আগামীকাল ১৩ জুলাই প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফরকে কেন্দ্র করে ফরিদপুরের ভাঙ্গায় বিএনপি নেতাকর্মীদের মাঝে আনন্দের জোয়ার বইছে। ঘোষিত কর্মসূচি থেকে জানা যায় প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার সকালে ঢাকা থেকে সড়ক পথে ফরিদপুরের ভাঙ্গা অতিক্রম করে বরিশাল যাবেন।
প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে ভাঙ্গা উপজেলার ১২টি ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা টোল প্লাজা থেকে ভাঙ্গা উপজেলার সীমান্তবর্তী চুমুরদী বাস স্ট্যান্ড পর্যন্ত আগামীকাল সকাল ৬টা থেকে মহাসড়কের দুই পাশে সুশৃংখলভাবে অবস্থান করবেন। এছাড়াও বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ভাঙ্গা বাজার বাসস্ট্যান্ডে ব্যাপক জনসমাগম ঘটাবেন। এদিকে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে মহাসড়কে তৈরি হয়েছে তোরণ এবং বিভিন্ন ধরনের ব্যানার ও প্লাকার্ড।
রবিবার বিকেলে ভাঙ্গা বাসস্ট্যান্ডে পরিদর্শনে এসে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বাবুল প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর সার্বিক প্রস্তুতি নিয়ে নেতাকর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এসময় তিনি তাদের ঐক্যবদ্ধভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করে সংবর্ধনা অনুষ্ঠানকে সুশৃঙ্খল, সুন্দর ও সফল করার আহ্বান জানান।
ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর উপলক্ষে ফরিদপুর -৪ আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বাবুলের নির্দেশনায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে ভাঙ্গায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আগামীকাল সোমবার সকাল ৬টা থেকে নেতাকর্মীরা ভাঙ্গা টোল প্লাজা থেকে ঢাকা-বরিশাল মহাসড়কের চুমুরদী পর্যন্ত মহাসড়কের দুই পাশে সুশৃংখলভাবে অবস্থান করবেন। এছাড়া প্রধানমন্ত্রী সম্মতি প্রকাশ করলে ভাঙ্গা বাস স্ট্যান্ডে পথসভা হতে পারে।’
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রীর বরিশাল উপলক্ষে ফরিদপুরের ভাঙ্গায় আইন-শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ৪৩৮ জন এপিবিএন ও পুলিশ সদস্য রবিবার সন্ধ্যায় ভাঙ্গায় পৌঁছেছেন। তারা আইন-শৃঙ্খলা রক্ষায় ভাঙ্গাথানা পুলিশের পাশাপাশি কাজ করছেন। এছাড়াও মহাসড়কে টহলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন টিম কাজ করছে।’





