চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্ত দিয়ে ২৮ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করছে বিএসএফ। এ অবস্থায় সতর্ক অবস্থান নিয়েছে বিজিবি।
বিজিবি জানায়, বৃহস্পতিবার (৪ জুন) রাত ৩টার দিকে বাঙ্গাবাড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত দিয়ে ১২ বিএসএফ ব্যাটালিয়নের আশরাফপুর ক্যাম্পের সদস্যরা ১২ জন পুরুষ, ১০ জন নারী এবং ৬ জন শিশুকে বাংলাদেশের অভ্যন্তরে পুশইনের চেষ্টা করেন। খবর পেয়ে দায়িত্বশীল নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) বাঙ্গাবাড়ি বিওপির টহরদল ঘটনাস্থলে পৌঁছে তাদের ভারতীয় সীমান্তের শূন্য লাইনের অভ্যন্তরে অবস্থানরত অবস্থায় শনাক্ত করে।
বিজিবি আরো জানায়, বিএসএফ জনবল বৃদ্ধি করেছে এবং বিভিন্ন পোস্টে অবস্থান করছে। ওই ২৮ জনকে পুশব্যাক করার চেষ্টা করা হবে। বিজিবি সীমান্তে টহল ও নজরদারি বৃদ্ধি করেছে।
১৬ বিজিবি অধিনায়ক লে. কর্নেল আরিফুল ইসলাম মাসুম বলেন, ‘এ ব্যাপারে সংশ্লিষ্ট বিএসএফ ব্যাটালিয়ন কমান্ড্যান্টের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।’
ইউপি সদস্য নাসিরুল ইসলাম বলেন, ‘ওই ব্যক্তিদের সম্পর্কে কোনো সিদ্ধান্ত জানা যায়নি। ফলে সম্পূর্ণ মানবিক কারণে তাদের খাবার দেওয়া সম্ভব হয়নি। এখন তারা শূন্য রেখার ভারতীয় অংশেই রয়েছেন।’
সংশ্লিষ্ট বাঙ্গাবাড়ি ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান শারিকুল ইসলাম বলেন, ‘৬ নম্বর ওয়ার্ডের আনারপুরের গুঘিয়া এলাকার সীমান্তে ওই ২৮ জন অবস্থান করছেন। ওই সীমান্তে কাঁটাতারের বেড়া রয়েছে এবং বেড়ার গেট খুলে তাদের ঠেলে দেয় বিএসএফ। তাদের মধ্যে সাতক্ষীরা, খুলনা, নরসিংদী, জামালপুরের বাসিন্দা আছেন।’
গোমস্তাপুর থানার ওসি নূরে আলম বলেন, ‘পুলিশ ঘটনা সম্পর্কে অবগত। এ ব্যাপারে নজর রাখা হচ্ছে। এখনো পুশইন ঘটেনি। ফলে বিজিবি তাদের পুলিশে দেয়নি।’
গোমস্তাপুরের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকির মুন্সী জানান, ঘটনাটি তিনি জানতে পেরেছেন। এ ব্যাপারে সীমান্তে দুই বাহিনী কাজ করছে।





