• ই-পেপার

দেশের ১২ অঞ্চলের ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, দিনাজপুরে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, দিনাজপুরে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
সংগৃহীত ছবি

দিনাজপুরের পার্বতীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের খাদ্যসামগ্রী তৈরি ও বিক্রির অভিযোগে তিনটি হোটেল ও একটি বেকারিকে মোট ৫ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অর্থদণ্ড অনাদায়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মালিকদের ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায় দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যায় পার্বতীপুর শহরের বিভিন্ন এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে এ আদেশ দেন দিনাজপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-৫-এর বিচারক মো. সোহাগ হোসেন। অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।

জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলো হলো—শাহ হোটেল, মুক্তিযোদ্ধা হোটেল, মামা-ভাগিনা হোটেল এবং তাজ বেকারি।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, দীর্ঘদিন ধরে এসব প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের খাবার, মিষ্টি, দই ও খোরমা প্রস্তুত ও বিক্রি করা হচ্ছিল। অভিযানের সময় খাদ্য প্রস্তুতের পরিবেশে নানা অনিয়ম এবং জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ পরিস্থিতির প্রমাণ পাওয়া যায়। এ সময় সংশ্লিষ্ট মালিকরা আদালতের কাছে অভিযোগের বিষয়ে দোষ স্বীকার করেন।

পরে নিরাপদ খাদ্য ও ভোক্তা-সংশ্লিষ্ট আইন অনুযায়ী শাহ হোটেল, মুক্তিযোদ্ধা হোটেল এবং মামা-ভাগিনা হোটেলকে এক লাখ টাকা করে মোট তিন লাখ টাকা এবং তাজ বেকারিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। আদালত নির্দেশ দেন, নির্ধারিত সময়ের মধ্যে জরিমানার অর্থ পরিশোধ না করলে সংশ্লিষ্ট মালিকদের ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড কার্যকর হবে।

অভিযান শেষে বিচারক মো. সোহাগ হোসেন বলেন, ‘জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। ভেজাল ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের সঙ্গে জড়িত কোনো প্রতিষ্ঠানকে ছাড় দেওয়া হবে না।’

গাইবান্ধায় ব্রহ্মপুত্রে নৌ ডাকাতি, ব্র্যাক কর্মকর্তাদের ৮ লাখ টাকা লুট

গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধায় ব্রহ্মপুত্রে নৌ ডাকাতি, ব্র্যাক কর্মকর্তাদের ৮ লাখ টাকা লুট

গাইবান্ধার ফুলছড়ির ব্রহ্মপুত্র নদে প্রকাশ্য দিবালোকে নৌ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল নৌকার চালক ও যাত্রীদের পিস্তল ও ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে লুট করে নিয়েছে বিপুল পরিমাণ নগদ টাকা, মোবাইল ফোন ও নারী যাত্রীর ব্যাগ। এসময় ব্র্যাক এনজিওর দুই কর্মকর্তার কাছ থেকে লুট করে নেওয়া হয় প্রায় ৮ লাখ টাকা।

বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যায় এ ডাকাতির সংবাদটি স্থানীয় সাংবাদিকরা জানতে পারেন।

দুপুরে উপজেলার উড়িয়া ইউনিয়নের কাঁটাতারা থেকে ফজলুপুর ইউনিয়নের কাবিলপুর ঘাটের খেয়া নৌকায় এ ডাকাতির ঘটনা ঘটে।

ডাকাতের কবলে পড়া ব্র্যাক এনজিওর দুই কর্মকর্তা হলেন সহকারী শাখা ব্যবস্থাপক নিরঞ্জন চন্দ্র রায় এবং কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার (সিডিও) রাকিবুল হাসান। ওই নৌকায় ১০/১২ জন যাত্রী ছিলেন।

সূত্র জানায়, দুপুরে ফজলুপুর ইউনিয়নের কাবিলপুর চরের খেয়া ঘাট থেকে সাইদুর রহমান নামের এক নৌকা চালক নৌকা ছাড়েন। নৌকাটি ছাড়ার আধা ঘণ্টা পরই ডাকাতদের কবলে পড়ে। ডাকাতরা যাত্রীদের পিস্তল ও ধারালো নানা অস্ত্র ধরে ব্র্যাকের দুই এনজিওকর্মীর থেকে বিপুল পরিমাণ টাকা, তিন নারী যাত্রীর ভ্যানিটি ব্যাগ, দুটি মোবাইল ফোন লুট করে নেয়।

চালক সাইদুর বলেন, একটি ছোট নৌকায় ৮-১০ জনের ডাকাত দল এ হানা দেয়। তারা তার কাছ থেকেও নৌকা ভাড়া কালেকশনের টাকা এবং এক মহিলার হাতে থাকা ১০ হাজার টাকা লুট করে নেয়। তিনি বলেন, ডাকাতদের মুখ ঢাকা ছিল, তাদেরকে চেনা যায়নি।

নৌকার যাত্রী ও কাবিলপুর বাজারের কীটনাশক ব্যবসায়ী আইয়ুব আলী বলেন, দুজন ডাকাত তাদের নৌকায় বসে পিস্তল তাক করে ছিল। তারা নৌকাযাত্রী তার মামাতো বোন জান্নাতির ব্যাগ ছিনিয়ে নেয়। এইচএসসি পরীক্ষার্থী তার বোনের অ্যাডমিট কার্ড ওই ব্যাগে ছিল।

এ ব্যাপারে ব্র্যাকের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর (ক্ষুদ্র ঋণ) মোশাররফ হোসেন বলেন, ফজলুপুর ইউনিয়নে বৃহস্পতিবারের মাসিক কালেকশনে করে ব্র্যাকের ৬ জন স্টাফ। তাদের মধ্যে ব্র্যাকের সহকারী শাখা ব্যবস্থাপক নিরঞ্জন চন্দ্র রায় এবং কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার (সিডিও) রাকিব হাসান ওই সময় পর্যন্ত সকালের কালেকশনের ৭ লাখ ৭৯ হাজার ৩০০ টাকা নিয়ে ব্যাংকে জমা করার জন্য রওনা হন। বাকি সদস্যরা কালেকশন শেষ করে পরে আসতেন। কিন্তু নৌকায় সংঘবদ্ধ ডাকাতরা তাদের পুরো টাকা লুট করে নেয়। তিনি বলেন, ব্র্যাকের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নিতে তারা ফুলছড়ি থানায় উপস্থিত হয়েছেন।

ফজলুপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস সালাম খাঁ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হুদা রাত ১০টার দিকে বলেন, ভুক্তভোগীরা থানায় এসেছেন। আমরা প্রাথমিকভাবে শুনেছি, তাদের কাছ থেকে প্রায় ৮ লাখ ঢাকা লুটে নিয়েছে ডাকাতরা। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

যুক্তরাষ্ট্রে খাবার ডেলিভারিতে গিয়ে নিহতের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
যুক্তরাষ্ট্রে খাবার ডেলিভারিতে গিয়ে নিহতের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে
হিমেল রামেক থেকে এমবিবিএস পাস করেন। সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তদের গুলিতে চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা মাহফুজুল হক হিমেল (৪৫) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (৭ জুলাই) রাত ৯টার দিকে দেশটির পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়া শহরে এ ঘটনা ঘটে।

হিমেল সেখানে ‘ডোরড্যাশ’ নামের অ্যাপভিত্তিক একটি খাবার কম্পানিতে চাকরি করতেন। অনলাইনে অর্ডার দেওয়া খাবার ডেলিভারি করতে গিয়ে হামলার শিকার হন তিনি।

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ভেড়িবাজার গ্রামের মৃত মোজাম্মেল হক ওরফে বাবু মাস্টার ও মনোয়ারা বেগমের ছেলে হিমেল।

স্থানীয় জনপ্রতিনিধি ও স্বজনরা যুক্তরাষ্ট্র সময় মঙ্গলবার রাত ৯টার দিকে হিমেল গুলিবিদ্ধ হয়ে রাত ১০টার দিকে হাসপাতালে মারা যাওয়ার বিষয়টি শোনেন বলে নিশ্চিত করেছেন। তা বাংলাদেশ সময় গত বুধবার বিকেলের ঘটনা।

গোমস্তাপুর ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন বলেন, বুধবার রাতে হিমেলের মৃত্যুর খবর পাই। তার বাবা গোমস্তাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক (অব.)। তার মা গোমস্তাপুর আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (অব.)। তাদের আদি বাড়ি ছিল একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চকপুস্তম গ্রামে। হিমেলরা দুই ভাইবোন। হিমেল রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) থেকে এমবিবিএস পাস করেন। তার ৪ বছরের ছোট বোন বর্ষা রাজশাহী এশিয়ান ইউনিভার্সিটি থেকে বিবিএ করেন। হিমেল বিবাহিত ও তার এক ছেলে রয়েছে। তার স্ত্রী মিনারা রহমানও চিকিৎসক। তিনি আমেরিকাতে চাকরি করেন।

হিমেলের চাচা (তার বাবার আপন মামাতো ভাই) ও ৪ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য মো. বাবুল বলেন, প্রায় ১৫ বছর আগে প্রথমে কানাডা ও পরে পর আমেরিকা যান হিমেল। ৩/৪ বছর আগে শেষ বারের মতো সপরিবারে দেশে মাকে দেখতে আসেন তিনি। তার একমাত্র সন্তানের নাম মাকিন। তার বয়স ১৪। হিমেলের বোন বর্ষার বিয়ে হয় ইংল্যান্ড প্রবাসী ময়মনসিংহের এক ছেলের সঙ্গে। এখন বর্ষা সপরিবারে কানাডাতে থাকেন। হিমেলের মা গত রোজার ঈদের পর মেয়ের কাছে বেড়াতে যান। এখনও তিনি সেখানে রয়েছেন।

হিমেলের চাচাতো ভাই (বাবুল মেম্বারের ছেলে) কায়সার আহমেদ কানন বলেন, গত বুধবার বিকেলে হিমেল ভাইয়ার গুলিবিদ্ধ হবার সংবাদ পাই। সবুজ নামের ফিলাডেলফিয়ায় বসবাসরত ভেড়িবাজারের   বাসিন্দা আব্দুস সালাম মাস্টারের ছেলে এ সংবাদ দেন। এ ছাড়া ভেড়িবাজারের অন্য একজনসহ আমেরিকায় বসবাসরত অন্য স্বজনেরাও ঘটনাটি নিশ্চিত করেন।

কানন আরো বলেন, যতটুকু জানা গেছে বাংলাদেশ সময় বৃহস্পতিবার জোহরের পর আমেরিকার নিউ জার্সিতে হিমেলের জানাজা অনুষ্ঠিত হবে। তার মরদেহ সেখানে নিয়ে যাওয়া হয়েছে। পরিবার ও কমিউনিটির লোকজন সেখানে চলে গেছেন। এরপর সিদ্ধান্ত অনুযায়ী মরদেহ কানাডা নিয়ে যাওয়া হবে। সেখানে মা ও বোনের উপস্থিতিতে মরদেহ দাফন করা হবে। কারা কেন হিমেলকে হত্যা করল, সে সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। কেউ আটক হয়নি। পুলিশ ঘটনার তদন্ত করছে বলেও জানান কানন।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বলেন, যুক্তরাষ্ট্রে মাহফুজুল হক হিমেলের গুলিবিদ্ধ হয়ে নিহত হবার বিষয়টি স্থানীয় সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

সাতক্ষীরায় বাসচাপায় গৃহবধূ নিহত, আহত ১

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরায় বাসচাপায় গৃহবধূ নিহত, আহত ১
ছবি : কালের কণ্ঠ

সাতক্ষীরার তালায় যমুনা লাইন পরিবহনের একটি বাসের চাপায় রুমি আক্তার (২৮) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার শাহাপুর বাজারসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুমি আক্তার উপজেলার খলিলনগর ইউনিয়নের প্রসাদপুর গ্রামের শহিদুল মোড়লের মেয়ে এবং পাশের ডুমুরিয়া উপজেলার আঠারো মাইল বেতাগ্রামের হারুন-অর-রশিদের স্ত্রী।

স্থানীয় সূত্র জানায়, দুই শিশু সন্তানকে নিয়ে মোটরভ্যানে করে তালা থেকে আঠারো মাইলের দিকে যাচ্ছিলেন রুমি আক্তার। পথে শাহাপুর বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যমুনা লাইন পরিবহনের একটি বাসের সঙ্গে ভ্যানটির সংঘর্ষ হয়। এতে রুমি ভ্যান থেকে ছিটকে পড়ে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

এ সময় ভ্যানচালক গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে ভ্যান থেকে ছিটকে পড়েও রুমির দুই শিশু সন্তান অক্ষত অবস্থায় প্রাণে বেঁচে যায়।

খবর পেয়ে তালা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’