ.) যখন এই হাদিস বর্ণনা করতেন, তখন হাঁটুগেড়ে বসে যেতেন। (সহিহ মুসলিম, হাদিস নং : ৬৫৭২, মুসনাদে আহমাদ, ২১৪২০)।