• ই-পেপার

কঙ্গোয় নতুন এলাকায় ছড়াচ্ছে ইবোলা, মৃতের সংখ্যা বেড়ে ৬০০

কারামুক্তির পর বন্দিদের অধিকার নিয়ে সরব ইতালির কট্টর ডানপন্থী নেতা

অনলাইন ডেস্ক
কারামুক্তির পর বন্দিদের অধিকার নিয়ে সরব ইতালির কট্টর ডানপন্থী নেতা
ছবি: রয়টার্স

ইতালির কট্টর ডানপন্থী নেতা ও রোমের সাবেক মেয়র জিয়ান্নি আলেমান্নো কারাগার থেকে মুক্তি পাওয়ার পর এবার বন্দিদের অধিকার এবং কারাগারের মানবিক পরিবেশ নিয়ে প্রকাশ্যে কথা বলতে শুরু করেছেন। দীর্ঘদিন ধরে কঠোর আইন-শৃঙ্খলার পক্ষে অবস্থান নেওয়া এই রাজনীতিকের এমন পরিবর্তিত অবস্থান ইতালির রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

৬৮ বছর বয়সী আলেমান্নো গত ২৪ জুন রোমের রেবিব্বিয়া কারাগার থেকে মুক্তি পান। এটি ইতালির সবচেয়ে বড় কারাগারগুলোর একটি। অতিরিক্ত বন্দী ও জরাজীর্ণ পরিবেশের কারণে কারাগারটি দীর্ঘদিন ধরেই সমালোচিত। প্রভাব খাটানো এবং দায়িত্বের অপব্যবহারের মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর তিনি ১৮ মাস কারাভোগ করেন। যদিও শুরু থেকেই তিনি এসব অভিযোগ অস্বীকার করে আসছেন। কারাগারে থাকার অভিজ্ঞতা তিনি নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেন। তার লেখাগুলো ইতালির কারাগার ব্যবস্থার নানা সমস্যা নিয়ে নতুন করে জনমত তৈরি করেছে। আলেমান্নো রয়টার্সকে বলেন, 'যারা কারাগারে থেকেছেন বা যাদের পরিবারের কেউ কারাগারে আছেন, শুধু তারাই এই সমস্যাগুলো বুঝতে পারেন। অন্যরা বিষয়টি বুঝতেই পারেন না।' তিনি জানান, রেবিব্বিয়া কারাগারে এটিই তার প্রথমবার নয়। ১৯৮২ সালে কট্টর ডানপন্থীদের এক বিক্ষোভে সোভিয়েত দূতাবাসে মলোটভ ককটেল ছোড়ার ঘটনায় তিনি ১০ মাস কারাভোগ করেছিলেন। গত বছরের ৩১ ডিসেম্বর আবার একই কারাগারে গিয়ে কাকতালীয়ভাবে সেই একই সেলে থাকার সুযোগ পান। সেই স্মৃতির কথা উল্লেখ করে তিনি বলেন, 'এই সেল থেকেই আমি ১৯৮২ সালে ইতালির ফুটবল বিশ্বকাপ জয় দেখেছিলাম।"

আলেমান্নো দীর্ঘদিন ধরেই ইতালির ডানপন্থী রাজনীতির পরিচিত মুখ। তিনি রাজনৈতিক জীবন শুরু করেন ফ্যাসিবাদ-পরবর্তী এমএসআই দলের যুব শাখায়। পরে সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বেরলুসকোনির সরকারে কৃষিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত তিনি রোমের মেয়র ছিলেন। কারাগারে থাকার অভিজ্ঞতার পর আলেমান্নো এখন ইতালির কারাগার ব্যবস্থার নানা সমস্যা তুলে ধরছেন। তার মতে, অতিরিক্ত ভিড়, নোংরা পরিবেশ, বিচার বিভাগে জনবল সংকট, জটিল প্রশাসনিক ব্যবস্থা এবং বন্দিদের জন্য শিক্ষা ও প্রশিক্ষণের অভাব পুরো ব্যবস্থাকে অকার্যকর করে তুলেছে। তিনি বলেন, বর্তমান ব্যবস্থা অপরাধীদের সংশোধনের সুযোগ না দিয়ে বরং তাদের আবার অপরাধের দিকেই ঠেলে দেয়। আলেমান্নোর ভাষায়, যারা খারাপ কাজ করতে চান, তাদের জন্য সব পথ খোলা। তারা যা ইচ্ছা করতে পারেন। কিন্তু যারা নতুনভাবে জীবন শুরু করতে চান, তাদের সামনে অসংখ্য বাধা তৈরি করা হয়। কারাগারে থাকার সময় তিনি হত্যাকাণ্ডে সহযোগিতার অপরাধে সাজাপ্রাপ্ত এক সহবন্দীর সঙ্গে যৌথভাবে ফেসবুকে একটি ডায়েরি লিখতেন। তিনি জানিয়েছেন, সেই লেখাগুলো শিগগিরই বই আকারে প্রকাশ করা হবে।

কারামুক্তির পর আলেমান্নো সাবেক সেনা জেনারেল রোবের্তো ভান্নাচ্চির সঙ্গে রাজনৈতিকভাবে একসঙ্গে কাজ শুরু করেছেন। ভান্নাচ্চি কট্টর ডানপন্থী অবস্থান এবং বিতর্কিত বক্তব্যের জন্য পরিচিত। তার নতুন রাজনৈতিক দল ধীরে ধীরে জনপ্রিয়তা অর্জন করছে। তবে কারাগার নিয়ে ভান্নাচ্চির অবস্থান আলেমান্নোর চেয়ে অনেক কঠোর। আলেমান্নো মুক্তি পাওয়ার দিন তিনি সাংবাদিকদের বলেন, 'আবেল আর কাইনের মধ্যে আমি আবেলের পক্ষেই আছি। আর কাইনের কারাগারেই পচে থাকা উচিত।' তিনি আরো বলেন, গুরুতর অপরাধের ক্ষেত্রে কঠোর, দীর্ঘমেয়াদি এবং কড়া শাস্তি নিশ্চিত করা উচিত।

গত জুলাইয়ে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির নেতৃত্বাধীন ডানপন্থী সরকার কারাগারের ধারণক্ষমতা ১৫ হাজার বাড়ানোর প্রতিশ্রুতি দেয়। একই সঙ্গে মাদকাসক্ত বন্দিদের চিকিৎসাকেন্দ্রে পাঠানোর ব্যবস্থা সহজ করার পরিকল্পনার কথাও জানানো হয়, যাতে কারাগারের অতিরিক্ত ভিড় কমানো যায়। তবে ঘোষণার পর এখন পর্যন্ত নতুন কোনো কারাগারের জায়গা তৈরি হয়নি। বন্দিদের স্থানান্তর নিয়ে প্রস্তাবিত আইনও এখনো আলোচনা পর্যায়ে রয়েছে। ২০২৭ সালে বর্তমান সংসদের মেয়াদ শেষ হওয়ার আগে আইনটি পাস না হলে সেটি বাতিল হয়ে যেতে পারে। বর্তমানে ইতালির কারাগারগুলো ইউরোপের সবচেয়ে বেশি ভিড় থাকা কারাগারগুলোর মধ্যে অন্যতম। ধারণক্ষমতার তুলনায় সেখানে প্রায় ১৪০ শতাংশ বন্দী রয়েছে। 

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জনমত জরিপে ক্ষমতাসীন জোট ও মধ্য-বাম বিরোধী জোটের সমর্থন প্রায় সমান। এ অবস্থায় আইন-শৃঙ্খলা নিয়ে কড়া অবস্থানের রাজনৈতিক চাপের কারণে সরকার কারাগার সংস্কারে বড় ধরনের ঝুঁকি নিতে চাইবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। তবে আলেমান্নো আশাবাদী। তার বিশ্বাস, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও কারাগার সংস্কারের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে সব দলের একসঙ্গে কাজ করা উচিত। তিনি বলেন, 'এটি এমন একটি লড়াই, যেখানে বাম ও ডান- উভয় পক্ষকেই একসঙ্গে আসতে হবে।' 

হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮

অনলাইন ডেস্ক
হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮
ছবি : রয়টার্স

হোয়াইট হাউসে ইউএফসি কেজ-ফাইটিং অনুষ্ঠানে ড্রোন ও স্নাইপার হামলার পরিকল্পনার অভিযোগে আটজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গত জুনে অনুষ্ঠিত ওই ইভেন্টে ব্যর্থ হামলার ছক আঁকার দায়ে বৃহস্পতিবার (৯ জুলাই) ওহাইওতে তাদের বিরুদ্ধে হত্যা ও সন্ত্রাসবাদের ষড়যন্তের এই অভিযোগ আনা হয়। 

তদন্তকারীরা জানান, হোয়াইট হাউসে ‘ফ্রিডম ২৫০’ নামের একটি ইউএফসি ইভেন্টের আয়োজন করা হয়েছিল, যেখানে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চরমপন্থী ও প্রান্তিক ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাসী এই চক্রটির লক্ষ্য ছিল ড্রোন ও স্নাইপার ব্যবহার করে সেখানে ভয়াবহ হামলা চালানো। তাদের পরিকল্পনা ছিল অনুষ্ঠান চলাকালীন বিস্ফোরক বোঝাই ড্রোন উড়িয়ে নিয়ে বিস্ফোরণ ঘটানো। এরপর আতঙ্কিত হয়ে সাধারণ মানুষ যখন প্রাণভয়ে দৌড়াদৌড়ি শুরু করবে, তখন স্নাইপার বা দূরপাল্লার বন্দুক দিয়ে ভিড়ের ওপর নির্বিচারে গুলি চালানো। এই হামলার মাধ্যমে মার্কিন সরকারকে অস্থিতিশীল করে তোলার আশা করেছিল চক্রটি।

অভিযোগপত্র অনুসারে, এই চক্রান্তের সূত্রপাত হয়েছিল গত মে মাসে। তখন থেকেই দলটি টাকা, স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, বডি আর্মার, বিস্ফোরক, ড্রোন ও যোগাযোগের উন্নত সরঞ্জাম সংগ্রহ করতে শুরু করে। তবে অনুষ্ঠানটি শুরু হওয়ার চার দিন আগে, ১০ জুন মার্কিন আইন প্রয়োগকারী সংস্থা ও গোয়েন্দারা এই সম্ভাব্য হুমকির বিষয়টি টের পেয়ে যান।

গত মাসে ওহাইও, মিসৌরি, ওয়াশিংটন, নেব্রাস্কা ও ক্যালিফোর্নিয়া থেকে এই চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে ওহাইওর ১৯ বছর বয়সী তরুণ টাইসেন সি. প্রোপার অন্যতম। বিচার বিভাগ জানিয়েছে, চলতি সপ্তাহে এই মামলায় অষ্টম ব্যক্তিকে অভিযুক্ত করার মাধ্যমে ঘটনার সাথে জড়িত মূল ৮ জনকেই আইনের আওতায় আনা সম্ভব হলো। সর্বশেষ গ্রেপ্তার হওয়া ২১ বছর বয়সী এই আসামির নাম চ্যান্ডলার ডি. স্ক্যাগস, যিনি ওয়েস্ট ভার্জিনিয়ার বাসিন্দা।

তদন্তের নথিপত্র অনুযায়ী, এই হামলার পরিকল্পনায় স্ক্যাগসকে একজন ‘স্নাইপার’ বা লক্ষ্যভেদীর ভূমিকা দেওয়া হয়েছিল। চক্রের অন্য সদস্য প্রোপার গ্রেপ্তার হওয়ার পর তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলেও, স্ক্যাগস অন্য আরেক সহ-ষড়যন্ত্রকারীর সাথে মিলে সেই ইভেন্টে গিয়ে হামলা চালাতে সম্পূর্ণ প্রস্তুত ছিলেন।

আটককৃত সবার বিরুদ্ধে সন্ত্রাসীদের বস্তুগত সহায়তা প্রদান, সরকারি সম্পত্তিতে হত্যাকাণ্ড ঘটানো ও সরকারি কর্মকর্তাকে হত্যার ষড়যন্ত্রের মতো গুরুতর দুইটি পৃথক ফেডারেল অপরাধের চার্জ গঠন করা হয়েছে।

অগ্নিকুণ্ডে মসজিদের প্রতিরূপ স্থাপনে গ্রেপ্তার ১, নিন্দায় মুখর উত্তর আয়ারল্যান্ড

অনলাইন ডেস্ক
অগ্নিকুণ্ডে মসজিদের প্রতিরূপ স্থাপনে গ্রেপ্তার ১, নিন্দায় মুখর উত্তর আয়ারল্যান্ড
ছবি: রয়টার্স

উত্তর আয়ারল্যান্ডের একটি ব্রিটিশপন্থী শহরে বড় একটি অগ্নিকুণ্ডের ওপর মসজিদের আদলে তৈরি একটি প্রতিরূপ বসানোর ঘটনায় বৃহস্পতিবার ৫৬ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে। ব্রিটিশ সরকার, স্থানীয় রাজনৈতিক দল এবং বিভিন্ন নেতা এই ঘটনার নিন্দা জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তির বিরুদ্ধে এমন উপকরণ প্রদর্শনের অভিযোগ আনা হয়েছে, যা হুমকিমূলক, অপমানজনক বা বিদ্বেষ ছড়ানোর উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। প্রতি বছর ১২ জুলাইয়ের স্মরণ অনুষ্ঠানের আগের রাতে উত্তর আয়ারল্যান্ডের প্রধানত প্রোটেস্ট্যান্ট ও ব্রিটিশপন্থী এলাকাগুলোতে বড় বড় অগ্নিকুণ্ডে আগুন জ্বালানো হয়। ১৬৯০ সালে বয়েনের যুদ্ধে রোমান ক্যাথলিক রাজা জেমসকে পরাজিত করেছিলেন উইলিয়াম অব অরেঞ্জ। সেই বিজয়ের স্মরণে বহু বছর ধরে এই আয়োজন করা হয়ে থাকে। এবার কাঠের প্যালেট দিয়ে তৈরি একটি উঁচু অগ্নিকুণ্ডের ওপরে মসজিদের আদলে একটি প্রতিরূপ বসানো হয়। ঘটনাটি ঘটেছে বেলফাস্টে অভিবাসীবিরোধী সহিংসতার এক মাসের মাথায়। অগ্নিকুণ্ডের নিচে দুটি ব্যানার টাঙানো ছিল। একটিতে লেখা ছিল, 'আমাদের সীমান্ত নিরাপদ করুন।' অন্যটিতে লেখা ছিল, 'উগ্র ইসলামবাদের হুমকি বন্ধ করুন।'

ঘটনার পর যুক্তরাজ্যের উত্তর আয়ারল্যান্ডবিষয়ক মন্ত্রী হিলারি বেন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় বলেন, এটি কোনো ঐতিহ্যের অংশ নয় এবং উত্তর আয়ারল্যান্ডের অধিকাংশ মানুষের মতামত বা মূল্যবোধেরও প্রতিনিধিত্ব করে না। তিনি সবাইকে এমন ঘৃণামূলক আচরণের বিরুদ্ধে একসঙ্গে অবস্থান নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে ঘটনাটিকে তিনি 'ঘৃণ্য ও কাপুরুষোচিত ভয় দেখানোর চেষ্টা' বলে মন্তব্য করেন। আইরিশ জাতীয়তাবাদী দল সিন ফেইনের প্রতিনিধি কলম গিল্ডারনিউ ঘটনাটিকে স্পষ্ট ঘৃণাপ্রসূত অপরাধ বলে উল্লেখ করেছেন। তিনি পুলিশকে দ্রুত ওই প্রতিরূপটি সরিয়ে নেওয়ার আহ্বান জানান। ব্রিটিশপন্থী প্রধান রাজনৈতিক দলগুলোও প্রকাশ্যে এই ঘটনার নিন্দা জানিয়েছে।

স্থানীয় সূত্র জানায়, মসজিদের প্রতিরূপটির একটি জানালায় একজন মানুষের কুশপুত্তলিকাও রাখা হয়েছিল। তার হাতে ছুরির মতো দেখতে একটি বস্তু ছিল। এ বিষয়টিও নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। উত্তর আয়ারল্যান্ডে সাম্প্রতিক বছরগুলোতে এ ধরনের অগ্নিকুণ্ড ঘিরে বিতর্ক বেড়েছে। আগে এসব অগ্নিকুণ্ডে ক্যাথলিক আইরিশ রাজনীতিকদের ছবি, কুশপুত্তলিকা বা ক্যাথলিকবিরোধী স্লোগান দেখা যেত। তবে এখন কিছু ক্ষেত্রে সেগুলোর পরিবর্তে অভিবাসীবিরোধী ছবি, প্রতীক ও বার্তা ব্যবহার করা হচ্ছে।\

গত বছর বেলফাস্ট থেকে প্রায় ৬৫ কিলোমিটার পশ্চিমে ময়গাশেলের একই স্থানে একটি নৌকায় থাকা শরণার্থীদের প্রতিরূপ তৈরি করে তাতে আগুন দেওয়া হয়েছিল। ওই ঘটনাটিও অভিবাসীদের বাড়িতে হামলার ঘটনার পর ঘটেছিল এবং ব্যাপক সমালোচনার মুখে পড়ে। এদিকে গত মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ছুরিকাঘাতের একটি ঘটনা দেখা যায়, যেখানে একজন ব্যক্তি একটি চোখ হারান। এরপর উত্তর আয়ারল্যান্ডের বিভিন্ন এলাকায় দাঙ্গা ছড়িয়ে পড়ে। দাঙ্গাকারীরা জাতিগত সংখ্যালঘুদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালায়। পুলিশ জানিয়েছে, সুদান বা চাদ থেকে আসা এক ব্যক্তির বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে।

সাম্প্রতিক এই ঘটনাগুলো উত্তর আয়ারল্যান্ডে অভিবাসন, ধর্মীয় বিভাজন এবং ঘৃণামূলক কর্মকাণ্ড নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।
 
 

উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে

অনলাইন ডেস্ক
উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে
ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্র ইরানের দক্ষিণ উপকূল ও পূর্বাঞ্চলের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে নতুন করে হামলা চালানোর পর বৃহস্পতিবার উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। এর ফলে মাত্র তিন সপ্তাহ আগে কার্যকর হওয়া যুদ্ধবিরতি আরো দুর্বল হয়ে পড়েছে এবং মধ্যপ্রাচ্যে আবারও বড় ধরনের সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে।

হামলার পর ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, দেশের দক্ষিণাঞ্চলের কয়েকটি এলাকায় একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের খবর পাওয়া গেছে বুশেহর, কোনারাক, চোগাদাক ও বন্দর আব্বাসে। বুশেহরে ইরানের গুরুত্বপূর্ণ একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রয়েছে। তবে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, সাম্প্রতিক কয়েক ঘণ্টায় যুক্তরাষ্ট্র আর কোনো নতুন হামলা চালায়নি।

এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে দেশটির পবিত্র শহর মাশহাদের একটি ধর্মীয় স্থানে দাফন করা হয়েছে। এক সপ্তাহ ধরে চলা শোকযাত্রা ও বিভিন্ন সমাবেশ শেষে তার দাফন সম্পন্ন হয়। গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধের প্রথম দিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় খামেনি নিহত হন। এরপর কয়েক মাস ধরে চলা যুদ্ধে হাজারো মানুষ প্রাণ হারান। একই সঙ্গে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহেও বড় ধরনের প্রভাব পড়ে। সপ্তাহের শুরুতে কাতার ও সৌদি আরবের বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা যুদ্ধবিরতি কার্যত ভেঙে দেয়। এরপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন, যুদ্ধবিরতি ‘শেষ হয়ে গেছে’। তবে আরেক মার্কিন কর্মকর্তা বলেছেন, ওয়াশিংটন এখনো কূটনৈতিক সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তার ভাষ্য অনুযায়ী, দুই দেশের মধ্যে এখনো কূটনৈতিক পর্যায়ে আলোচনা চলছে।

এদিকে যুদ্ধ থামাতে না পারায় প্রেসিডেন্ট ট্রাম্প রাজনৈতিক চাপের মুখে পড়েছেন। বছরের শেষ দিকে যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। এর আগে জ্বালানির দাম বৃদ্ধি এবং ভোটারদের অসন্তোষ রিপাবলিকান দলের জন্য নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। খামেনির শেষযাত্রা মাশহাদের পবিত্র ধর্মীয় স্থানে পৌঁছালে সেখানে বিপুল মানুষের সমাগম হয়। অনেকের হাতে যুক্তরাষ্ট্রবিরোধী ও ট্রাম্পবিরোধী স্লোগান লেখা ব্যানার দেখা যায়। একটি ব্যানারে লেখা ছিল, ‘আমরা ট্রাম্পকে হত্যা করব’।

ইরানের বিপ্লবী গার্ডের নৌবাহিনী দাবি করেছে, যুক্তরাষ্ট্রের হামলা এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণে ওয়াশিংটনের হস্তক্ষেপের কারণে প্রণালিটির স্বাভাবিকভাবে চালুর প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে। তাদের দাবি, গত দুই সপ্তাহে ইরানের তত্ত্বাবধানে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের সংখ্যা যুদ্ধের আগের সময়ের প্রায় ৫০ শতাংশে পৌঁছেছে। তেহরানের নির্ধারিত পথ ব্যবহার করা জাহাজগুলোকে শুধু চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে। বিপ্লবী গার্ড আরো সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্র যদি আবার কোনো ধরনের সামরিক হস্তক্ষেপ করে, তাহলে তার জবাব হবে ‘চূর্ণবিচূর্ণকারী প্রতিক্রিয়া’। 

অন্যদিকে মার্কিন সামরিক বাহিনীর দাবি, হরমুজ প্রণালিতে নিরাপদ নৌচলাচল নিশ্চিত করতেই তারা হামলা চালিয়েছে। তাদের অভিযোগ, ইরানের বাহিনী ওই এলাকায় তিনটি তেলবাহী জাহাজে হামলা করেছিল। মার্কিন বাহিনী জানায়, মে মাসের শুরু থেকে এখন পর্যন্ত তারা হরমুজ প্রণালি দিয়ে ৮০০টির বেশি বাণিজ্যিক জাহাজ এবং ৩৮ কোটি ব্যারেলের বেশি অপরিশোধিত তেল নিরাপদে পার হতে সহায়তা করেছে। তাদের দাবি, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ইরানের হাতে নেই। যুদ্ধের কারণে বিশ্ববাজারে তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হওয়ায় দাম বেড়ে গেলেও বৃহস্পতিবার তা কিছুটা কমে আসে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, বুধবার তাদের বাহিনী ইরানের প্রায় ৯০টি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়। এসব লক্ষ্যবস্তুর মধ্যে ছিল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, উপকূলীয় নজরদারি কেন্দ্র, ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার এবং ড্রোন ঘাঁটি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন, ‘এটি গতকাল ইরানের জাহাজে বোমা হামলার প্রতিশোধ। আবার এমন হলে পরিস্থিতি আরো অনেক খারাপ হবে।’ ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, আট ও নয় জুলাই যুক্তরাষ্ট্রের হামলায় পাঁচটি প্রদেশে অন্তত ১৪ জন নিহত এবং ৭৮ জন আহত হয়েছেন। ফার্স বার্তা সংস্থা জানায়, যুক্তরাষ্ট্রের একটি হামলায় এমন একটি রেলসেতু ক্ষতিগ্রস্ত হয়েছে, যা রাশিয়া ও চীনের সঙ্গে বাণিজ্যে ব্যবহৃত হতো। বুশেহরের রাশিয়ার সহায়তায় নির্মিত পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বাইরের নিরাপত্তা এলাকায় যুক্তরাষ্ট্রের একটি ক্ষেপণাস্ত্র আঘাত করেছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। এর আগেও গত আট এপ্রিলের যুদ্ধবিরতির আগে ওই এলাকায় একাধিক হামলা হয়েছিল।

এদিকে ইরানের সেনাবাহিনী জানিয়েছে, তারা কুয়েতে থাকা মার্কিন প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, কাতারের একটি আগাম সতর্কীকরণ কেন্দ্র এবং বাহরাইনে মার্কিন বাহিনীর একটি জ্বালানি ডিপো লক্ষ্য করে হামলা চালিয়েছে। কুয়েতের সশস্ত্র বাহিনী জানিয়েছে, তারা একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র, তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ১০টি ড্রোন ভূপাতিত করেছে। ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে একজন আহত হয়েছেন। ইরান থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার পর জর্ডানেও সতর্কতামূলক সাইরেন বাজানো হয়। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, ৮টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। পরে ইরানের বিপ্লবী গার্ড দাবি করে, তারা জর্ডানের আজরাক সামরিক ঘাঁটিতে ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ওই ঘাঁটি যুক্তরাষ্ট্র ব্যবহার করে বলে তাদের দাবি। এছাড়া মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের একটি সামরিক নিয়ন্ত্রণকেন্দ্রেও হামলা চালানো হয়েছে বলে জানানো হয়। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

কাতারে এই অঞ্চলের সবচেয়ে বড় মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে। দেশটি দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আসছে। কাতার বাণিজ্যিক জাহাজে হামলার নিন্দা জানিয়ে সব পক্ষকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে। তুরস্ক ও ওমানের পররাষ্ট্রমন্ত্রীরাও আলাদা ফোনালাপে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে কথা বলেছেন। তারা সবাই নতুন করে সামরিক উত্তেজনা এড়িয়ে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের ওপর গুরুত্ব দিয়েছেন। এদিকে পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে ফোনালাপে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি যুক্তরাষ্ট্রের ‘যুদ্ধ উসকে দেওয়ার নীতি’র সমালোচনা করেছেন। 

যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় ২০ শতাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবহন হতো। তবে সংঘাত শুরু হওয়ার পর তেহরান কার্যত প্রণালিটির বড় অংশের নিয়ন্ত্রণ গ্রহণ করে। এর ফলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা আরো বেড়ে যায়। ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাকের কালিবাফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘হরমুজ প্রণালি আবার চালু হবে শুধু ইরানের ব্যবস্থাপনায়, যুক্তরাষ্ট্রের হুমকির মাধ্যমে নয়।’