দেশের সব সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি ভিত্তিতে আইপিভিত্তিক সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং সেন্ট্রাল অনলাইন মনিটরিং সিস্টেম চালু করতে যাচ্ছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
শিক্ষার গুণগত মান উন্নয়ন, সুষ্ঠুভাবে ক্লাস পরিচালনা, উপস্থিতি নিশ্চিতকরণ এবং সার্বিক নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (কলেজ ও প্রশাসন) প্রফেসর মো. নাজমুল হক স্বাক্ষরিত এক আদেশে এ কথা জানানো হয়।
আদেশে বলা হয়েছে, এই নতুন সেন্ট্রাল অনলাইন মনিটরিং সিস্টেম চালুর সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে অধিদপ্তরের আওতাধীন দেশের সব সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের আগামী ১৩ জুলাই সোমবার, বিকেল ৪টার মধ্যে নির্ধারিত গুগল ফর্মে প্রতিষ্ঠানের প্রয়োজনীয় তথ্য পাঠাতে বলা হয়েছে।
মাউশি জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে কাঙ্ক্ষিত তথ্য প্রদান করতে ব্যর্থ প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
দেশের সব জেলার জেলা শিক্ষা অফিসার (ডিইও) এবং সব উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা অফিসারদের এ নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে।






