• ই-পেপার

বন্যাকবলিত লোহাগাড়ায় গুরুতর অসুস্থ গর্ভবতী নারীকে উদ্ধার

পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে ফেনীর তিন নদীর পানি বৃদ্ধি, বন্যার শঙ্কা

জেলা প্রতিনিধি, ফেনী
পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে ফেনীর তিন নদীর পানি বৃদ্ধি, বন্যার শঙ্কা
ছবি: কালের কণ্ঠ

ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনীয়া নদীর পানি দ্রুত বাড়ছে। এতে পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার নদীতীরবর্তী এলাকায় বন্যার শঙ্কা দেখা দিয়েছে। বেড়িবাঁধের ঝুঁকিপূর্ণ অংশ নিয়ে উদ্বেগে রয়েছেন নদীপাড়ের লাখো মানুষ।

ফেনী জেলা আবহাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ৯টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় জেলায় ৫৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। জেলা আবহাওয়া কর্মকর্তা মুজিবুর রহমান বলেন, মৌসুমি বায়ুর প্রভাবে আগামী কয়েকদিনও বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৯টায় পরশুরাম পয়েন্টে মুহুরী নদীর পানির উচ্চতা ছিল ১০ দশমিক ৬৬ মিটার। সাত ঘণ্টা আগে, রাত ১২টায় একই স্থানে পানির উচ্চতা ছিল ১০ দশমিক ৪০ মিটার। যদিও এ পয়েন্টে বিপৎসীমা ১২ দশমিক ৫৫ মিটার, তবে পানি দ্রুত বাড়তে থাকায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে।

স্থানীয়রা জানান, প্রতি বছর পাহাড়ি ঢল ও ভারি বৃষ্টির সময় নদীর বাঁধ ক্ষতিগ্রস্ত হলে লোকালয়ে পানি ঢুকে পড়ে। এতে কৃষিজমি, আমনের বীজতলা, মাছের ঘের ও গবাদিপশুর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তাই এবারও একই ধরনের পরিস্থিতির আশঙ্কায় রয়েছেন তারা।

ফুলগাজী উপজেলার বাসিন্দা মো. মোর্শেদ বলেন, ‘সবচেয়ে ভয় লাগে গভীর রাতে। কখন বাঁধ ভেঙে ঘরে পানি ঢুকে পড়ে, সেই আতঙ্কে ঠিকমতো ঘুমাতে পারছি না।’

সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসন প্রস্তুতি শুরু করেছে। গত মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়।

ফেনীর জেলা প্রশাসক মনিরা হক বলেন, ‘ত্রিপুরায় ভারি বৃষ্টির কারণে আমাদের নদীগুলোর পানি বাড়ছে। সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবেলায় আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে। সরকারি কর্মকর্তা, মেডিকেল টিম ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। পাশাপাশি আশ্রয়কেন্দ্র পরিষ্কার এবং শুকনো খাবার মজুদের কাজ চলছে।’

ফেনী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মনিরুল ইসলাম জানান, নদীর পানির উচ্চতা ও বেড়িবাঁধের অবস্থা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রস্তুতিও রাখা হয়েছে।

প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। নদীর পানি আরো বাড়লে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় বাসিন্দাদেরও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

রায়পুরায় ডায়াগনস্টিক সেন্টার সিলগালা, মালিককে জরিমানা ও কারাদণ্ড

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
রায়পুরায় ডায়াগনস্টিক সেন্টার সিলগালা, মালিককে জরিমানা ও কারাদণ্ড
সংগৃহীত ছবি

নরসিংদীর রায়পুরায় অনুমোদন ও লাইসেন্স নবায়ন ছাড়াই পরিচালিত হওয়ায় সিরাজ খান আধুনিক ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রতিষ্ঠানটির মালিককে ৪০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) উপজেলার তুলাতুলী এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটিতে ল্যাব টেকনিশিয়ান ছাড়া পরীক্ষা-নিরীক্ষা, রিএজেন্ট সংরক্ষণে অনিয়ম এবং চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনায় ত্রুটি পাওয়া যায়। এসব অনিয়মের কারণে প্রতিষ্ঠানটি সাময়িকভাবে সিলগালা করা হয়।

ইউএনও মো. মাসুদ রানা বলেন, ‘আগামী ১৬ জুলাইয়ের মধ্যে লাইসেন্স নবায়নসহ সব অনিয়ম সংশোধনের নির্দেশ দিয়ে মালিকপক্ষের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

বুড়িচংয়ে ইউএনওর হস্তক্ষেপে রক্ষা পেল দেড়শ বছরের বটগাছ

নিজস্ব প্রতিবেদক
বুড়িচংয়ে ইউএনওর হস্তক্ষেপে রক্ষা পেল দেড়শ বছরের বটগাছ
সংগৃহীত ছবি

কুমিল্লার বুড়িচং উপজেলার ষোলনল ইউপির ঐতিহ্যবাহী ভরাসার বাজারের প্রায় দেড়শ বছরের পুরনো একটি বটগাছ কাটার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। খবর পেয়ে এ বিষয়ে পদক্ষেপ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন।

বুধবার (৮ জুলাই) বিকেলে সরেজমিনে দেখা যায়, প্রায় দেড়শ বছর আগে বটগাছকে কেন্দ্র করেই গড়ে ওঠে ভরাসার বাজার। বর্তমানে গাছটির নিচে ও আশপাশের সরকারি (খাস) ও ব্যক্তিমালিকানাধীন জায়গাজুড়ে প্রায় ৩৬০টি দোকানপাট ও হাটবাজার রয়েছে।

স্থানীয়দের মতে, এই বটগাছ শুধু বাজারের সৌন্দর্যই নয়, এলাকার ইতিহাস ও ঐতিহ্যেরও একটি গুরুত্বপূর্ণ অংশ।

তাদের অভিযোগ, বাজারের খাস জায়গা দখল করে হোটেল ও অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনা করা হচ্ছে। তাদের দাবি, ব্যক্তিস্বার্থে অনুমোদন ছাড়াই ষোলনল ইউনিয়ন বিএনপির সভাপতি সালেহ আহমেদ, সাধারণ সম্পাদক আবুল কাশেম মিয়াজী ও সিরাজুল ইসলাম খোকন নেতৃত্বে সরকারি জায়গায় থাকা শতবর্ষী বটগাছটি কাটার উদ্যোগ নেওয়া হয়। এরই প্রেক্ষিতে গাছটির কয়েকটি বড় ডালও কেটে ফেলা হয়েছে।

অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য মাহবুবুর রহমান পক্কু বলেন, ‘লোকমুখে শুনেছি, গাছটি কাটার পেছনে কিছু স্বার্থ থাকতে পারে। বাজারের সৌন্দর্যের অন্যতম প্রতীক এই বটগাছ। এটি কেটে ফেললে পরিবেশ ও জীববৈচিত্র্যের ওপর বিরূপ প্রভাব পড়বে। গাছটি রক্ষা করা আমাদের সবার দায়িত্ব।’

গাছ কাটার আগে ষোলনল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে লিখেন, ‘ভরাসার বাজারে পুরনো বটগাছটি মরণফাঁদ হয়ে দাঁড়িয়েছে। নিরাপত্তা ঝুঁকিতে ছিল ক্ষুদ্র ব্যবসায়ী ও সাধারণ মানুষ।’

তিনি আরো উল্লেখ করেন, বুড়িচং উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম টিপু বাজার পরিদর্শন করে গাছটি কাটার সিদ্ধান্ত নিয়েছন।

বাজার পরিচালনা কমিটির কমান্ডার বাহার মিয়া ও যুগ্ম সম্পাদক রতন জানান, গাছটি অনেক পুরনো। এর ছায়াতেই বাজার গড়ে উঠেছে। কারা মোটা ডালগুলো কেটেছে তা তারা জানেন না। তবে পুরো গাছ কেটে ফেললে বাজারের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে বলে জানান তারা।

এ বিষয়ে অভিযুক্ত বিএনপি ইউনিয়ন সভাপতি সালেহ আহমেদ বলেন, ‘এই বট গাছটির কারণে দোকানদাররা আতঙ্কে রয়েছেন। যেকোনো সময়ে দুর্ঘটনা ঘটতে পারে। তাই আমরা গাছটি কাটার সিদ্ধান্ত নিয়েছি এবং কয়েকটি ডাল কেটেছি।’

বাজার পরিচালনা কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, ‘বটগাছ কাটার বিষয়ে আমাকে কেউ অবগত করেনি। কী কারণে গাছ কাটার উদ্যোগ নেওয়া হয়েছে, সেটিও আমার জানা নেই।’

এ বিষয়ে বুড়িচং ভূমি অফিসের তহশিলদার মো. তারেক বিন ওয়ালী বলেন, ‘অনুমোদন ছাড়াই স্থানীয় কিছু লোক গাছটি কাটার সিদ্ধান্ত নেয় এবং কয়েকটি ডাল কেটে ফেলে। ইউএনও স্যারের নির্দেশে ঘটনাস্থলে গিয়ে গাছ কাটা বন্ধ করা হয়েছে।’

বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হোসেন বলেন, ভরাসার বাজারের বটগাছ কাটার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে প্রশাসনের লোকজন পাঠিয়ে গাছ কাটা বন্ধ করা হয়েছে। বিষয়টি তদন্ত চলমান রয়েছে।

আড়াইহাজারে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫

আড়াইহাজার প্রতিনিধি
আড়াইহাজারে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫
সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে জমিজমাসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত সিয়াম মুক্তার ভূঁইয়া (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।

বুধবার (৮ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের লস্করদী গ্রামের ছাপড়া মসজিদের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত ওই গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একই বংশের সদস্য মতিন (৫০) ও দেলোয়ার (৪৮)-এর মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। কয়েক দিন আগে বিষয়টি নিয়ে এলাকায় সালিস অনুষ্ঠিত হলেও বিরোধের নিষ্পত্তি হয়নি। এর জের ধরে বুধবার রাতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে সংঘর্ষ বেঁধে যায়। এতে সিয়াম, মতিন, দেলোয়ার, মামুনসহ অন্তত ১৫ জন আহত হন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে সিয়ামের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মতিন স্থানীয় ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। অপরপক্ষের দেলোয়ার আওয়ামী লীগ সমর্থক হিসেবে পরিচিত। তবে পুলিশ বলছে, সংঘর্ষের মূল কারণ দীর্ঘদিনের জমিজমাসংক্রান্ত বিরোধ।

আড়াইহাজার থানার ওসি (তদন্ত) রিপন কুমার বলেন, ‘জমিজমাসংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে আহত এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। নিহতের ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’